এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন পেরুর ঔপন্যাসিক মারিও বার্গাস ইয়োসা। সাহিত্যে যাঁরা এ পুরস্কার পান তাঁদের নিয়ে পাঠকদের কৌতূহল থাকে। কিন্তু তাঁদের সবাই যে মোটামুটি সমান মাপের তা বলা যায় না। নোবেলের একটা ভূগোল আছে, রাজনীতিও আছে। সে রাজনীতি ছোটখাটো লেখকের হাতেও পুরস্কারটি তুলে দেয়, অথচ এড়িয়ে যায় মিলান কুন্ডেরার মতো লেখককে। তবে বার্গাস ইয়োসাকে নিয়ে কোনো তর্ক নেই। সেই কবে ষাটের দশকের শুরুতে যখন তাঁর শহর ও সারমেয়রা বেরোয়, তারপর বেরোয় কাতেদ্রাল বারে কথপোকথন, সবুজ বাড়ি, নায়কের সময় এবং হুলিয়া খালা আর নাটকওলা, তখন থেকেই তাঁর সাহিত্য কীর্তি বিশ্ববাসীকে তাক লাগিয়েছে। ষাটের দশকটি লাতিন আমেরিকান সাহিত্যে ছিল একটা বুম বা উত্থানের সময়; বিষয়বস্তুর বৈচিত্র্যে, জাদু বাস্তবতার ব্যবহারে, গল্প বলার অপূর্ব কুশলতায় বিশিষ্ট হয়ে দাঁড়াল এ মহাদেশের উপন্যাসগুলো। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস থেকে শুরু করে দিয়ামেলা এলতিত্, কাকে ছেড়ে কার নাম বলব, যিনি গল্প বলাকে একটা সূক্ষশিল্পে পরিণত করেননি?গার্সিয়া মার্কেসের নামটি অবশ্য বার্গাস ইয়োসার আলোচনায় দরকারি। দুজনের ভেতর এক সময় দারুণ সখ্য ছিল, যদিও তাঁদের মধ্যে বয়সের ব্যবধান ছিল আট বছরের। বার্গাস ইয়োসা অগ্রজনের ওপর একটি একাডেমিক অভিসন্দর্ভও লিখেছিলেন। কিন্তু ১৯৭৬ সালে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়, গার্সিয়া মার্কেস চড় মারেন বার্গাস ইয়োসার গালে।তারপর তাঁদের সম্পর্কের সমাপ্তি।তাঁদের কোনো একজন বা দুজনই ঘটনাটি নিয়ে একটা উপন্যাস লিখতে পারতেন। জীবনের অনেক সত্য ঘটনাকে অবলীলায় গল্পের অঞ্চলে নিয়ে যান লাতিন আমেরিকার গল্পকথকেরা। তাঁরা গল্পকার থেকে গল্পকথক, ‘আব্লাদর’ এই অভিধানটিই পছন্দ করেন বেশি। যেমন বার্গাস ইয়োসা। আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার, যার একটা বাংলা নাম আমি দিয়েছি হুলিয়া খালা আর নাটকওলা তার প্রমাণ। এ উপন্যাসটি যেন তিনি লেখেননি, মুখে মুখে বলেছেন, অথচ অসংখ্য ঘটনা, ঘটনার পেছনে পরতের পর পরতে সাজানো উপঘটনা, বিবিধ বিচিত্র নানা চরিত্র। ইতিহাস বাস্তবতা-পরাবাস্তবতা সব যেন চমৎকার মহড়া দেওয়া দলীয় নাচের মতো একটা ছন্দিত সাযুজ্যে মিলে যেতে থাকে। তার ওপর বইটির দুটি বড় গল্পের জোগান দিয়েছে বার্গাস ইয়োসার নিজের জীবনের কাহিনি। এর প্রথমটি ১৯ বছর বয়সে তাঁর থেকে প্রায় ১৩-১৪ বছরের বড়, সম্পর্কে তাঁর খালা হুলিয়া উর্কুইদিকে বিয়ে করা এবং লেখক হওয়ার তাঁর নিরন্তন সাধনা।ইংরেজি উচ্চারণে যার নাম জুলিয়া, স্প্যানিস উচ্চারণে তাঁকে বলা হবে হুলিয়া। হুলিয়াকে বিয়ে করে বেশ আনন্দেই দিন কেটেছে বার্গাস ইয়োসার। কিন্তু ছয় বছর মাত্র টিকে ছিল বিয়েটা। হুলিয়া খালা উপন্যাসটিতে আত্মজৈবনিক উপাদান আরও কিছু আছে কিন্তু এটিই প্রধান। তবে এর প্রধান চরিত্র মারিতো মারিও নিজে। উপন্যাসের স্ক্রিপ্টরাইটার অংশটি এক ছোটখাটো টাক মাথা নাট্যকারকে নিয়ে। যে বেতারের জন্য সিরিয়াল নাটক লিখে অল্প বয়সেই বিখ্যাত হয়ে যায়। রীতিমতো আলোড়ন সৃষ্টিকারী সিরিয়াল নাটকগুলো, যাদের চরিত্র সোপ অপেরার মতো। ১৯৭৭ সালে উপন্যাসটি বের হয়। আর আমার হাতে একটি কপি পৌঁছায় ১৯৮৪ সালে।