বাস্তব জীবনে সিনেমার সংলাপের প্রয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বাংলা সিনেমায় আমরা বিভিন্ন ধরনের সংলাপ শুনি। কেমন হতো যদি সংলাপগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা যেত? ভেবেছেন আশফাকুর রহমান

ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না...

বিভিন্ন মেলা, পার্ক, জাদুঘর বা স্টেডিয়ামে নির্দিষ্ট উচ্চতার চেয়ে খাটো যে কেউ টিকিট ছাড়া ঢুকতে পারে। ধন্যবাদ দিয়ে যদি সত্যিই কাউকে ছোট করা যেত, তাহলে এসব স্থানে ঢোকার আগে মানুষজন একে অন্যকে ধন্যবাদ দিয়ে ছোট করে ফেলত। উচ্চতায় ছোট হওয়ায় সবাই এসব স্থানে প্রবেশ করতে পারত বিনা টিকিটে।

আইন নিজের হাতে তুলে নেবেন না...

নিজের হাত দিয়ে আইন তোলা গেলে অলিম্পিকে ভারোত্তোলনের পাশাপাশি ‘আইনোত্তোলন’ নামেও একটা ইভেন্ট যুক্ত হতো। এই ইভেন্টে বাংলা সিনেমার নায়কেরা স্বর্ণ পেতেন নিশ্চিত।

ডাক্তার সাহেব, আমি সবকিছু দেখতে পাচ্ছি...

বারবার পদক্ষেপ নেওয়ার পরও প্রশ্ন ফাঁস বন্ধ না হওয়া সবার কাছে বড় ধরনের রহস্য। কেউ ‘সবকিছু’ দেখতে পারলে দেখে নিতে পারত প্রশ্ন ফাঁসের মূল হোতা কারা। কীভাবে বা কোন প্রক্রিয়ায় প্রশ্ন ফাঁস হয়—সেসবও হবে পরিষ্কার।

বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহস তোর হলো কী করে!

চাঁদ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। চাঁদ সম্পর্কে জানার জন্য মহাকাশ গবেষণা সংস্থাগুলো বিপুল পরিমাণ অর্থ খরচ করে। তবে বামন লোকেরা একটু সাহস করলেই চাঁদে হাত দিতে পারলে মহাকাশ গবেষণা সংস্থাগুলোর এত ঝামেলা পোহাতে হতো না। বামন লোকেরা ইচ্ছামতো সাহস করে হাত বাড়িয়ে চাঁদ ধরে নিয়ে এসে মানুষের কৌতূহল মিটিয়ে দিত।

বল, কত টাকা হলে আমার মেয়েকে ভুলে যাবি?

টাকা হলেই যদি মেয়েদের ভুলে থাকা যেত, তাহলে বিপুল টাকার মালিক, অর্থাৎ ধনী যুবকেরা আজীবন সিঙ্গলই থেকে যেত। যদিও সেটা নিয়ে তাঁদের মনে কোনো ধরনের আফসোস থাকত বলে মনে হয় না।