মূল রচনা
বাস্তবের দুই নায়ক
কেউ মানবহিতৈষী, কেউ আবার বিভিন্ন সংকটকালে সম্মুখসারির কর্মী। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক সংস্থা—ইউএনওসিএইচএ–ওয়েবসাইটে তাঁরা ‘রিয়েল লাইফ হিরোজ’ বা বাস্তবের নায়ক। ১৯ আগস্ট বিশ্ব মানবতা দিবস উপলক্ষে এমন কজনের গল্প প্রকাশ করেছে সংস্থাটি। যাঁদের মধ্যে আছেন বাংলাদেশি স্থপতি রিজভী হাসান ও ধাত্রী তানিয়া আক্তার। লিখেছেন সজীব মিয়া
নিরাপদ মাতৃত্ব তানিয়ার স্বপ্ন
ঘূর্ণিঝড় রোয়ানুর কথা অনেকের মনে আছে হয়তো। সে-ই যে ২০১৬ সালের মে মাসে আঘাত হেনেছিল দেশের উপকূলে। তার মাস দুই পর তানিয়া আক্তার তল্পিতল্পা নিয়ে হাজির কক্সবাজারের কুতুবদিয়ায়। উপজেলার উত্তর ১ নম্বর ধুরুং ইউনিয়ন তাঁর কর্মক্ষেত্র। এলাকার গর্ভবতী আর প্রসূতি মায়েদের সেবা দেওয়াই তাঁর দায়িত্ব।
যেতে যেতে তানিয়া দেখলেন রোয়ানুর ক্ষত উপকূলীয় এলাকাটির পথে–ঘাটে, মানুষের দৈনন্দিন জীবনে। আচমকা হারিয়ে গেলেন মাসখানেক আগের সময়ে, তখন তিনি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। নিজেকে আবিষ্কার করলেন আলোক ঝলমলে এক মঞ্চে। তাঁর সামনে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা শত শত স্বপ্নবান তরুণ। যেখানে আছেন বিশ্বখ্যাত অনেক মানুষও। ‘উইমেন ডিলিভার’ নামের সম্মেলন সেটা। মিডওয়াইফ প্রতিনিধি হিসেবে তানিয়ার উপস্থিতি সেখানে। একজন ধাত্রী হিসেবে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে নিজের প্রত্যয়ের কথা বলেছিলেন সেই সম্মেলনে।
সেই প্রত্যয়ে তানিয়ার কুতুবদিয়ায় যাওয়া। তবে বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন এই দ্বীপে পা ফেলেই বুঝলেন বাস্তবতা বড় কঠিন। সে কথা তানিয়ার মুখে শুনি, ‘গিয়ে দেখি, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি রীতিমতো ভূতের বাড়ি। কেউ সেখানে কাজ করতে চাইতেন না বলে বন্ধ দীর্ঘদিন।’ রীতিমতো ভয়ই পেলেন। প্রথম কর্মক্ষেত্র। কাজের অভিজ্ঞতাও কম। কীভাবে কাজ করবেন, সেসব নিয়েই ভাবছিলেন।
রিসার্চ ট্রেইনিং ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থার হয়ে সেখানে যান তানিয়া। ওদিকে ঢাকায় রেখে গেছেন মা-বাবা আর ছোট দুই ভাইকে। শহরে বেড়ে ওঠা মানুষের কাছে বিদ্যুৎহীন প্রত্যন্ত এলাকায় বসবাস করার কষ্টও ছিল। তানিয়া অবশ্য মনের ভেতর পুষে রাখা স্বপ্নকে সারথি করেছেন। সে স্বপ্নই তাঁকে পথ দেখাল। পরিবার পরিকল্পনা পরিদর্শকের সঙ্গে তিনি নিজেও ছুটলেন ইউনিয়নের বিভিন্ন গ্রামে। নিজ বাড়িতে অদক্ষ ধাইদের হাতে প্রসব করানোর ঝুঁকি আর নিজের দায়িত্ব ও সেবা সম্পর্কে জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকাবাসীকে বোঝালেন। প্রথম প্রথম সাড়া না পেলেও, মাস গড়াতে অনেক নারী আগ্রহ নিয়ে হাজির হলেন। তানিয়া নিজেও বাড়ি বাড়ি গেলেন। এই নারীদের কাছেই একসময় হয়ে উঠলেন ‘মা’, কারও–বা ‘বোন’।