পরের বছর সংবাদ-এর সাহিত্য সাময়িকীতে এ বইটির ওপর একটি আলোচনা লিখি, আমার ‘অলস দিনের হাওয়া’ কলামে, কলামটি ছিল বিশ্ব সাহিত্য নিয়ে। এটি শুরু করেছিলাম সাময়িকী সম্পাদক আবুল হাসনাত ভাইয়ের অনুপ্রেরণায়। এতদিন পর বার্গাস ইয়োসার নোবেল পাওয়ার পর বইটি আবার পড়লাম। মাঝখানে অভিজ্ঞতার জগতে জড়ো হয়েছে নানা সঞ্চয়। আমি নিজে গল্প লেখা শুরু করেছি। লাতিন আমেরিকার সাহিত্য মূল ভাষায় পড়ার জন্য স্প্যানিশ ভাষা শিখেছি দুই বছর। কিন্তু উপন্যাসটি পড়তে বসে মনে হলো, এর জাদুকরি আকর্ষণ একটুও কমেনি। বাড়ল বরং। যেহেতু এবার একটু মন দিয়ে পড়ে দেখলাম, বইটি অনেক কিছুর সঙ্গে একটি মেটাফিকশন। গল্প লেখা নিয়ে লেখা গল্প।বিষয়টা একটু ব্যাখ্যা করা যাক। দুটি প্রধান গল্প জোড়া দিয়ে মূল কাহিনিটি এই উপন্যাসের। একটিতে তো সেই ১৮ বছর বয়সী মারিতোর সঙ্গে খালা হুলিয়ার প্রেম, অন্যটিতে পেদ্রো কামাচো ও তাঁর জনপ্রিয় সোপ নাটক। মারিতো যে রেডিও স্টেশনে চাকরি নিয়েছিল, সংবাদ লেখক হিসেবে, সে স্টেশনেই প্রচারিত হতো পেদ্রোর সোপ নাটক। প্রতিটি পর্বই, যাকে বলে সুপারহিট। অথচ মারিতো নিজে লেখক হতে চাইছে। লিখছেও। কিন্তু সেগুলোকে নিজে ছাড়া অন্য কেউ মূল্য দিচ্ছে না। মারিতো অবাক হয় পেদ্রোর ক্ষমতা দেখে। একটা ঘটনাকে টেনে লম্বা করে, সে ঘটনার ভেতর থেকে ১০০টা সুতা বের করে, প্রতিটি পর্ব একটি উত্তেজনার মধ্যে রেখে শেষ করে দিব্যি লিখে চলছেন তার নাটক। দিনে ১৬-১৭ ঘণ্টা শুধু লিখছে। মেথড অ্যাকটিংয়ের মতো মেথড রাইটিং এবং একসঙ্গে অনেক নাটক। কিন্তু এক সময় নিজের কাহিনিগুলোর জটিলতায় আটকা পড়ে পেদ্রো। এত চরিত্র অনেকে ভুলেও যায়। একটু সমস্যা হলে কোনো চরিত্রকে মেরে ফেলে, আবার কোনো ব্যাখ্যা ছাড়া পুনরুজ্জীবিত করে। কিন্তু কাহিনি জটে শেষ পর্যন্ত নাকাল হতে হয় তাকে। এদিকে মারিতো ধীরে ধীরে এগোয়। তার প্রেম ইত্যাদিও যেন তাঁর লেখক হওয়ার গুরুত্বপূর্ণ উপাদান। ফলে ঠিক যখন পেদ্রো সমস্যায় পড়েছে, মারিতো দাঁড়িয়ে গেছে আপন শক্তিতে।মারিতোর বাস্তবতাগুলো অস্বীকার করার উপায় নেই, কিন্তু প্রতিবারই তাঁদের মোকাবিলা করার পথ সে নিজেই আবিষ্কার করে। ফলে উপন্যাসজুড়ে অবস্থান বদলের বর্ণনা, বাস্তব-অবাস্তবের দ্বন্দ্বের বিবরণ এবং একজন লেখক হয়ে ওঠার কথা। হুলিয়া খালা আর নাটকওলা শেষ পর্যন্ত পৃথিবীতে একজন শিল্পীর নিজস্ব জায়গা খুঁজে পাওয়া নিয়ে।উপন্যাসের কাহিনিসূত্র জটিল, বাস্তব-অবাস্তবের দ্বৈরথে তীব্র। কাহিনি বর্ণনায় আছে কৌতুক, ভাষা একই সঙ্গে প্রতিদিনের এবং অবচেতনের। অথচ এতসব জটিলতা নিয়েও পড়তে গেলে এমনভাবে টানে কাহিনিগুলো। শেষ না করে বইটি হাত থেকে রাখা যায় না।খুব কম উপন্যাসেরই দ্বিতীয় পাঠ এতটা আনন্দময় হয়।