বাস কম, ভাড়াও বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের সংখ্যা কম, বিভিন্ন রুটে ভাড়াও বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। গণপরিবহনে কাউন্টার সার্ভিসব্যবস্থা চালু হওয়ার পর সুফল পাচ্ছেন না যাত্রীরা, বরং ভোগান্তি আরও বেড়েছে বলে তাঁদের অভিযোগ। ‘এ ধরনের ভাড়া কোনোমতেই মেনে নেওয়া যায় না। নগরের দুই নম্বর গেট থেকে চকবাজার, প্রবর্তক মোড়, মেডিকেল—সবখানের ভাড়াই পাঁচ টাকা। এ কেমন কথা!’ বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিকা মাহমুদ।গতকাল বুধবার মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি মোড়, চৌমুহনী, বাদামতলী, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রভৃতি এলাকার কাউন্টার সার্ভিসের বাসস্ট্যান্ডে গিয়ে এসব সমস্যার কথা জানা যায়। জানা যায়, নগর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাউন্টার বাস সার্ভিস চালু করা হয়। এতে কাউন্টার থেকে টিকিট কিনে বাসে ওঠার কথা বলা হলেও তেমন স্বস্তিদায়ক হচ্ছে না চলাচল। এ ব্যবস্থা চালুর দিন থেকেই যাত্রীরা বাড়তি ভাড়া, গাড়ির স্বল্পতা নিয়ে ভোগান্তিতে পড়েন। দিন দিন সমস্যা আরও প্রকট হচ্ছে।গতকাল সকালে বিভিন্ন কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় দেখা যায়। টিকিট হাতে দাঁড়িয়ে আছেন সবাই। কিন্তু কাঙ্ক্ষিত বাস আসছে না সময়মতো। ফলে ধৈর্যচ্যুতি ঘটছে, কিন্তু কাউকে কিছু বলার নেই। ইপিজেড এলাকার বাসযাত্রী শফিক উদ্দিন বলেন, ‘সময়মতো অফিসে পৌঁছানোই এখন ভাগ্যের ব্যাপার। আধা ঘণ্টা ধরে অপেক্ষা করছি। কোনো গাড়ির দেখা নেই। কাউন্টার থেকে বলা হচ্ছে, যানজটে পড়েছে গাড়ি।’ ইপিজেড এলাকায় মেট্রো, সিটি বাস ওনার্স চট্টলা পরিবহন, মেট্রো স্পেশাল, মহানগর ইত্যাদি নামে বাসের কাউন্টার আছে। সবারই আলাদা বাস রয়েছে। কিন্তু সব যাত্রীর কাছে বিষয়টি স্পষ্ট নয়। ফলে কোনো বাস আসতে দেখলেই সবাই ছুটে যাচ্ছেন। আবদুল আহাদ নামে এক যাত্রী বলেন, ‘আমাদের তো যাওয়ার তাড়া। এত কিছু বোঝার সময় কোথায়।’বাসের সময় নিয়ে সবারই ক্ষোভ রয়েছে। পাশাপাশি বাড়তি ভাড়া আদায় নিয়ে অভিযোগ কম নয়। রাজিব উদ্দিন নামে এক শিক্ষার্থীর অভিযোগ, ‘আগে কাঠগড় থেকে লালখান বাজার পর্যন্ত যেতাম আট টাকা ভাড়া দিয়ে। এখন একই গন্তব্যে যেতে হয় ১৮ টাকায়, মানে দ্বিগুণ ভাড়া দিয়ে।’নগরের ব্যস্ত অফিসপাড়া আগ্রাবাদ বাদামতলী কাউন্টারের সামনেও ছিল যাত্রীদের ছোটাছুটি। খালি কোনো বাস দেখলেই সবাই টিকিট কাটার জন্য কাউন্টারে ভিড় করছেন। এ সম্পর্কে জানতে চাইলে বাসযাত্রী আনিস আহমেদ বলেন, ‘আগে টিকিট নিয়ে কী লাভ? বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। এ জন্য খালি বাস পেলে টিকিট কেটে তাতে উঠছেন সবাই।’ নায়লা আজাদ নামে এক যাত্রী অভিযোগ করেন, ‘কিছু কিছু বাস মহিলাদের নিতে অনীহা দেখায়। কারণ মহিলা আসনে পুরুষেরা বসে থাকেন। তাঁরা উঠতে চান না বলে বাসের লোকজনও তা মেনে নেন।’এদিকে নগরের বিভিন্ন কাউন্টারের বাইরে কিছু বাস চলছে নিজস্ব নিয়মে। এসব বাসে আগের মতো যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী তুলতে দেখা যায়। এ বিষয়ে কয়েকটি গাড়ির চালক ও সহকারীর কাছে জানতে চাইলে কেউ কিছু জানাতে রাজি হননি।