বাস টার্মিনাল আছে অথচ বাস যায় না
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাস টার্মিনাল গত এক দশকেরও বেশি সময় ধরে খালি পড়ে আছে। মাঝেমধ্যে দু-একটি গাছবাহী গাড়ি এখানে এলেও বাস, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, ট্রাকসহ অন্যান্য যানবাহন দাঁড়ায় শহরের বাজার এলাকায়। ফলে সেখানে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২১ লাখ টাকা ব্যয়ে ২০০৬ সালে এই টার্মিনালের উদ্বোধন করা হয়। যাত্রা শুরুর পর এক বছরও সচল থাকেনি এটি।
টার্মিনাল ঘিরে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠলেও গাড়ি না আসায় সেসবও বন্ধ হয়ে গেছে। কী কারণে এখানে গাড়ি আসছে না, তা বলতে পারছেন না ওই সব প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। গাড়ি পার্ক করার কারণে হাটের দিন বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
পানছড়ি বাজারের এক কিলোমিটার দূরে উপজেলা সদরের পাইলট ফার্ম পোড়াবাড়ি এলাকায় এক একর জায়গার ওপর নির্মিত হয়েছে এই বাস টার্মিনাল। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, টার্মিনালের আধা পাকা দুটি ভবনে রয়েছে দুটি বিশ্রামাগার, একটি টিকিট কাউন্টার ও শৌচাগার। যানবাহন না আসায় এগুলো বন্ধ পড়ে আছে। নষ্ট হয়ে গেছে এখানে স্থাপিত নলকূপটিও।
টার্মিনালের আশপাশের এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, টার্মিনাল পরিত্যক্ত হওয়ার পর থেকেই এখানে মদ ও জুয়ার আড্ডা চলছে। প্রশাসন দেখেও দেখছে না।
কেন বাজার এলাকায় গাড়ি পার্ক করেন—পানছড়ি-খাগড়াছড়ি রুটের বাসচালক মোহাম্মদ কামরুল আলমকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাজারে সবাই গাড়ি পার্ক করে বলে সেখানেই যাত্রীরা আসেন। আমরাও তাই বাধ্য হয়ে বাজারে গাড়ি দাঁড় করাই। পোড়াবাড়ি টার্মিনালে সবাই গাড়ি রাখলে আমরাও সেখানে গাড়ি রাখব।’
পানছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, বাজার এলাকা ঘিরে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন বিদ্যালয় গড়ে উঠেছে এ জন্য গাড়িগুলো সেখানেই দাঁড়ায়। অথচ ওই এলাকার রাস্তাগুলো ছোট। এই কারণে যানজট হচ্ছে। পুরোনো টার্মিনালটি সচল করা হলে এই সমস্যা দূর হতো।
এ ব্যাপারে পানছড়ি উপজেলার চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘বাজারে গাড়ি দাঁড় করানোর কারণে প্রায় সময় যানজটের সৃষ্টি হয়। টার্মিনাল চালু হলে জনগণের এই ভোগান্তি কমবে বলে আমি মনে করি।’
পানছড়ি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, কিছুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। অচিরেই টার্মিনালটি সচল করা হবে।