বাল্যবিবাহ রেজিস্ট্রি করবেন না ফেনীর কাজিরা
আর বাল্যবিবাহ রেজিস্ট্রি করবেন না ফেনীর কাজিরা (নিকাহ রেজিস্ট্রার)। ৮ জুন জেলা রেজিস্ট্রি কার্যালয়ে এ মর্মে শপথবাক্য পাঠ করেন তাঁরা। ফেনী জেলা রেজিস্ট্রি কার্যালয় আয়োজিত নিকাহ রেজিস্ট্রারদের দিনব্যাপী কর্মশালা শেষে এ শপথবাক্য পাঠ করানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিবন্ধন পরিদপ্তর চট্টগ্রাম বিভাগের আইআরও এস এম আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর সাব–রেজিস্ট্রার আবদুল বাসেত তালুকদার, লেমুয়া কার্যালয়ের সাব–রেজিস্ট্রার মীর হাসান, দাগনভূঞার সাব–রেজিস্ট্রার পারভিন আক্তার, পরশুরামের সাব–রেজিস্ট্রার আনসার আহম্মদ ও ফুলগাজীর সাব–রেজিস্ট্রার আহম্মদ রকিবুল মান্নান।
জেলা রেজিস্ট্রার মণীন্দ্র নাথ বর্মণের সভাপতিত্বে মুহম্মদ হোসাইন ও মো. শাহজাহান ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী জয়নাল আবদীন। শুভেচ্ছা বক্তব্য দেন শিহাব উদ্দিন, আবদুল কাদের ও এয়াকুব ফারুকী।
প্রধান অতিথির বক্তব্যে আইআরও এস এম আবু তালেব বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা। বিভিন্ন ধরনের আইন করেও বাল্যবিাহ বন্ধ করা যায়নি। এ ক্ষেত্রে নিকাহ রেজিস্ট্রাররা ভূমিকা পালন করতে পারেন।