বাসটার্মিনালের অভাবে যাত্রীদের দুর্ভোগ সীতাকুণ্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসটার্মিনালের অভাবে সীতাকুণ্ড পৌরসভার মানুষের দুর্ভোগের শেষ নেই। যেখানে সেখানে গাড়ি পার্কিংয়ের ফলে প্রায়ই পৌরসদরে যানজট সৃষ্টি হয়। বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘পৌরসভা হওয়ার নয় বছর পরও স্থানীয় প্রশাসন একটি বাসটার্মিনাল তৈরি করতে পারেনি। যাত্রীরা ঝড়-বৃষ্টির মধ্যে ভিজে এবং রোদে পুড়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করেন।’ পৌরসদরের ওপর দিয়ে চলে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ফলে এখানে দেশের বিভিন্ন জেলার বাস সার্ভিস চালু হওয়ায় সড়কটি ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। এ ছাড়া পৌরসদরে রয়েছে দেশের অন্যতম পর্যটন এলাকা উদ্ভিজ্জ বাগান ও ইকোপার্ক, ডিগ্রি কলেজ, বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়, উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়, নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য ব্যাংক ও বিমাপ্রতিষ্ঠান। প্রতিদিনই হাজার হাজার যাত্রী চট্টগ্রাম জেলা শহরে যাতায়াত করেন। বাসটার্মিনাল না থাকায় রাস্তার ওপর গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করে। এতে যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। লোকাল বাস কাউন্টারের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন, আজিজুল হক ও বাসচালক আব্দুল মান্নান বলেন, ‘বাসটার্মিনালের অভাবে আমাদেরও দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির মধ্যে ভিজে যেখানে সেখানে দাঁড়িয়ে বাসের ওয়েবিলে সই করতে হয়। একটি টার্মিনাল হলে আমরা এ দুর্দশা থেকে মুক্তি পাব।’ বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, সীতাকুণ্ড পৌর সদরে একটি বাসটার্মিনাল হওয়া খুবই জরুরি। টার্মিনাল তৈরি হলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের দুর্ভোগ পোহাতে হবে না। পৌর মেয়র নায়েক (অব.) সফিউল আলম প্রথম আলোকে জানান, ‘টার্মিনালের জন্য নির্দিষ্ট জমি না থাকায় দীর্ঘদিন ধরে বাসটার্মিনাল তৈরি করা সম্ভব হয়নি। ইতিমধ্যে সীতাকুণ্ড বাইপাস সড়কে খালি জায়গা নির্ধারণ করা হয়েছে। শিগগিরই বাসটার্মিনাল তৈরির কাজ শুরু হবে।’