সকাল হতে হতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো একে একে ঢুকতে শুরু করে। শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর হয়ে উঠতে শুরু করে বিশ্ববিদ্যালয় চত্বর। একটা একটা করে বাস আসছে আর তা থেকে নেমে ক্লাসের দিকে ছুটছেন শিক্ষার্থীরা। এ সময় কথা হলো গণিত বিভাগের শিক্ষার্থী শিউলির সঙ্গে। কাশিয়াডাঙ্গা থেকে এই বাসে করেই রোজ ক্লাস করতে আসেন তিনি। শিউলি জানালেন, ‘কাশিয়াডাঙ্গা আর রাজশাহী বিশ্ববিদ্যালয় শহরের একেবারে দুই প্রান্তে। এত পথ পাড়ি দিয়ে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আসতে এই বাসই ভরসা।’ একই রকম কথা বললেন কোর্ট বাজার থেকে আসা আবদুল হাকিম। ‘কোর্ট থেকে বিশ্ববিদ্যালয়ে আসতে-যেতে রিকশা ভাড়া প্রয়োজন ৫০ টাকা, কোনো দিন তারও বেশি। প্রতিদিন শুধু যাতায়াত খাতে এত টাকা খরচ করা সম্ভব নয় অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে। এই বাস সার্ভিসে মাত্র ২৫ টাকা দিয়ে সারা মাস যাতায়াতের সুযোগ পাওয়া আমাদের জন্য অনেক সুবিধার।’ শহীদ শামসুজ্জোহা হলের বাসিন্দা সুমন মনে করেন, এই বাস আছে বলেই শহরের সঙ্গে যোগাযোগ রয়েছে আবাসিক হলের শিক্ষার্থীদের।জানা গেল, সকাল ৭-১০, ৮-১০, ৯-১০, দুপুর ১২-১০, ১-১০, ২-১০, বিকেল ৫-১০ এবং সন্ধ্যা ৮-১০-এ চলাচল করে এই বাসগুলো। ভিড় বেশি থাকে সকাল ৯-১০ ও দুপুর ১-১০-এর বাসে। ফিন্যান্সের কাব্য জানালেন, ‘এই বাসগুলো একেবারে সঠিক সময় অনুযায়ী চলাচল করে। তাই সময়মতো ক্লাসে যাওয়া যায়।’ তিনি অবশ্য মনে করেন, বাসের সংখ্যা আরও বাড়ানো দরকার। তা হলে শিক্ষার্থীদের আর এত গাদাগাদি করে বাসে উঠতে হবে না। আর সেই সঙ্গে বাসে ফ্যানের ব্যবস্থা থাকলে গরমের কষ্ট থেকে মুক্তি পাবেন শিক্ষার্থীরা।পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের মিমো জানালেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস থাকার কারণে আমরা খুব সহজে এবং কম সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারি। তবে নির্ধারিত সময়ে পৌঁছানোর জন্য অনেক সময় চালকেরা ঝুঁকিপূর্ণভাবে বাস চালান, যেটা কখনোই উচিত নয়।’ একই বিভাগের শিশিরের দাবি, ‘বাস সার্ভিসটা আরেকটু উন্নত হলে ভালো হতো। অনেকগুলোরই সিটের অবস্থা ভালো নেই, জানালার কাচ ভাঙা। একটু বৃষ্টি হলেই বাসস্ট্যান্ডে পানি জমে যায়। বেশির ভাগ বাসই অনেক পুরোনো।’রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ের এই বাস সার্ভিস চালু রয়েছে কয়েক দশক ধরে। ১৯৭৭ সালের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা ফরিদা রহমান সেই পুরোনো সময়ের বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ার স্মৃতিচারণা করতে গিয়ে বললেন, ‘আমরা যারা হলে থাকতাম, তারা সবাই একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শহরে আসতাম বাজার করতে অথবা সিনেমা দেখতে। তখন বাসে এত বেশি ভিড় থাকত না। এখন শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও সেই আগের পুরোনো বাসগুলোই ব্যবহূত হচ্ছে। বাসের সংখ্যা বোধহয় শিক্ষার্থীদের সংখ্যার অনুপাতে বাড়েনি। তবে এখনো রাস্তায় বিশ্ববিদ্যালয়ের বাস দেখলে উঠতে ইচ্ছা করে আমার।’বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিষয়ক প্রশাসক খলিলুর রহমান খানের সঙ্গে কথা বলে জানা গেল, ‘বিশ্ববিদ্যালয় থেকে সারা শহরে বিভিন্ন রুটে ৩৮টি বাস চলাচল করে। প্রায় ৩০ হাজার ছাত্রের জন্য মাত্র ৩৮টি বাস পর্যাপ্ত কি না জানতে চাইলে তিনি জানান, ‘চলতি বছরেই আরও তিনটি নতুন বাস আসছে। ক্রমান্বয়ে এ সংখ্যা বাড়ানো হবে।’ তার কাছে আরও জানা গেল, পুরোনো বাসে ফ্যান লাগানোর সুযোগ নেই, তবে নতুন যে বাসগুলো আসছে, সেগুলোতে ফ্যান থাকবে। আর বাস মেরামতের লোকবল কম থাকায় সঠিকভাবে রক্ষণাবেক্ষণের কিছু সমস্যা থেকেই যায়। অচিরেই বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা দূর করতে পদক্ষেপ নেওয়া হবে।সবার সঙ্গে কথা বলে বাসস্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করেছি। ঘড়িতে তখন একটা বেজে আট মিনিট। আর দুই মিনিট পরেই একটা দশের বাসগুলো শহরমুখী যাত্রা শুরু করবে। অধিকাংশ বাসেই তিলধারণের জায়গা নেই। শিক্ষার্থীরা গাদাগাদি করে দাঁড়িয়ে অথবা বসে আছেন বাস ছাড়ার অপেক্ষায়। কেউ কেউ আবার বাসে বসে গরমের মধ্যেই গলা ছেড়ে গান ধরেছেন। গানের সঙ্গে তাল মেলানোর লোকেরও বুঝি অভাব নেই! বাস ছুটে চলবে শহরের আনাচ-কানাচে বিভিন্ন রুটে। শহরবাসী চেয়ে থাকবে রাজশাহীর মেধাবী সন্তানদের দিকে। বয়সে নবীন কেউ হয়তো এ বাস দেখেই সংকল্প করবে, একদিন সে-ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে—এই বাসে চড়েই ক্লাস করতে যাবে। আবার আশির দশকের ফরিদা রহমানে মতো পুরোনোদের হয়তো এ বাস দেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছবির মতো সুন্দর ক্যাম্পাসে ফিরে যেতে ইচ্ছা করবে বারবার।