বাল্যবিবাহ হতে দেখলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার চোখের সামনে যদি কোনো বাল্যবিবাহের ঘটনা ঘটে কিংবা বাল্যবিবাহের কথাবার্তা হতে দেখেন তাহলে আপনার কী কিছু করণীয় আছে? এর উত্তর হচ্ছে, হ্যাঁ আছে। বাল্যবিবাহ হতে দেখলে আইন আপনাকে এ বিয়ে বন্ধে এবং দায়ীদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিতে পারেন তা নিয়ে আইনি পরামর্শ থাকল

বাল্যবিবাহ কোনটি
১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে বিয়ের পাত্র বা পাত্রী যেকোনো একজন শিশু বা নাবালক হলে তাকে বাল্যবিবাহ বলা হবে। এই আইন অনুযায়ী বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ। নাবালক বলতে পুরুষ হলে ২১ বছরের নিচে এবং মহিলা হলে ১৮ বছরের নিচে—এমন যেকোনো ব্যক্তিকে বোঝাবে।

শাস্তি:
বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী
* ২১ বছর বয়সের অধিক কোনো ছেলে বা বর এবং ১৮ বছরের কম কোনো মেয়ে বা কনের সঙ্গে বিয়ের চুক্তি সম্পাদন হলে প্রাপ্তবয়স্ক ছেলে বা বরের এক মাস বিনাশ্রম কারাদণ্ড বা এক হাজার টাকা জরিমানা বা উভয় প্রকারের সাজা হতে পারে।
* অথবা ১৮ বছরের অধিক কোনো মেয়ে বা কনে এবং ২১ বছর বয়সের কম কোনো ছেলে বা বরের সঙ্গে বিয়ে সম্পাদন হলে প্রাপ্তবয়স্ক মেয়ে বা কনের এক মাস বিনাশ্রম কারাদণ্ড বা এক হাজার টাকা জরিমানা বা উভয় প্রকারের সাজা হতে পারে।
* যদি কোনো ব্যক্তি নাবালকের বিয়ে সম্পাদন, পরিচালনা বা নির্দেশ দেন, তাহলে সে ব্যক্তির এক মাস বিনাশ্রম কারাদণ্ড বা এক হাজার টাকা জরিমানা বা উভয় প্রকারের সাজা হতে পারে।
* যেসব পিতা-মাতা ও অভিভাবক নাবালকের বিয়ে দেবেন, তাঁদের এক মাস বিনাশ্রম কারাদণ্ড বা এক হাজার টাকা জরিমানা বা উভয় প্রকারের সাজা হতে পারে।

কী করণীয়
কোনো বাল্যবিবাহ হচ্ছে বা হতে যাচ্ছে দেখলে নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা মিউনিসিপ্যাল করপোরেশনে গিয়ে জানাতে হবে। বিষয়টি লিখিত বা মৌখিক জানাতে পারেন। তবে লিখিত জানানোই ভালো। প্রয়োজনে কিছু তথ্য সংগ্রহ করে দিতে পারেন। যেমন বর-কনের নাম-ঠিকানা যদি সম্ভব হয়, বিয়েটি কোন বাড়িতে হচ্ছে এবং কাদের মধ্যে হচ্ছে, অভিভাবকদের নাম-ঠিকানা প্রভৃতি। যদি পূর্ণাঙ্গ তথ্য না দেওয়া যায় তাহলে বিয়েটি কোন স্থানে সম্পন্ন হচ্ছে তা সুনির্দিষ্ট থাকতে হবে।
আর যদি বিয়ে না হয়ে বিয়ে সম্পন্ন হওয়ার কথা পাকাপাকি হয় তাহলে কিংবা জোর-জবরদস্তি করে কাউকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তাহলেও অভিযোগ জানানো যাবে আইন অনুযায়ী। তবে প্রাথমিক অভিযোগ জানার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা মিউনিসিপ্যাল করপোরেশন কিংবা অন্য কোনো কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অপরাধ আমলে নেবেন এবং বিচার করবেন। যে স্থানে বিয়েটি সম্পন্ন হয়েছে, সেই স্থানের ম্যাজিস্ট্রেট আদালতই বিচার সম্পন্ন করবেন। আদালত প্রয়োজনে বিয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও দিতে পারেন। তবে অভিযোগ অবশ্যই অপরাধটি সংঘটিত হওয়ার এক বছরের মধ্যে দায়ের করতে হবে।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট