বাশার আসাদের ১০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতি সমপ্রতি ক্ষমতা গ্রহণের ১০ বছর পূর্তি হলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর দীর্ঘদেহী, অনভিজ্ঞ-দর্শন এই তরুণ যখন ক্ষমতা নেন, তখন এক দশক পরও তাঁকে মসনদে দেখা যাবে, এমন সম্ভাবনার পক্ষে বাজি ধরার লোকের সংখ্যা ছিল খুবই কম।বাবার পর দেশের হাল ধরার কথা ছিল বাশার আল আসাদের বড় ভাই বাসিলের। তাঁকে সেভাবেই গড়ে তোলা হচ্ছিল। কিন্তু ১৯৯৪ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান বাসিল। পরিকল্পনা বদলাতে বাধ্য হন হাফিজ আল আসাদ।বাসিলের মৃত্যুর সময় বিলেতে চোখের ডাক্তারি পড়ছিলেন বাশার। ভাইয়ের আকস্মিক মৃত্যুর পর বাবার ডাকে তড়িঘড়ি করে দেশে ফিরতে হয়েছিল তাঁকে। এর কয়েক বছর পর চলে গেলেন হাফিজ আল আসাদ। স্বাভাবিকভাবেই দ্বিতীয় ছেলে বাশারই একমাত্র পছন্দ। মাত্র ৩৪ বছর বয়সে দায়িত্ব নিতে হলো বাশার আল আসাদকে। এ জন্য দেশের সংবিধান সংশোধন পর্যন্ত করতে হয়েছিল।তখন অনেকেই ভাবতে পারেননি, সিরিয়ার মতো দেশে এত দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন অনভিজ্ঞ বাশার। কিন্তু তাঁদের ধারণা মিথ্যা প্রমাণ করে এখনো বেশ ভালোভাবেই দেশ পরিচালনার নিয়ন্ত্রণ তাঁর হাতে। বরং আগের যেকোনো সময়ের চেয়ে এখন তাঁর ক্ষমতার ভিত অনেক বেশি মজবুত। এই মুহূর্তে বাশার আল আসাদের শাসনের প্রতি দৃশ্যমান কোনো হুমকি নেই।প্রেসিডেন্ট বাশার আল আসাদের শুরু আর বর্তমানের মধ্যে অনেক পার্থক্য লক্ষ করেছেন বিশ্লেষকেরা। সিরিয়ায় নতুন যুগের সূচনা হওয়ার জোরালো ইঙ্গিত ছিল প্রেসিডেন্ট বাশারের অভিষেক ভাষণে। নতুন নেতা আভাস দিয়েছিলেন, সামনে আসবে অনেক সংস্কার।বাশারের বক্তব্যে উত্সাহিত হয়েছিলেন ভিন্নমতাবলম্বী ও উদারপন্থীরা। রাজধানী দামেস্ক ও অন্যত্র উন্মুক্ত মতপ্রকাশ এবং সমালোচনার জন্য এক হন সমমনারা। সৃষ্টি হয় এক অভূতপূর্ব পরিবেশের, যা পরিচিত হয়ে ওঠে ‘দামেস্কের বসন্ত’ হিসেবে। কিন্তু রাষ্ট্রীয় এই সহিষ্ণুতার স্থায়িত্ব ছিল মাত্র কয়েক মাস। এর পরই ভিন্নমতের ফোরামগুলো বন্ধ করে দেওয়া শুরু হয়। শুরু হলো ধরপাকড় আর জেলে পোরা। ভিন্নমতাবলম্বীদের কারও কারও কারাদণ্ড হয়েছিল পাঁচ বছর পর্যন্ত।শাসনের শুরুর দিকে তাই এমনই মনে হয়েছিল যে প্রাণবন্ত তরুণ বাশার কার্যত সাবেকি মাথাদের হাতের পুতুলে পরিণত হবেন। হাফিজ আল আসাদের দীর্ঘ ৩০ বছরের শাসনামলে তাঁর অনুগত বলিষ্ঠ সমর্থক ছিলেন তাঁরা।কিন্তু ধীরে ধীরে সেই পুরোনো ‘মুরব্বি’দের দূরে সরিয়ে দিতে শুরু করেন বাশার। তাঁদের জায়গায় নিজের লোকদের বসাতে আরম্ভ করেন তিনি। ছোট ভাই মাহিরকে দিলেন গুরুত্বপূর্ণ একটি পদ।হাফিজ আল আসাদের শাসনামলের অন্যতম বড় হুমকি ছিল কট্টরপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ। বাথ পার্টির শাসনব্যবস্থার বিরুদ্ধে গোঁড়া সুন্নিরা ওই আন্দোলন গড়ে তোলেন। আশির দশকের শুরুর দিকে কঠোর হাতে তা দমন করা হয়। কিন্তু কট্টরদের আন্দোলন একেবারে থামিয়ে দেওয়া সম্ভব হয়নি। মাঝেমধ্যেই কিছু ঘটনা ঘটাত ব্রাদারহুড। বাশার আল আসাদ ওই আন্দোলন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। কিন্তু তার পরও সুন্নি বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর অভিযোগ, ইরাকে আন্তর্জাতিক জোট বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য সুন্নি বিদ্রোহীদের সীমান্ত অতিক্রম করার সুযোগ করে দিচ্ছে সিরিয়া।২০০৫ সাল থেকে দলের অন্তর্কোন্দল ও আবদ আল হালিমের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জোরালো বিরোধিতা সত্ত্বেও সিরিয়ায় কার্যকর কোনো বিরোধী জোট গড়ে উঠতে ব্যর্থ হয়। একসময় এই আবদ আল হালিম ছিলেন হাফিজ আল আসাদের ডান হাত। তাঁর আমলে ভাইস-প্রেসিডেন্টও মনোনীত হয়েছিলেন তিনি।২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক অভিযানের পর থেকে এ রকম একটি ধারণা জন্ম নেয় যে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসছে। ওই সময় এমনো মনে হতে থাকে, শাসক পরিবর্তনের লক্ষ্যবস্তুর তালিকায় ইরাকের পরই রয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরেক অপছন্দ সিরিয়ার নাম।ওই সময়টায় প্রচণ্ড চাপের মধ্যে ছিল সিরিয়া। লেবাননেও খুব ভালোভাবেই ওই চাপ অনুভূত হয়। সিরিয়া ১৯৭৬ সালে লেবাননে সেনা পাঠানোর পর থেকে দেশটির ওপর তার ভালো রকম প্রভাব ছিল। কিন্তু দ্বিতীয় ইরাক যুদ্ধের পর থেকে এই প্রভাবে ভাটা পড়তে শুরু করে।২০০৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে লেবানন থেকে সিরীয় সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়। এই প্রস্তাবের পাঁচ মাস পর লেবাননের প্রভাবশালী প্রধানমন্ত্রী রফিক আল হারিরি এক গাড়িবোমা হামলায় নিহত হন। তাঁকে সিরীয় সেনা প্রত্যাহার প্রস্তাবের অন্যতম প্রণেতা বলে মনে করা হয়। হারিরির হত্যাকাণ্ডের জন্য সিরিয়াকে দায়ী করা হয়ে থাকে। কিন্তু দেশটি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। লেবানন ও্ত আন্তর্জাতিক মহলের প্রচণ্ড চাপের মুখে শেষ পর্যন্ত সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় সিরিয়া।২০০৫ সালের শেষ দিকে জাতিসংঘভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অন্তর্বর্তী প্রতিবেদনে হারিরি হত্যার জন্য সিরিয়ার দিকেই অঙ্গুলিনির্দেশ করা হলে আবার চাপে পড়ে দামেস্ক।তবে সেই থেকে চাপ ধীর ধীরে অনেকটাই কমে এসেছে বাশার আল আসাদের সিরিয়ার ওপর। যুক্তরাষ্ট্র এখন যেহেতু মুখ বাঁচিয়ে ইরাক থেকে বেরিয়ে আসার জন্য ব্যাকুল, সেখানে একই অঞ্চলে সব অর্থে ব্যয়বহুল আরও একটি অভিযান চালানোর আগ্রহ তার আসলে নেই বললেই চলে। মার্কিন দখলদারিত্বে ইরাকের বর্তমান চরম বিশৃঙ্খল অবস্থা ভবিষ্যতে সিরিয়ায় এ ধরনের কোনো অভিযানকে নিরুত্সাহিত করতে যথেষ্ট। বিশেষ করে, যেখানে দেশটিতে গ্রহণযোগ্য কোনো বিরোধী দল নেই। এতে জঙ্গি সুন্নিদের প্রাধান্য বিস্তারের সম্ভাবনা থেকেই যায়, যা আর যা-ই হোক, যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূল নয়। মোটের ওপর কূটনৈতিকভাবে ভালো সাফল্য দেখিয়েছেন বাশার। ইরানের সঙ্গে সিরিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপনে সক্ষম হয়েছেন। হিজবুল্লাহর মতো আঞ্চলিক মিত্রদের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে পেরেছেন তিনি। শুধু তা-ই নয়, ওয়াশিংটন, প্যারিসসহ অন্য পশ্চিমা রাজধানীগুলোর সঙ্গেও সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হচ্ছে সিরিয়ার। এলাকার প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক ভালো হচ্ছে। সম্পর্ক বিকশিত হচ্ছে উত্তরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী তুরস্কের সঙ্গেও।এত কিছু সত্ত্বেও নিঃসন্দেহে সিরিয়ার সামনে অনেক বিশাল চ্যালেঞ্জ রয়ে গেছে। ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে এবং সিরিয়া লেবাননের হিজবুল্লাহকে স্কাড ক্ষেপণাস্ত্রে সজ্জিত করার চেষ্টা করছে—এ ধরনের অভিযোগের মধ্যে আরও একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার কথা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তবে উভয় দেশই তাদের বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করে আসছে।তা ছাড়া সামাজিক ও অর্থনৈতিক কারণেও সিরিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। ২০০৫ সালে সিরিয়া অর্থনৈতিক সংস্কারের পদক্ষেপ নেয়। রাষ্ট্রীয় ভর্তুকি তুলে দেওয়া ও ব্যবসায়িক পরিবেশের উদারীকরণের পদক্ষেপ সত্ত্বেও বেকারত্ব ও দারিদ্র্য সুস্পষ্টভাবে বেড়েছে। এ ছাড়া দেশটি ব্যাপক মাত্রায় দুর্নীতিগ্রস্ত বলেও ধারণা করা হয়।সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার সংগঠনগুলো। প্রেসিডেন্ট বাশারের ক্ষমতা গ্রহণের ১০ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ‘এ ওয়েস্টেড ডিকেড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।ওই প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার নিরাপত্তা সংস্থাগুলো পুরোপুরি দায়মুক্তি নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই লোকজনকে আটক ও নির্যাতন করছে। প্রতিবেদনে আরও বলা হয়, দেশটিতে সেন্সরশিপ সাধারণ ঘটনা। ফেসবুক, ইউটিউব, ব্লগ—কোনোকিছুই এ সেন্সরশিপের আওতার বাইরে নয়।