বাসের নিচেই চাপা পড়ল নেয়ামতের সব স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের নিচেই চাপা পড়ল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নেয়ামতের স্বপ্ন। থমকে গেল পরিবারের অন্য সদস্যদেরও স্বপ্ন দেখা। পড়ালেখা শেষ করার আগেই সংসারের হাল ধরেছিলেন তিনি। লক্ষ্য ছিল সংসারে সচ্ছলতা আনা। কিন্তু সড়ক দুর্ঘটনা সব তছনছ করে দিল।গত বুধবার নগরের টাইগারপাস এলাকায় একটি সিটিবাস উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান আলমগীর মিয়া নামের একজন। আহত হন নেয়ামতসহ আরও ১০ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত নয়টার দিকে মারা যান নেয়ামত।তবে নেয়ামতের পরিবারের সদস্য, তাঁর সহপাঠী ও শিক্ষকেরা এ অকালমৃত্যুর জন্য চিকিৎসকদের অবহেলাকে দায়ী করছেন। দায়ী চিকিৎসকদের শাস্তির দাবিতে তাঁর শিক্ষক ও সহপাঠীরা সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মৌন মিছিল করেন। পরিবারের সদস্য, সহপাঠী ও শিক্ষকেরা বলছেন, ‘যথা সময়ে চিকিৎসার ব্যবস্থা করা গেলে নেয়ামতকে বাঁচানো যেত।’ নেয়ামত উল্লাহ পাটোয়ারীর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার আইনপুরে। মুক্তিযোদ্ধা মো. শহীদউল্লাহ পাটোয়ারীর পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে দ্বিতীয় নেয়ামত উল্লাহ। নয় বছর আগে তাঁর বাবা মারা যান। নেয়ামতের পরিবার পোর্ট কলোনির ৭ নম্বর সড়কে ২১৪/এ নম্বর বাসায় বসবাস করে।নিহতের মামা সাব্বির পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে ভর্তি করানোর পর তিন ঘণ্টা কোনো চিকিৎসা পায়নি নেয়ামত। এ সময় কোনো চিকিৎসক তাঁকে দেখতে আসেননি।’ আর নিহতের ছোট ভাই বরকত উল্লাহ পাটোয়ারী জানান, ‘রাত আটটার দিকে এক চিকিৎসক এসে কয়েকটি ওষুধ কিনে আনতে বলেন। এর কিছুক্ষণ পরেই চিকিৎসক জানান ভাইয়া মারা গেছেন।’ তিনি আরও বলেন, ‘দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের বারবার অনুরোধ জানানো হয়। কিন্তু যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা করেননি চিকিৎসকেরা।’দর্শন বিভাগের সভাপতি শফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমার ছাত্র কী কারণে মারা গেল, আমি তার প্রতিকার চাই।’ তিনি আরও বলেন, নেয়ামতের মুখে ও পায়ে আঘাত লেগেছিল, তবে যথাসময়ে চিকিৎসা পেলে এ আঘাতে মৃত্যু হওয়ার কথা নয়। পড়ালেখার পাশাপাশি সংসারের অভাব মেটাতে নেয়ামত একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে দুটি সিএনজি অটোরিকশা কিনেছিলেন এবং সংসারের আর্থিক দিকটি তিনি দেখাশোনা করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।নেয়ামতের সহপাঠী দেবাংশু মিত্র বলেন, শিক্ষাজীবন শেষ করে চাকরি নিয়ে পরিবারকে সুখে রাখার স্বপ্ন ছিল নেয়ামতের। কিন্তু বাসের নিচেই চাপা পড়ল নেয়ামতের সব স্বপ্ন। তিনি আরও জানান, পরিবারের দুরবস্থা দূর করার জন্য ছাত্রাবস্থা থেকেই সচেষ্ট ছিলেন নেয়ামত।