বাল্যবিবাহের বাধা পেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণীতে ওঠার পর শামীমার জীবনে বড় ধরনের একটা আঘাত আসে। টাকা-পয়সার টানাটানি, অভাব-অনটন—এই সবকিছুর সঙ্গে শামীমার পরিচয় হয়েছিল সেই ছোটবেলায়। কিন্তু সব বিপত্তি পেছনে ঠেলে শামীমা এগিয়ে যেতে চেয়েছিল। অষ্টম শ্রেণীতে বৃত্তিও পায় শামীমা। নবম শ্রেণীতে ওঠার পর লেখাপড়া শিখে বড় হওয়ার স্বপ্নটা মোটামুটি ডানা মেলতে শুরু করে তার। কিন্তু ঠিক সেই বছরই বিয়ে ঠিক হয়ে যায় শামীমার। এমন বয়সে মেয়ের বিয়ে দিতে নেই। আর মেয়েটার ‘মাথা ভালো’। কিন্তু সেসব কে বোঝাবে শামীমার দরিদ্র মা-বাবাকে। তাই তাঁরা মেয়ের স্বপ্ন জলে ভাসিয়ে বিয়ের আয়োজনে ব্যস্ত হন। একা শামীমার সাধ্য কী বাবা-মায়ের কথার অবাধ্য হয়? শামীমার সৌভাগ্যই বলতে হবে, তাঁর পাশে এসে দাঁড়ান টেকেরহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা। সঙ্গে যোগ দেন শুভাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শামীমা দেখতে পায় আশার আলো। বই-পুস্তক ও পড়ালেখার খরচ জুগিয়েছেন স্বজন, শিক্ষক-শিক্ষিকারা। পরীক্ষার ঠিক চার মাস আগে আবারও বিপদ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শামীমা। ঠিকমতো চিকিৎসা ও ওষুধপথ্য জোগাড় করাও সম্ভব হয় না অভাবী পিতা-মাতার পক্ষে। কিন্তু শামীমা দাঁতে দাঁত চেপে সহ্য করেছিল সব, চালিয়ে গিয়েছিল তার সংগ্রাম। সেই সুকঠিন সংগ্রামের ফল বেরোয় এবারের এসএসসির ফল ঘোষণার দিন। মাদারীপুরের খোয়াজপুর-টেকেরহাট উচ্চবিদ্যালয়ে বাণিজ্য বিভাগ থেকে একমাত্র জিপিএ-৫ পাওয়া ছাত্রীটির নাম শামীমা আক্তার। বাবা হাবিবুর রহমান খান দিনমজুর। মা বিউটি বেগম গৃহিণী। দুই বোন ও দুই ভাইয়ের মধ্যে শামীমা দ্বিতীয়। শামীমার স্বপ্ন এখন শুধু একটাই—লেখাপড়াটা ঠিকমতো শেষ করা। এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নেই তার।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব পাল জানান, ‘এত প্রতিকূল অবস্থা থেকে শামীমার আগ্রহেই ভালো ফল করা সম্ভব হয়েছে। ওর বাবা-মা বিয়ে ঠিক করলে শামীমাই আমাদের জানায় তার এই সমস্যার কথা। আমরা বাধা দিয়ে এই বাল্যবিবাহ প্রতিরোধ করি।’