‘কক্সবাজারে শিশু-কিশোরদের বিনোদনের জন্য নেই কোনো সরকারি বেসরকারি পার্ক। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও খেলাধুলার তেমন পরিবেশ নেই। শহরের ভেতর পাহাড়কাটা, বন ও সৈকতনিধন করে বাসাবাড়ি, হোটেল মোটেল, ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি হচ্ছে। এভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে এই শহর। এতে আমরা উদ্বিগ্ন। আমরা (শিশুরা) বাসযোগ্য নিরাপদ পরিবেশ চাই।’ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসব কথা বলেছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র উদগ্রীব পাল। পাশে দাঁড়ানো একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র অতনু দাশ জানায়, ‘কক্সবাজার শহরকে ঘিরে সরকার নানা সময় নানা উন্নয়ন পরিকল্পনা হাতে নিলেও আমাদের কথা কেউ ভাবেন না। শিশুদের অধিকার রক্ষার ব্যাপারে সরকার আইন করলেও বাস্তবে তার কোনো প্রয়োগ নেই।’ কক্সবাজারের ঝিনুকমালা খেলাঘর আসরের রজতজয়ন্তী ও শিশু উত্সব উপলক্ষে ১ এপ্রিল সকাল থেকে শহীদ মিনারে জড়ো হয় উদগ্রীব, অতনু, শেফালী, সাইফুল, সাবিহাসহ অনেক শিশু-কিশোর। তারা এসেছিল অধিকারের কথা জানাতে। পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, যেমন খুশি সাজ ইত্যাদি অনুষ্ঠানেও অংশ নিয়েছে তারা। সবাই ঝিনুকমালা খেলাঘর আসরের সদস্য। ‘আমরা চাই শিশুর জন্য মুক্ত স্বদেশ, ছবির মতো বাংলাদেশ’ স্লোগানে শহীদ মিনার প্রাঙ্গণে দুই দিনব্যাপী উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন উত্সব উদ্যাপন পরিষদের সভাপতি খোরশেদ আলম। বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক, পুলিশ সুপার নুরে আলম, শিক্ষাবিদ মো. সিরাজুল ইসলাম, সংগঠনের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী, উত্সব উদ্যাপন পরিষদের মহাসচিব বিশ্বজিত পাল প্রমুখ। উত্সবের শেষ দিনের কর্মসূচিতে ছিল পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।লোটাসের বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা ‘আমাদের যুবসমাজকে সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতে না পারলে সামাজিক অবক্ষয় রোধ সম্ভব নয়। হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে।’ লোটাস ১৪তম বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে সমাজবিজ্ঞানী অনুপম সেন এ কথা বলেন। ২৭ মার্চ সকালে আনোয়ারার আবদুল জলিল স্মৃতি মিলনায়তনে লোটাস প্রতিষ্ঠাতা সভাপতি সরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইতিহাসবিদ ও গবেষক সুনীতি ভূষণ কানুনগো। প্রধান বক্তা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় রিসার্চ ইনস্টিটিউট অব সায়েন্সের পরিচালক সুপ্রীতি ভূষণ কানুনগো। সংবর্ধিত অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, অধ্যাপক এনামুর রশিদ চৌধুরী ও ইতিহাস গবেষক জামাল উদ্দিন। আবুল হাসনাতের পরিচালনায় প্রথম পর্বে গুণীজন সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা সিরু বাঙালি, ফৌজুল আমিন চৌধুরী, নুরুল হক চৌধুরী, সন্তোষ কুমার দে, মিয়া এমএ করিম প্রমুখ। প্রধান অতিথি সংবর্ধিত তিন অতিথি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে স্মারক, পুরস্কার ও সনদ তুলে দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লোটাস সাংস্কৃতিক দলের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুতোষ নাটক উচিত সাজা মঞ্চস্থ হয়। বিজ্ঞপ্তি।মাতারবাড়িতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল তরুণ ছাত্রসংসদের উদ্যোগে ২ এপ্রিল মগডেইল বাজার মাঠ প্রাঙ্গণে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কাউসার হোসেন। দক্ষিণ মগডেইল নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমদ। বক্তব্য দেন কবির আহমদ, মোহাম্মদ উল্লাহ, নুর বক্স, জমশের আলী, নওশাদুল ইসলাম, সেলিম উল্লাহ, মোহাম্মদ রশিদ ও আবু ছালেহ। প্রধান অতিথি বলেন, এ উপজেলা শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। শিক্ষার হার বাড়ানোর জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মহেশখালী প্রতিনিধি