বাসায় অতিথি এলে যা হবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগমনী ও ফোনের চার্জার খোঁজ পর্ব
শুরুতেই সিনেমার শেষ দৃশ্যের মতো আনন্দঘন পরিবেশ নিয়ে আগমন ঘটে অতিথির। দরজা খুলতেই তাঁরা দেশের ভেঙে পড়া যোগাযোগব্যবস্থা ও নাগরিক দুর্ভোগ-দুর্গতি নিয়ে একটি নাতিদীর্ঘ বক্তৃতা দেন। আসতে যে কত ঝামেলা হয়েছে, সেটা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি শুধু ভালোবাসার টানেই অফলাইনে এভাবে দেখা করতে চলে আসার কথাটাও তুলে ধরেন। ‘কেমন আছেন’, ‘অনেক দিন পর এলেন’, ‘খুশি হয়েছি’, ‘এত জিনিস না আনলেও চলত’-টাইপ অতি প্রয়োজনীয় আলাপের পর অতিথিদের ভেতরে এসে বসতে বলার মাধ্যমেই শেষ হয় আগমনী পর্বের। এবং অতিথিরা সাধারণত ঘরে ঢুকেই ফোনে চার্জ দেওয়ার মতো চার্জার আছে কি না, সেটা জেনে নেন। প্রয়োজনীয় চার্জারটি থাকলে সেটা দিতে বলে ফোনটি চার্জ করতে দিয়ে সব দুশ্চিন্তা থেকে মুক্ত হন তাঁরা। তবে নকিয়ার ‘চিকন পিনের চার্জার’ কিংবা আইফোনের চার্জার যেহেতু দুষ্প্রাপ্য, সেহেতু তা না পেলে দুনিয়ার সব চার্জার একই রকম হওয়া উচিতবিষয়ক এক লেকচারও ঝেড়ে দেন অতিথিরা।

আসন গ্রহণ ও নাশতা পর্ব
হাত–মুখ ধোয়ার পর অতিথিরা আসন গ্রহণ করেন ড্রয়িংরুমের সোফায় কিংবা খাটের ওপর। আর তারপর কোচিং সেন্টারের লিফলেটের মতো তাঁদের হাতে হাতে চলে আসে নাশতা। সাধারণত অতিথিদের আনা মিষ্টি, ফলমূল, চানাচুর, বিস্কুট ইত্যাদি দিয়েই এই নাশতা পরিবেশনের কাজটা সারার চেষ্টা করেন বাসার লোকজন। অতিথির গুরুত্ব অনুযায়ী পরিবর্তিত হয় নাশতার মেন্যু। বরাবরের মতো অতিথিরা ‘আরে এত কিছু করার কী দরকার ছিল’-টাইপ কথা বলে নিজের টাকায় কেনা নাশতা এমনভাবে শেষ করতে থাকেন যেন তাঁরা এই খাবারগুলো আগে কখনো দেখেননি।

চায়ের কাপে ঝড় এবং স্মৃতিকাতরপর্ব
এই পর্বে অতিথিদের সঙ্গে দেশ, বিদেশ, সৌরজগৎ, রাস্তা, যানজট, বাচ্চাদের পড়াশোনা, দ্রব্যমূল্য, চুলের ক্লিপ, সোফার কুশন, বউ-শাশুড়ির সিরিয়াল, পটোল ব্যবসার মাধ্যমে জিডিপির বৃদ্ধির হার বাড়ার সম্ভাবনা থেকে শুরু করে দুনিয়ার তাবৎ জিনিস নিয়ে জ্ঞানগর্ভ এবং গবেষণামূলক আলোচনা চলতে থাকে। চায়ের সঙ্গে টোস্ট খেতে মজা নাকি নুডলস দিয়ে কিমা বানানো সহজ, সেটা আলোচনা করতে করতে পুরোনো দিনের সময়গুলোর কথাও আলোচনা করা হয়। কবে কার বিয়েতে খাবার দিতে দেরি করেছিল, অমুক সিনেমায় নায়ক কীভাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, ঘুণপোকার হাত থেকে আসবাব রক্ষার উপায়, স্কুল-কলেজজীবনে কে কত সফল ছিলেন—এসব নিয়েই স্মৃতিকাতর হয়ে পড়েন অতিথি ও বাসার লোকজন।

বিনোদন পর্ব
এই পর্বের বলি হয় সাধারণত বাড়ির কম বয়সী বাচ্চারা। এই পর্বে অতিথিরা হঠাৎ খেয়াল করেন, বাসার মেয়ে বা ছেলেটা বেশ বড় হয়ে গেছে। মেয়েটা যে স্কুলে যায়, এটা শুনেও তাঁরা আকাশ থেকে পড়েন। তারপর চলে কোন স্কুল কতটা ভালো, কয়টা টিচার রাখা উচিত এবং অতিথি তাঁর সন্তানকে কতটা দৌড়ের ওপর রেখেছেন, তারই গর্বিত বর্ণনা। তবে এই বাসার বাচ্চারা কতটা প্রতিভাবান, সেটাও যাচাই করা জরুরি বলে বিশ্বাস করেন তাঁরা। তারা কী শিখেছে—একটু না দেখলেই নয়। অতএব, ডাকা হয় তাদের। তারপর মা কিংবা বাবা নেমে পড়েন সন্তানদের প্রতিভা প্রদর্শনের আয়োজনে, ‘বাবা, একটা ছড়া বলো তো।’ কিংবা ‘মা, একটু নেচে দেখাও তো।’ বাচ্চারা দাঁতে দাঁত চেপে ছড়া বলে, নাচে, গান গায়। এ সময় অতিথির স্মার্টফোনে একটু গেম খেলার স্বপ্নও উঁকি দেয় তাদের মাথায়।

ঘটকালি পর্ব
অতিথি এসেছে বাড়িতে আর ঘটকালির ঘটনা ঘটেনি, এটা অসম্ভব। বাসায় বিবাহযোগ্য পাত্র-পাত্রী থাকলেই এই পর্বে কোনো রকম চার্জ ছাড়াই বিরাট বিরাট ঘটকালির আলাপচারিতা চলতে থাকে ঘণ্টার পর ঘণ্টা।

ভোজন পর্ব
অতিথিদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত পর্ব এটা। গল্প-আড্ডার ভেতরেই সাধারণত অতিথিদের মন হাওয়ায় ভেসে ভেসে চলে যেতে চায় ডাইনিং টেবিলের দিকে। তাঁরা উসখুস করেন এটা ভাবতে ভাবতে যে রান্না হচ্ছে তো? কী রান্না হচ্ছে? দেবে কখন? এই পর্বে ভোজনের পাশাপাশি টুকটাক দু-চারটা কথাবার্তা যে হয় না, তা নয়। খাবারের স্বাদ যে দুর্দান্ত হয়েছে সে ব্যাপারে কূটনৈতিক আলোচনা যেমন হয়, তেমনি দুনিয়ার আর সব জিনিস নিয়েও কথা চলে।

বিদায় পর্ব
অতিথিরা এক দিন থাকুক আর পাঁচ দিন, রোজ মোটামুটি একই রকম পর্ব চলার পর একসময় চলে আসে বিদায়পর্ব। দুনিয়ার সবচেয়ে গাঢ় আবেগের অভিনয়টুকু সাধারণত এই পর্বেই মঞ্চস্থ হয়। ‘আবার আসবেন’ এবং ‘আমাদের ওখানেও যাবেন’—দুই পক্ষের এই দুটি কথা দিয়েই সাধারণত সমাপ্তি ঘটে এই অতিথিপর্বের।