বাহারি ছাতা
বাংলাদেশের বর্ষা বলে কথা, শেষ হয়েও যেন শেষ হতে চায় না।এখনও একপশলা বৃষ্টি ভিজিয়ে দিয়ে যায়। আবার বৃষ্টি হতে না হতেই কটকটে রোদ। সব মিলিয়ে নাজেহাল দশা। তবে যাঁরা ব্যাগে একটা ছাতা রাখেন, সমস্যা তাঁদের অনেকটাই লাঘব হয়ে যাবে। যেনতেন ছাতা হলে কি চলে? ব্যাগ, জুতা তো বটেই, আজকাল অনেকেই পোশাকের সঙ্গে মিলিয়ে ব্যবহার করছেন ছাতা। বাজার ঘুরে ফুল, প্রজাপতি, পাখি আবার লতাপাতার ছবিসংবলিত ফ্যাশনেবল ছাতা যেমন মিলবে, তেমনি এক রঙের ছাতার ওপরে বল ছাপ আবার এক পাশে লেইসের নকশা করা ছাতাও মিলবে। এই ছাতা দেখতে যেমন সুন্দর, তেমনি অনায়াসেই ভাঁজ করে ব্যাগে রাখা যায়। অর্থা ৎ ব্যবহারও আরামদায়ক।নগরের নিউমার্কেটে এ ছাতা কিনতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিমা আহম্মেদ বলেন, ‘হালকা রঙের এবং যে ছাতা তিন ভাঁজ করা যায়, এমন ছাতাই কিনছি। আর যেমন-তেমন ছাতা কিনলে কি চলে? তাই একটু খুঁজে ফ্যাশনেবল ছাতাই কিনছি।’নগরের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দোকান ইউনুস কসমেটিকস অ্যান্ড টয়েসের ব্যবস্থাপক মোহাম্মদ লিটন বলেন, একটা সময় কেবল বর্ষাকালেই ছাতা বিক্রি হতো। তবে এখন সারা বছরই ছাতার চাহিদা আছে। কারণ, তীব্র রোদ থেকে ত্বকও তো রক্ষা করতে হবে। আর নারীদের চাহিদা বেশি ফ্যাশনেবল ছাতার।শংকর আর অ্যাটলাস ব্র্যান্ডের ছাতার চাহিদা রয়েছে। এসব ছাতা গাঢ় ও হালকা উভয় রঙের হয়। তবে অটো ছাতা সাধারণত দুই ভাঁজের হয়ে থাকে।এ ছাড়া হালকা ওজন ও রঙে নকশা করা চীনা ছাতা খুব বেশি চলে। ভালো ব্র্যান্ডের ছাতা কেনা যাবে ৪৫০-৬৫০ টাকার মধ্যে। চীনা ছাতা কেনা যাবে ২৫০-৪৫০ টাকার মধ্যে। নগরের বসুন্ধরা সিটি, নিউমার্কেট, সুপার স্টোরসহ আলমাসে পাবেন ফ্যাশনেবল ছাতা।তবে ব্যবহারের পরে অবশ্যই ছাতার পানি শুকিয়ে মুছে তবেই তুলে রাখতে হবে। না হলে ছত্রাক পড়ে দুর্গন্ধ হয়ে যেতে পারে আপনার শখের ছাতাটি।