
২০১৪ সালের জুন মাস। নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ফরিদুল ইসলামের (১৭) বিয়ে ঠিক হয় খগা খড়িবাড়ি ইউনিয়নের শেফালীর (১৫) সঙ্গে। পল্লি সমাজের সদস্যদের মাধ্যমে এই বিয়ের কথা কানে যায় মিনারা বেগমের। মিনারা বেগম ছুটে যান। গিয়ে দেখেন যৌতুক নিয়ে মেয়েপক্ষ ছেলের বাড়িতে। একে তো বাল্যবিবাহ তার ওপর যৌতুকের লেনদেন—এটা অন্যায় বলেন মিনারা। এতে ছেলের বাবা খেপে যান। একপর্যায়ে বলেন, ‘আমার ছেলের বিয়ে আমি দিব, তোমরা পারলে ঠেকাও।’ সেখানেই হুমকি দেওয়া শুরু হলো।
তখন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে মুঠোফোনে বিস্তারিত জানান মিনারা। তিনি দুজন ইউপি সদস্যকে পাঠান। সবাই মিলে তাঁদের আবারও বোঝানোর চেষ্টা করলেন। কিছু সময় পর ছেলে এসে বলে, ‘আমি বিয়ে করব না। আমার বাবা তাঁর ঋণ পরিশোধের জন্য এক লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে ঠিক করেছেন।’ বিয়েটি বন্ধ হয়ে যায়।
শুধু এই বাল্যবিবাহ নয়, ১৭টি বাল্যবিবাহ প্রতিরোধ করেছেন মিনারা বেগম। এই মেয়েদের মধ্যে আটজন এখন লেখাপড়া করছেন এবং বয়স হওয়ার পর বিয়ে করেছেন নয়জন। গ্রামের মানুষের মধ্যে বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করে তুলতে কাজ করে যাচ্ছেন।
মিনারা বেগম ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ডিমলা উপজেলার একজন মাঠকর্মী। ২০১২ সাল থেকে তিনি এ কাজের সঙ্গে যুক্ত আছেন।
৭ নভেম্বর ডিমলা উপজেলা সদরে গিয়ে মিনারা বেগমের সঙ্গে আলাপচারিতায় এসব তথ্য জানা যায়। মিনারা বেগমের বাড়ি গাইবান্ধা জেলা সদরের মালিবাড়ি ইউনিয়নের গোডাউন বাজার এলাকায়। স্বামী কোরবান আলী আকন্দ ও সাত বছর বয়সের ছেলে মিসতাহুর ইসলামকে নিয়ে তাঁর সংসার। মিনারার স্বামী ব্র্যাকের একটি প্রকল্পে চাকরি করেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়। মিনারা বেগম বিয়ের পর গাইবান্ধার সাদুল্লাহপুর ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করেন। এ বছর রংপুর কারমাইকেল কলেজ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন।
মিনারা বেগম বলেন, ‘দেশের উন্নয়ন আমরা সবাই চাই। সে কারণে চাকরির বাইরেও আমাদের প্রত্যেকের এই সামাজিক দায়িত্ব পালন করা উচিত। ডিমলা উপজেলায় পল্লি সমাজ নামে আমাদের ৩৩টি সংগঠন আছে। প্রতিটি সংগঠনে ৭০ থেকে ৮০ জন দরিদ্র নারী সদস্য রয়েছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁদের সহযোগিতা করেন। কোনো এলাকায় বাল্যবিবাহের আয়োজন হলে পল্লি সমাজের সদস্যরা বিয়ে বন্ধে চেষ্টা করেন। না পারলে আমাকে খবর দেন। আমি প্রথমে দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করি, বিফল হলে স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী ও প্রশাসনের সহযোগিতা নেই। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়।’
নাউতরা ইউপির চেয়ারম্যান মোশাররফ হোসেন বললেন, মিনারা বেগম এলাকায় মিনারা আপা নামে পরিচিত। এলাকায় বাল্যবিবাহের খবর পেলে ছুটে আসেন সহযোগিতা করতে। সব সময় সব বিয়ে ঠেকানো সম্ভব হয় না। অভিভাবকেরা অন্যত্র নিয়ে ছেলেমেয়ের বিয়ে দেন। তাঁদের চেষ্টায় আমার ইউনিয়নের বাল্যবিবাহপ্রবণ তিন নম্বর ওয়ার্ডটি বাল্যবিবাহ মুক্ত হয়েছে। শিগগির এ ঘোষণা দেওয়া হবে।
ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির জেলা শাখার ব্যবস্থাপক ইলিয়াস সরকার বলেন, পল্লি সমাজের উদ্যোগে, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতায় মিনারা বেগম বাল্যবিবাহ প্রতিরোধে ও সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন। গ্রামে বিভিন্ন ধরনের নাটক, অনুষ্ঠানের মাধ্যমেও মিনারা বেগম ও তাঁর দল এ কাজ করে।