বাল্যবিবাহ শিশুশ্রম ও শিশু শাস্তি রোধে শপথ
‘নিজ নিজ অবস্থানে আমরা সতর্ক থাকব, সচেতন হব। আর বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু শাস্তি হবে না, হতে দেব না।’ কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ‘জনসম্পৃক্ততায় সামাজিক আচরণগত পরিবর্তন’ প্রকল্পের কর্মশালায় নয়টি ওয়ার্ডের প্রতিনিধিরা এ শপথ নেন। ১৫ ডিসেম্বর সকালে বারবাকিয়া জেলি কমিউনিটি সেন্টারে ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এইচ এম বদিউল আলম। প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান। স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের কমিউনিকেশন ফর ডেভলপমেন্ট (সিফরডি) প্রকল্পের পেকুয়া উপজেলা ব্যবস্থাপক মুহাম্মদ সিরাজুম মুনীর। কর্মশালায় বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু শাস্তির ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রেনিং অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন চিকিৎসক বেলাল উদ্দিন, শিক্ষক জয়নাল আবেদীন ও জনপ্রতিনিধি নাসিমা আকতার।