বাল্যবিবাহ রোধের শপথ নিলেন তাঁরা
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে বাল্যবিবাহ রোধে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা ও ওয়ার্ড উন্নয়ন কমিটির ৯৯ জন সদস্য শপথ নিয়েছেন। ১৬ ফেব্রুয়ারি উজানটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জের ‘জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরণগত পরিবর্তন’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালায় এ শপথ নেন তাঁরা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান। তিনি তাঁদের শপথ বাক্য পাঠ করান।
উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের কর্মসূচি কর্মকর্তা আসমা খাতুন এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তদারক কর্মকর্তা আহাদ আলী ও প্রশিক্ষণ কর্মকর্তা জালাল উদ্দিন। বক্তব্য দেন উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এহেছানুল হক, আছিয়া বেগম প্রমুখ।
স্বাগত বক্তব্যে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি) পেকুয়া উপজেলা ব্যবস্থাপক সীরাজুম মুনীর বলেন, ‘বাল্যবিবাহ, শিশু শ্রম ও শিশু শাস্তি রোধ করতে প্রতিটি ওয়ার্ডে ১১ জনের একটি ওয়ার্ড উন্নয়ন কমিটি রয়েছে। তাঁরা সামাজিক রীতি ও আচরণগত পরিবর্তনের এই তিনটি ক্ষতিকর দিক প্রতিরোধের চেষ্টা করছেন।’