কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালুর পর নগরে গাড়ির সংখ্যা কমে গেছে। এতে জনভোগান্তি বেড়েছে। এ নিয়ে নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমেদের সঙ্গে কথা বলেছেন একরামুল হক।প্রথম আলো: কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালুর পর রাস্তায় গাড়ির সংখ্যা কমে গেছে। এ পরিস্থিতি কেন সৃষ্টি হলো?ফারুক আহমেদ: কাউন্টার সার্ভিস উদ্বোধনের পর প্রথম দুই দিন পরিবহন-শ্রমিকেরা নতুন পদ্ধতি মেনে চলেননি। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়। এতে রাস্তায় গাড়ির সংখ্যা কমে যায়। এ ছাড়া উদ্বোধনের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার বহদ্দারহাট এলাকায় গাড়ি ভাঙচুর হয়, যে কারণে মালিকদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। এখন রাস্তায় বাসের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। প্রথম আলো: কাউন্টার সার্ভিস চালুর পর গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা তো হয়েছে। কেউ কি গ্রেপ্তার হয়েছে? ফারুক আহমেদ: হ্যাঁ, একজন গ্রেপ্তার হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।প্রথম আলো: নগরে বাসের রুট ১১টি এবং গাড়ির সংখ্যা ৮৭৭টি। সবগুলো বাস রুট অনুযায়ী চলাচল করে?ফারুক আহমেদ: আসলে সবগুলো গাড়ি রাস্তায় নামে না, যা জরিপ করে নিশ্চিত হয়েছি।প্রথম আলো: কত সংখ্যক গাড়ি রাস্তায় নামে না তা জানা গেছে কী? ফরুক আহমেদ: নগরে বাস চলাচলের ১১টি এবং হিউম্যান হলারের ১২টি রুট আছে। ২৩টি রুটে গড়ে ১০ থেকে ১২টি করে গাড়ি রাস্তায় নামছে না।প্রথম আলো: তাহলে তো গাড়ির সংকট রয়েই যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আপনারা নতুন গাড়ি নামানোর কথা ভাবছেন কি?ফারুক আহমেদ: গণপরিবহনসংকট নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে অনেক বার কথা বলেছি। নগরে ৩০ থেকে ৪০ শতাংশ গণপরিবহনের সংকট আছে। তবু মালিকেরা নতুন গাড়ি নামাতে আগ্রহী নন। প্রথম আলো: কেন আগ্রহী নন?ফারুক আহমেদ: পরিবহনব্যবসা লাভজনক নয় বলে মালিকেরা দাবি করছেন। কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালুর কারণে মালিকদের আয় অবশ্য বেড়েছে। বেশির ভাগ মালিক কাউন্টার সার্ভিসের পক্ষে। আসলে সবাই সহযোগিতা করলে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস প্রথা সফল হবে।প্রথম আলো: সরকারি পরিবহন সংস্থা বিআরটিসিকে কি নতুন গাড়ি নামানোর আহ্বান করেছেন?ফারুক আহমেদ: আমরা বিআরটিসিকে লিখিতভাবে কোনো চিঠি দিইনি। তবে মৌখিকভাবে গাড়ি নামাতে অনুরোধ করেছি।প্রথম আলো: কাউন্টার সার্ভিস সফলে বাধা আর কোথায় আছে? ফারুক আহমেদ: পরিবহন শ্রমিক-মালিকদের দ্বন্দ্ব ও অবিশ্বাসের কারণে পরিবহন সেক্টরে সমস্যা প্রকট। তাঁদের পরস্পরের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে হবে। আর নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। আসলে যে কোনো কাজের শুরুতে সমালোচনা বেশি হয়।