বাল্যশিক্ষায় ফাঁকি বুড়ো বয়সের ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ বয়সে নিয়মিত সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর অভ্যাস বেশি বয়সে মানসিক সক্ষমতায় সহায়ক। প্রতীকী ছবি: শাটারস্টক
তরুণ বয়সে নিয়মিত সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর অভ্যাস বেশি বয়সে মানসিক সক্ষমতায় সহায়ক। প্রতীকী ছবি: শাটারস্টক

সময়মতো ঘুমাও, সময়মতো পড়তে বসো—শৈশবে এ কথা শুনে শুনেই আমরা বড় হয়েছি। কিন্তু শৈশবের এই উপদেশ না মানলে যে বুড়ো বয়সে তার মাসুল গুনতে হবে কে তা জানত! তরুণ বয়সে কম ঘুমালে বা অনেক বেশি ঘুমালে কিংবা পাঠাভ্যাসে ফাঁকি দিলে বুড়ো বয়সে মানসিক সক্ষমতা হারাতে হতে পারে। স্প্যানিশ বিজ্ঞানীরা সাম্প্রতিক এক গবেষণায় এমনটাই দাবি করেছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ বিষয়ে জানিয়েছে।

স্পেনের ভ্যালেন্সিয়ায় কার্ডিনাল হেরেরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এ গবেষণা চালিয়েছেন। ৬৫ বছরের বেশি বয়সে মানসিক সক্ষমতার সঙ্গে কম বয়সের জীবনযাপনের সম্পর্ক খোঁজা হয়েছে এ গবেষণায়। ২৪৫ জন স্বেচ্ছাসেবকের কম বয়সের ঘুম এবং পড়ার অভ্যাসের বিস্তারিত তথ্য-উপাত্ত পর্যালোচনা করেছেন ভ্যালেন্সিয়ার এই গবেষকেরা। এতে তাঁরা দেখেছেন, ঘুম ও পড়ার অভ্যাসে তারতম্যের কারণে বেশি বয়সে মানসিক সক্ষমতা হারানোর ঝুঁকি অনেক বেশি।

তরুণ বয়সে নিয়মিত পড়ার অভ্যাস বেশি বয়সে মানসিক সক্ষমতায় সহায়ক। প্রতীকী ছবি: অ্যালামি
তরুণ বয়সে নিয়মিত পড়ার অভ্যাস বেশি বয়সে মানসিক সক্ষমতায় সহায়ক। প্রতীকী ছবি: অ্যালামি

গবেষণা প্রতিবেদনটি রিভিস্তা দে ইনভেস্তিগাসিয়ন ক্লিনিসিয়া সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, যেসব প্রবীণ কম বয়সে নিয়মিত আট ঘণ্টার বেশি কিংবা ছয় ঘণ্টার চেয়ে কম ঘুমিয়েছেন, তাঁদের মানসিক জরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়মিত সাত থেকে আট ঘণ্টা ঘুমানো ব্যক্তিদের তুলনায় প্রায় ২ দশমিক ৬ গুণ বেশি।

একই কথা প্রযোজ্য পড়ার মতো মানসিকভাবে সক্রিয় থাকার কর্মকাণ্ডের বিষয়েও। যে প্রবীণদের কম বয়সে নিয়মিত পড়ার অভ্যাস ছিল না, তাঁদের মানসিক জরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৩ দশমিক ৭ গুণ। কিন্তু যাঁরা নিয়মিত পড়ার অভ্যাসে ছিলেন, তাঁদের ক্ষেত্রে এ ঝুঁকি বাকিদের তুলনায় ২ দশমিক ৫ গুণ।

গবেষণায় অংশগ্রহণকারী ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের ১২ শতাংশই কোনো না কোনোভাবে মানসিক জরায় ভুগছেন বা বিশ্লেষণী চিন্তার ক্ষমতা হারিয়েছেন বলে দেখতে পেয়েছেন গবেষকেরা। এ গবেষণার ফলাফলের সঙ্গে বিশ্বজুড়ে বার্ধক্যজনিত মানসিক জরার তুলনা করেছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন বিশ্বজুড়ে প্রায় ৩৫৬ লাখ মানুষ প্রবীণ বয়সে মানসিক কর্মক্ষমতা হারান। ওয়ার্ল্ড আলঝাইমার রিপোর্টের গবেষণা মতে, ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ১০ কোটিতে পৌঁছে যাবে।