তানিয়া আক্তার এখন দায়িত্ব পালন করেছেন কুমিল্লা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ২০১৮ সালে সরকারি মিডওয়াইফ হিসেবে যোগ দিয়েছেন। নিয়োগের পর প্রথম কর্মস্থল ছিল ভোলায়। করোনাকালেও ছিলেন সে দ্বীপ জেলায়। সম্মুখসারির যোদ্ধা হিসেবে সেবা দিচ্ছেন প্রসূতি মায়েদের।
যে সেবা করার আগ্রহ তানিয়ার ছোটবেলা থেকেই, তা-ই হয়তো ধাত্রীবিদ্যা পড়তে উৎসাহ জোগায় তাঁকে। তানিয়া বলেন, ‘যদিও এই পেশা সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। মিডওয়াইফারি বা ধাত্রীবিদ্যায় দেশে ডিপ্লোমা ডিগ্রি পড়া শুরু হলে প্রথম ব্যাচে ভর্তি হই ঢাকা নার্সিং কলেজে। ধীরে ধীরে জানলাম ধাত্রী কে, কী তার কাজ।’
২০১৫ সালের ডিসেম্বরে ডিপ্লোমা ডিগ্রি নেন তানিয়া। ২০১৬ সালে কুতুবদিয়ায় এক বছর দায়িত্ব পালন করেন। মাতৃমৃত্যু রোধে নিরাপদ মাতৃত্বের যে দায়িত্ব তানিয়ার কাঁধে, সেটা তাঁরও স্বপ্ন। তাই তো বইয়ের বিদ্যা আর মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা তাঁকে আনল উখিয়ায়। ২০১৭ সালের সেপ্টেম্বর সেটা। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ঢল তখনো থামেনি। উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু করলেন দায়িত্ব পালন। দিনরাত সেবা দিলেন শরণার্থী মায়েদের। তানিয়া বলেন, ‘সুস্থ নবজাতককে কোলে তুলে নিয়ে মা যে হাসি দেন, তা অপার্থিব। সেটাই আমার প্রাপ্তি। একজন মিডওয়াইফের জীবনে এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কিছু হয় না।’
সেই প্রাপ্তির পরশ পেতেই করোনাকালেও সেবা দিয়ে যাচ্ছেন তিনি। মায়েরা যখন হাসপাতালে আসাটাকে ঝুঁকি মনে করছেন, তখন মুঠোফোনে পরামর্শসেবা দিচ্ছেন তানিয়া আক্তার। তার এই সেবাপ্রবণ মনকে সম্মান জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক সংস্থা (ইউএনওসিএইচএ)। সংস্থার ওয়েবসাইটে তিনি বাস্তবের একজন নায়ক।
রিজভীর নকশায় আস্থার ছায়া
ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান–এ প্রতিবেদনটি করেছেন সাংবাদিক ও স্থাপত্য সমালোচক রোয়ান মুর। শিরোনাম ‘বিশ্বের সেরা দশ নতুন স্থাপত্য প্রকল্প’। গত ৯ মে প্রকাশিত সে প্রতিবেদনে রোয়ান মুর যে ১০টি স্থাপত্য প্রকল্পের কথা লিখেছেন, তার একটি বাংলাদেশি তরুণ স্থপতি রিজভী হাসানের। রিজভীর প্রকল্পের নাম ‘বিয়ন্ড সারভাইভাল: এ সেফ স্পেস ফর রোহিঙ্গা উইমেন অ্যান্ড গার্লস’।
নারী ও কিশোরীবান্ধব স্থাপত্য প্রকল্পটি সম্পর্কে রিজভী বললেন, ‘এই প্রকল্পের মাধ্যমে শরণার্থী হিসেবে আসা রোহিঙ্গা নারী ও কিশোরীদের আপন আঙিনা হিসেবে কয়েকটি সেন্টার গড়েছি আমরা।’ এই কেন্দ্রগুলোর স্থাপত্য নকশায় রিজভীর যে ভাবনা, সে জন্যই তাঁকে সম্মান জানিয়েছে ইউএনওসিএইচএ। সংস্থার ওয়েবসাইটে তাঁকে পরিচয় করিয়েছে রিয়েল লাইফ হিরোজ বা বাস্তবের নায়ক হিসেবে।
রিজভী হাসান এখন স্থপতি হিসেবে কাজ করছেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) হয়ে। আছেন কক্সবাজারে। ১৯ আগস্ট মুঠোফোনে জানালেন, তাঁর বেড়ে ওঠা ঢাকাতেই। স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে স্থাপত্য বিষয়ে পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। ২০১৭ সালে স্নাতক হয়ে চলে যান ঝিনাইদহ। সেখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্থপতি খন্দকার হাসিবুল কবিরের একটি প্রকল্পে কাজ করেন। এরপর ব্র্যাকের সঙ্গে শুরু করেন প্রকল্পের কাজ। রোহিঙ্গা শরণার্থী শিবিরে বিভিন্ন সংস্থার সহায়তা কেন্দ্র রয়েছে। রিজভী তাঁর প্রকল্পের মাধ্যমে ইউনিসেফ, ইউএনএইচসিআর, ইউএনওমেন, ব্র্যাকের মতো প্রতিষ্ঠানের জন্য সাতটি সেন্টার গড়েছেন। প্রকল্প দলে ছিলেন সাদ বিন মোস্তফা নামে আরেক স্থপতি। এই দলের অন্য সদস্যরা হলেন তাহরিমা আখতার, শেখ জাহিদুর রহমান ও বিপ্লব হোসাইন।
রিজভীর নকশায় গড়া কক্সবাজারের টেকনাফ উপজেলার আলুখালী শরণার্থীশিবিরের একটি কমিউনিটি সেন্টারের ছবি দেখছিলাম। দেখতে খুদে স্টেডিয়ামের মতো। গ্যালারির তো অংশটি ঘর। মাঝে ছোট খোলা আঙিনা। বাঁশের কাঠামোতে তৈরি ঘরের ছাউনি শণের। ঘরের ভেতরে রংবেরঙের নকশা। পাটি বিছিয়ে একদল কিশোরী হাতে–কলমে প্রশিক্ষণ নিচ্ছে। একটি ঘরে কয়েকজন নারী সেলাই মেশিন চালাচ্ছেন। রিজভী বলেন, ‘উন্নয়ন সংস্থাগুলোর অনেক কর্মসূচি চলে এসব কেন্দ্রে। এখানে রোহিঙ্গা নারী ও কিশোরীদের স্বাস্থ্যসহায়তা দেওয়া হয়, দেওয়া হয় কর্মমুখী প্রশিক্ষণ। শিশুদের জন্যও কাজ হয়। এখন যেমন করোনাকালীন জরুরি সেবার জন্যও কেন্দ্র ব্যবহৃত হচ্ছে। সেখানে তৈরি হচ্ছে মাস্ক।’
এই কেন্দ্রগুলোতে শরণার্থী নারীরা স্বচ্ছন্দে যান নিজেদের সমস্যা আর সম্ভাবনার কথা বলতে। তাই নারী ও কিশোরীরা যেন নিজেদের জায়গা ভাবেন, সেভাবেই নকশা করেন রিজভী। তাঁর স্থাপত্য নকশা ভাবনায় প্রধান লক্ষ্য ছিল ব্যক্তিগত গোপনীয়তা। রিজভী বলেন, ‘নকশা এমনভাবে করেছি, যেন বাইরে থেকে বোঝা না যায় ভেতরে কী আছে। অন্দরসজ্জাও বেশ বর্ণিল।’ এই স্থাপত্যকাঠামো তৈরি করা হয়েছে ঝড়প্রবণ এলাকার কথা মাথায় রেখে। ব্যবহার করা হয়েছে বাঁশ, শণসহ স্থানীয় উপকরণ।