কবুতরগুলো দেখে তাজ্জব বনে যেতে হয়! অবাক করা তাদের গড়ন। বাহারি তাদের রূপ। বাংলাদেশ ফেন্সি পিজিয়ন অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গত ৩১ মার্চ দুই দিনব্যাপী কবুতর মেলার আয়োজন করেছিল। সব মিলিয়ে মেলায় দেশি-বিদেশি ১২০ প্রজাতির কবুতর ছিল এই মেলায়। সারা দেশের শৌখিন পায়রাপ্রেমীরা তাঁদের পোষা কবুতর নিয়ে এসেছিলেন এই মেলায়। জেনে নিন মেলায় আসা বাহারি কিছু কবুতরের খোঁজ-খবর। নিকোবরপৃথিবীর বিখ্যাত এই কবুতরের আদি নিবাস ইন্দোনেশিয়ায়। দেশটির নিকোবর দ্বীপপুঞ্জে এই কবুতর দেখা যায়। অত্যন্ত চালাক, চতুর ও চঞ্চল স্বভাবের এই কবুতর এখন বেশ বিরল। নিকোবরের সবচেয়ে আকর্ষণীয় দিক, সূর্যের আলো গায়ে পড়লেই চিকচিক করে পালকগুলো। আর তখনই নানা ধরনের রং বদলের খেলা দেখা যায় কবুতরগুলোর শরীরজুড়ে! তবে ছায়ায় দেখলে খুব সাধারণ লাগে এদের। পানকৌড়ির মতো কুচকুচে কালো দেখায় তখন। এদের বশে আনা চাট্টিখানি কথা নয়। জেকোবিনএর সৌন্দর্য যে কারও মন কাড়বে। পুরো শরীর বড় বড় নরম ও রেশমি পালকে ভরা। এর ঘাড় ও মাথার পালকগুলো দেখতে ঠিক সিংহের কেশরের মতো! জেকোবিনের পালক সব সময় ফুলেফেঁপে ঊর্ধ্বমুখী। ফলে জেকোবিন দেখার সময় এর মাথা ও ঠোঁটের নাগাল পাওয়া দায়! তবে এর পা পালকহীন ও উজ্জ্বল, যা এর সৌন্দর্যে যোগ করে নতুন মাত্রা। ম্যাগপাই পোটারআদি নিবাস জার্মানি। অনেক লম্বা আকৃতির এই কবুতর দেখলে ভড়কে যেতে হবে, আদতেই এরা কবুতর কি না! এদের প্রধান বৈশিষ্ট্য, মাথা সব সময় উঁচু করে থাকে। খাদ্যথলি এমনভাবে ফুলিয়ে রাখে, দেখে মনে হবে ওখানে যেন পাম্প মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে ফোলানো হয়েছে। সারা গায়ে তো বটেই, পা দেখে মনে হবে মোজা পরে আছে ওরা! স্ট্রেচারএই প্রজাতিটি দেখলে কবুতর সম্পর্কে আপনার ধারণাই পালটে যাবে। দেখতে বেশ বড় ও মোটা আকৃতির। রাশভারী স্বভাবের, চলেও খুব হেলেদুলে। একে ব্রয়লার কবুতর হিসেবেও আখ্যায়িত করা যেতে পারে! সারা বিশ্বে ভোজনবিলাসীদের কাছে এই কবুতরের বেশ কদর!ফ্যান্টিলসব সময় ময়ূরের মতো পাখা ও লেজ মেলে থাকে। দূর থেকে দেখলে নির্ঘাত মনে হবে, ছোট জাতের ময়ূর! সৌন্দর্যের জন্য সারা বিশ্বেই এদের নামডাক! দুই সঙ্গী মিলে সারাক্ষণ খুনসুটিতে ব্যস্ত থাকে।ফ্রিলব্যাকভিন্ন রকম এক সৌন্দর্যমণ্ডিত এই ফ্রিলব্যাক কবুতর। গায়ের পালক দেখে মনে হবে যেন রং করা হয়েছে। এর একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, শরীরের পালক ও মাথার ঝুঁটি উল্টো দিকে মোড়ানো! এই কবুতরগুলো মিশ্র রঙের হয়।হোমারহোমারের আসল সৌন্দর্য হলো এর ঠোঁটে। ফুলওয়ালা ঠোঁটের এই কবুতর সহজেই আলাদা করা যায়। হোমারের এই ফুলের দেখা মিলবে যখন এর বয়স দুই বছর পূর্ণ হবে। এরা হালকা-পাতলা গড়নের। আর স্বভাবে চঞ্চল। অনেক দূর-দূরান্তে উড়ে যেতে পারে। আর তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তথ্য আদান-প্রদানের কাজে লাগানো হতো এদের!বোখারাএই কবুতরের মাথায় রয়েছে নকশা করা পালকের ফুল। ফুলের ভারে এদের মুখ দেখা যায় না বললেই চলে! মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পালকে মোড়ানো থাকে। লাজুক এই পায়রার আদি নিবাস এশিয়া অঞ্চলে।