
বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্থানে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা। ছিল আলোচনা সভা ও গাছের চারা বিতরণের কর্মসূচি। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিিধদের পাঠানো খবর।
রাঙামাটি: শ্মশানে দুই শতাধিক গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ‘ক্যাপাসিটি এনহেন্সমেন্ট অব স্মল এথনিক গ্রুপস ইন সিএইচটি’ নামের আদিবাসী তরুণদের একটি সংগঠন এবং কান্দেরছড়া গ্রামবাসী। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআইপিডি)।
গত শুক্রবার রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কান্দেরছড়া গ্রামের শ্মশানে প্রকৃতি বাঁচানোর শপথের মধ্য দিয়ে গ্রামবাসী ও আদিবাসী তরুণেরা যৌথভাবে গাছ রোপণ করেন।
সংগঠনটির সমন্বয়কারী এনভিল চাকমা বলেন, ‘আমাদের সবার শেষ ঠিকানা শ্মশান। চিরবিদায় নেওয়া আমাদের প্রিয় মানুষেরা যেন সুন্দর একটি পরিবেশে শেষ বিদায় নিতে পারে, সে উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
রাঙামাটি শহরের পূর্ব পাশে কাপ্তাই হ্রদের তীরে কান্দেরছড়া গ্রামের প্রায় দেড় একর (১৫০ শতক) শ্মশানভূমিতে গাছ রোপণের পর বিকেল তিনটায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কমল বিহারী চাকমা বলেন, ‘তরুণদের সঙ্গে কথা বলে আমরা শ্মশানভূমিতে গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ব পরিবেশ দিবসে আদিবাসীদের ঐতিহ্যবাহী “মালেয়্যা” (বিনা পারিশ্রমিকে পারস্পরিক সহযোগিতা) ভিত্তিতে কাজ শুরু করলাম। শ্মশানভূমি যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে সে চেষ্টা থাকবে।’ সভায় আরও বক্তব্য দেন উজনি মহিলা কল্যাণ সমিতির সভাপতি প্রতিভা চাকমা, সাবেক অধ্যাপক মংসানু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সাধারণ সম্পাদক যশেশ্বর চাকমা, সিআইপিডির নির্বাহী প্রধান জনলাল চাকমা প্রমুখ।
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালার পোমাংপাড়া এলাকায় ত্রিপুরা আদিবাসীদের পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান ৩ জুন অনুষ্ঠিত হয়। জাবারাং কল্যাণ সমিতি ও কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিপিডি) নামের দুই সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
পোমাংপাড়া গ্রামের প্রধান পোমাং (কার্বারি) রবি কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিবেশবিষয়ক এই সভায় বক্তব্য দেন সিপিডির উপদেষ্টা বজলুর রহমান খান, জাবারাং কল্যাণ সমিতির কর্মসূচি সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, খগেন্দ্র কিশোর ত্রিপুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের শিক্ষার্থী অংস্রাইঞো মারমা, দীপঙ্কর ত্রিপুরা ও প্রীতি রঞ্জন ত্রিপুরা। আলোচনা সভা শেষে আদিবাসীদের মধ্যে ঔষধি চারা বিতরণ করা হয়।