এটা আমরা সবাই জানি, বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ নারী। সব জায়গায় নারীরা তাঁদের মতো করে এগিয়ে যাচ্ছেন। এঁদের মধ্যে কেউ কেউ পরিবার, সমাজের কাছে নানাভাবে বন্দী হয়ে আছেন। প্রতিদিন নারীদের বিভিন্ন ধরনের কাজে ঘরের বাইরে বের হতে হয়। ব্যক্তিগত গাড়ি না থাকলে বেশির ভাগের ভরসা গণপরিবহন। যাতায়াতের সময় এসব গণপরিবহনে ওঠা-নামা করার সময় তাঁদের রীতিমতো যুদ্ধ করতে হয়। প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। দেশের এই অর্ধেক জনগোষ্ঠীর জন্য যাতায়াতের সুব্যবস্থা নেই। বাসে সিট পান না তাঁরা। যানবাহনের স্বল্পতার কারণে দাঁড়িয়েও যাতায়াত করতে হচ্ছে নারীকে। সরকারিভাবে পরিচালিত বিআরটিসি বাস সার্ভিসের সেবাও পর্যাপ্ত নয়। যদিও বাসগুলোতে সাধারণত সামনের সারিতে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন থাকে। সাধারণত ছোট বাসগুলোতে চার-পাঁচটি সিট এবং বড় বাসগুলোতে বরাদ্দ রয়েছে নয়টি সিট, যা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত।
আমার মতে, আসনসংখ্যা বৃদ্ধি করে ছোট বাসগুলোতে অন্ততÿ ১০টি এবং বড় বাসগুলোতে ১৮টি করা উচিত। অনেক সময় দেখা যায়, ‘নারী, শিশু ও প্রতিবন্ধীদের’ জন্য নির্দিষ্ট আসনে কিছু পুরুষ উদাস ভঙ্গি করে বসে থাকেন। এমনকি তাঁদের সিট ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে সমঅধিকারের কথা বলে সামান্য সম্মানটুকুও প্রকাশে দ্বিধাবোধ করেন। অনেকে আবার নিজেদের সিট ছেড়ে দিয়ে বসার জন্য অনুরোধ করেন।
নারী যদি নির্বিঘ্নে, নিরাপদে চলতে না পারেন, তাহলে ক্ষমতায়ন হবে কীভাবে? গণপরিবহনের সংখ্যা বাড়িয়ে বিশেষ করে নারীদের জন্য আরও আসন বাড়াতে হবে।
মনিরা আশরাফী
ব্যবসায় প্রশাসন বিভাগ
ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা।