বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ১৩ বছরের রাজিয়া
১৬ মার্চ, দুুপুর দেড়টা। মিরসরাইয়ের বারইয়ারহাটের দক্ষিণ মেহেদীনগর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের মেয়ের বিয়ের সব আয়োজন শেষ। বাড়িতে উৎসবমুখর পরিবেশ, বিয়ের আনন্দ-আয়োজনে ব্যস্ত সবাই। পাশের করেরহাট ইউনিয়ন থেকে বরযাত্রীরা বিয়েবাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছিল তখন। কিন্তু বিধিবাম! থানা থেকে পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করার অনুরোধ জানান কনের বাবাকে। কারণ, কনের এখনো বিয়ের বয়স হয়নি। মুহূর্তে বিয়েবাড়ির সব আনন্দ-উল্লাস থেমে যায়। বিয়েবাড়িতে নেমে আসে নীরবতা। বারইয়ারহাট পৌর মেয়র মো. আবু তাহের ও মিরসরাই থানা পুলিশের অনুরোধে এ বিয়ে বন্ধ হয়ে যায়। বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পায় ১৩ বছর বয়সী রাজিয়া সুলতানা। মেহেদীনগর এরশাদ উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম জানান, ‘রাজিয়া সুলতানা ওই বিদ্যালয় থেকে গত বছর (২০১০ সালে) পঞ্চম শ্রেণী পাস করে। প্রাথমিক বিদ্যালয়ের রেজিস্টারে রাজিয়ার জন্ম তারিখ লেখা আছে ১ জানুয়ারি ১৯৯৮। সে হিসাবে তার বর্তমান বয়স ১৩ বছর দুই মাস ১৬ দিন।’ রাজিয়ার দাদা (পিতামহ) মুন্সি মিয়া (৬৫) জানান, উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের ফয়েজ আহম্মদের ছেলে শাহাদাত হোসেনের সঙ্গে রাজিয়া সুলতানার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বাল্যবিবাহ আইন সম্পর্কে তাঁদের জানা ছিল না। বাল্যবিবাহের কুফল সম্পর্কেও তাঁরা জানতেন না। এসব সম্পর্কে জানার পর প্রশাসনের অনুরোধে, তাঁরা বিয়ের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। উল্লেখ্য, বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ কুতুব, উপজেলা ভাইস-চেয়ারম্যান রেহানা আকতার, বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. আবু তাহের ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) মো. হুমায়ূন কবিরের নির্দেশে বুধবার দুপুরে মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মুসা বিয়েবাড়িতে গিয়ে বিয়েটি বন্ধ করে দেন।