বাস্কেটে বল ফেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা রঙের জার্সি পরে ওরা বল ছুড়ছে বাস্কেটে। কখনো বল বাস্কেটে ঢুকছে, আবার না ঢুকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বল বাস্কেটে ঢুকলেই বাড়ে পয়েন্ট । আর পাশে দাঁড়ানো বন্ধুদের হইহুল্লোড় চিৎকার-চেঁচামেচি। এমনই শ্বাসরুদ্ধকর পরিবেশের দেখা মিলল ঢাকার সেন্ট যোসেফ স্কুলের বাস্কেট বল গ্রাউন্ডে। এই প্রতিযোগিতার আয়োজকও সেন্ট যোসেফ স্কুল।চার গ্রুপে বিভক্ত হয়ে ঢাকার ১১টি স্কুলের শিক্ষার্থীদের নিয়েই আয়োজন করা হয়েছে ‘নওশির হাসান আন্তস্কুল বাস্কেটবল প্রতিযোগিতা’।এই আন্তস্কুল টুনার্মেন্টে অংশ নিয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ধানমন্ডি টিউটোরিয়াল স্কুল, সেন্ট গ্রেগরী হাইস্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ারস গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, সেন্ট নিকোলাস হাইস্কুল, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, সেন্ট প্লাসিডস হাইস্কুল, স্কলাসটিকা স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, সামারফিল্ড ইন্টারন্যাশন্যাল স্কুল, বান্দুরা হলিক্রস হাইস্কুলের শিক্ষার্থীরা। ২২ থেকে ২৬ মার্চ চলে এই প্রতিযোগিতা। বড় হয়ে বাস্কেটবল খেলোয়াড় হতে চায় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অলিবার মার্সী। তিনি বলেন, ’এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি। পড়াশোনার বাইরে এমন আয়োজনে অংশ নিতে পেরে আমরা খুশি।’এই প্রতিযোগিতার আহ্বায়ক আমির সেলিম জানান, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বাস্কেট বল খেলাকে জনপ্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।