বাস্তবিক জ্ঞানে সমৃদ্ধ হচ্ছেন এসইউবির ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রীরা
২০০২ সাল থেকে যাত্রা শুরু করে ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)। এখন ধানমন্ডি ২৭, কলাবাগান ও দক্ষিণ পূর্বাচলে স্থায়ী ক্যাম্পাস মিলিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছে আলাদা সুনাম। ব্যবসায় শিক্ষায় এখন পর্যন্ত ৩ হাজার ৬৫০ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর হয়েছেন এসইউবি থেকে। দেশ–বিদেশের নামীদামি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেওয়া শিক্ষকেরা এখানে পাঠদান করছেন, আধুনিক শিক্ষাপদ্ধতি বাস্তবায়নে ভূমিকা রাখছেন। করোনাকালের শুরু থেকেই অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞান নয়, ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমেও শিক্ষার্থীরা যেন সমৃদ্ধ হতে পারেন, সে উদ্দেশ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শন ও ফিল্ড ট্রিপের ব্যবস্থা করে ব্যবসায় শিক্ষা বিভাগ। স্বনামধন্য ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিদের নিয়মিত আমন্ত্রণ জানানো হয়। তাঁরা শিক্ষার্থীদের পরামর্শ দেন, নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। ছাত্রছাত্রীরাও বাস্তব জ্ঞান অর্জনের পাশাপাশি নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।
স্টাইল ইকো নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী সায়মা রহমান। তিনি বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়, আমার শিক্ষকেরা আমাকে শিখিয়েছেন, কীভাবে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয়, বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে কীভাবে নতুন দিগন্তের উন্মোচন করতে হয়।’ সায়মার মতো এমন অনেকেই ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। শিক্ষার্থীদের সুবিধার্থে এসইউবিতে আয়োজন করা হয় বিভিন্ন ইনোভেশন এক্সপো ও চাকরি মেলা।
এসইউবির ব্যবসায় শিক্ষা বিভাগে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য রয়েছে মেন্টরশিপের ব্যবস্থা, যা শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের সম্পর্ক আরও দৃঢ় করে। শিক্ষার্থী যে কেবল তাঁর শিক্ষাবর্ষে শিক্ষকদের সঙ্গে সংযুক্ত থাকেন তা নয়, বরং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সারা জীবনের জন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি শক্ত বন্ধনে আবদ্ধ হয়ে যায়।
ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান আলী আহসান বলেন, ‘শুধু পুঁথিগত বিশ্বাসী হলে চলবে না। বরং আচরণ, কথাবার্তা, চালচলনের মধ্য দিয়ে একজন দক্ষ, ভালো মানুষ হয়ে উঠতে হবে। তবেই সে মেধা ও মননে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।’