বাসাবাড়ির নিরাপত্তায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরজীবনে গৃহকর্মী, গাড়িচালক, দারোয়ান—এ ধরনের পেশাজীবী ব্যক্তিদের সহায়তা লাগে অনেকেরই। মাঝেমধ্যেই দেখা যায়, তাঁদের দ্বারাই ঘটে যায় নানা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। চুরি, ডাকাতিসহ আরও বড় ধরনের অপরাধ এসব পেশাজীবীর দ্বারা হওয়ার আশঙ্কা থাকে। নিরাপত্তার স্বার্থে এঁদের নিয়োগ দেওয়ার আগে ও পরে কিছু সতর্কতা নেওয়া জরুরি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন, ‘মানুষ যত শহরায়নের দিকে যাচ্ছে, তত একক পরিবারের সংখ্যা বেড়ে যাচ্ছে। যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে ওঠায় গৃহকর্মী বা গাড়িচালক বা অন্য কোনো বিষয়ের লোকদের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে। কাজের সূত্রে ওরা আমাদের ব্যক্তিগত ও গোপনীয় অনেক কথা জেনে যায়। মাঝেমধ্যে এ ধরনের লোকজনের সাহায্যে উপকারের বদলে হয়তো অপকারই হয়। অপরিচিত লোকজনকে গাড়িচালক বা গৃহকর্মী নিয়োগ করার কারণেই তাদের মাধ্যমে নানা দুর্ঘটনা ঘটে।’এ ধরনের লোকজনের মাধ্যমে আমাদের ক্ষতি হলেও আমরা দিন দিন তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি বলেমনে করেন মাহবুবা নাসরীন।বলেন, তাই আতঙ্ক থাকলেও তাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে কিছু বিষয় মেনে চললে আর সচেতন থাকলে অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব।বাসাবাড়িতে গৃহকর্মী, গাড়িচালক ও নিরাপত্তাকর্মী নিয়োগ এবং বাসাবাড়ির নিরাপত্তার বিষয়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রিনাত ফৌজিয়ার কিছু পরামর্শ: বাসাবাড়িতে খোঁজখবর না নিয়ে গৃহকর্মী, নিরাপত্তাকর্মী বা গাড়িচালক নিয়োগ দেওয়া উচিত নয়। এ ধরনের কাজে লোক নিয়োগের আগে তার সম্পর্কে সব ধরনের তথ্য জেনে নেওয়া ভালো।  নিয়োগের সময় নিয়োগ করা ব্যক্তির কোনো পরিচিত মানুষের তথ্যাদি নিতে হবে, যিনি নিয়োগকর্তার পরিচিত হবেন। অর্থাৎ তিনি গৃহকর্মী বা গাড়িচালকের সব বিষয় জানবেন। বাসার দরজায় অবশ্যই আইহোল ও ডোরচেইন ব্যবহার করতে হবে। কেউ কলবেল চাপলেই হুট করে দরজা খুলে দেওয়া যাবে না। আইহোলে দেখে পরিচিত হলে দরজা খুলবেন। রাতে ঘুমানোর সময় নিয়মিত তালার বাইরে গেটে আরেকটি আলাদা তালা লাগানো যেতে পারে, যার চাবি গৃহকর্মী বা দারোয়ান বা গাড়ির চালক কারও কাছেই থাকবে না। তালাটির চাবি থাকবে শুধুই বাসা বা বাড়ির মালিকের কাছে। বাড়ির ধারে-কাছে কোনো ধরনের মই বা ওপরে বেয়ে ওঠার যন্ত্রপাতি রাখা ঠিক নয়। অতিরিক্ত টাকা-পয়সা বা দামি গয়না ইত্যাদি বাসায় রাখা উচিত নয়। এ রকম দামি জিনিসপত্র বা টাকা ব্যাংকের লকার বা ভল্টে রাখলে বিপদ হওয়ার আশঙ্কা থাকে না।  দামি জিনিসপত্রের মধ্যে মোবাইল ফোনসেট চুরি বা খোয়া গেলে যোগাযোগের নম্বর নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয়। তাই দরকারি ফোন নম্বরগুলো ডায়রিতে লিখে রাখা যেতে পারে।  নিরাপত্তার জন্য ইন্টারকম, ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি), অ্যালার্ম সিস্টেমসহ নানা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। আর গৃহকর্মী, গাড়িচালক বা এ ধরনের লোকজনের ওপর সব সময় নজর রাখা উচিত। বাসাবাড়ির নিরাপত্তার বিষয়ে নিরাপত্তাকর্মী সরবরাহকর্মী প্রতিষ্ঠান এইজিসের অপারেশনপ্রধান জুবায়ের ইশতিয়াক বলেন, ‘অনেক সময় আমাদের অসচেতনতার কারণেই গৃহকর্মী বা গাড়িচালকের মাধ্যমে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। কেউ কেউ দারিদ্র্যের কারণে এসব করলেও অনেকেই সংঘবদ্ধভাবে চক্রান্ত করেই অপরাধ করে থাকে। তবে সচেতন হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব।’ এ বিষয়ে তাঁর পরামর্শ হলো: সম্ভব হলে গৃহকর্মী বা গাড়িচালক নিয়োগ দেওয়ার সময় স্থানীয় থানায় ওই ব্যক্তির নামে কোনো মামলা বা সাধারণ ডায়রি আছে কি না, তা জেনে নিতে হবে। গৃহকর্মী ও গাড়িচালকদের অনেকেই বাসা পরিবর্তন করে এক স্থান থেকে আরেক স্থানে কাজ করতে আসে। তাই তাদের নিয়োগের সময় আগের স্থান ছেড়ে আসার কারণ জেনে নিতে হবে। গাড়িতে চলার সময় গাড়িচালকের সামনে ব্যক্তিগত বা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোনো কথা বলা যাবে না। কারণ, আপনার সম্বন্ধে সব তথ্য নেওয়ার পরই তারা দুর্ঘটনা ঘটাতে পারে। দারোয়ান বা নিরাপত্তাকর্মী নিয়োগের সময়ও রেফারেন্স ছাড়া নিয়োগ দেওয়া ঠিক নয়। তবে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এ সুবিধা নিলে বিশেষ কোনো সমস্যা নেই। কারণ, যারা এ ধরনের লোকবল সরবরাহ করে, তাদের কাছে ওই ব্যক্তির সব তথ্য থাকে।বাসাবাড়ির নিরাপত্তা ও গৃহকর্মী নিয়োগসংক্রান্ত বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ‘বাসাবাড়িতে গৃহকর্মী নিয়োগের সময় সামান্য অসচেতনতার কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ ধরনের লোকবল নিয়োগের সময় সচেতন থেকে যেকোনো সিদ্ধান্ত নিতে হবে। মোট কথা, সচেতনতাই দুর্ঘটনা প্রতিরোধের মূল উপায়।’ গাড়িচালক, গৃহ ও নিরাপত্তাকর্মী নিয়োগ এবং বাসাবাড়িতে নিরাপদ থাকা ইত্যাদি বিষয়ে মো. মাসুদুর রহমানের কিছু কথা:বাসাবাড়িতে সাধারণত দুই ধরনের লোক নিয়োগ দেওয়া হয়। এক. গৃহপরিচারিকা বা নিরাপত্তাকর্মী, দুই. গাড়িচালক। এরা পরিবারের বাইরের সদস্য হলেও পরিবারের কাছাকাছিই থাকে। তাই এ ধরনের লোক নিয়োগের সময় পরিচিত লোক নেওয়াই ভালো। আর পরিচিত না হলে তার সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে হবে এবং তার সম্পর্কে জানে এমন একজন লোকের তথ্য নিয়ে রাখতে হবে।এসব তথ্য নেওয়ার সময় দেখতে হবে তার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ইত্যাদি ঠিক আছে কি না। অনেক সময় ঠিকানা জানা থাকলেও পরে দেখা যায় ওই ঠিকানা সঠিক নয়। গৃহ বা নিরাপত্তাকর্মী ও গাড়িচালক নিয়োগের সময় যেকোনো ব্যক্তি তাঁর সংশ্লিষ্ট থানা থেকে সহায়তা নিতে পারেন।বাসাবাড়িতে থানা, ফায়ার সার্ভিস ইত্যাদি প্রতিষ্ঠানের ফোন নম্বর সংগ্রহে থাকা দরকার। পাশাপাশি শিশুদের এসব গুরুত্বপূর্ণ ফোন নম্বর ও ফোন করা শিখিয়ে দেওয়া উচিত। এটি বিপদের সময় অনেক কাজে লাগে।বর্তমানে বাসাবাড়ির নিরাপত্তাব্যবস্থার জন্য ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ নামে এক ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এ প্রযুক্তিতে বাসায় অনাকাঙ্ক্ষিত কেউ প্রবেশ করলে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানা ও বাসার পরিচালকের ফোনে বার্তা চলে আসে। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্থানে এ ধরনের প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। নিরাপত্তার জন্য প্রযুক্তিটি ব্যবহার করা যেতে পারে।ঈদ বা অন্য কোনো উৎসবের ছুটির সময় গ্রামের বাড়িতে যাওয়ার সময় বাসা একবারে খালি করে যাওয়া ঠিক নয়। তবে কেউ থাকা সম্ভব না হলে দরজা-জানালা ইত্যাদি ভালোভাবে লাগাতে হবে, যাতে কেউ সহজে প্রবেশ করতে না পারে। আর যাওয়ার সময় পার্শ্ববর্তী কাউকে বলে যাওয়া উচিত।