বাহারি পাঞ্জাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ পাঞ্জাবি। তাই একটু আগেভাগেই পছন্দের পাঞ্জাবিটা কিনে নিতে চান শিশু-তরুণ-বৃদ্ধ সবাই। কোন দামে মিলছে কেমন নকশার পাঞ্জাবি? নগরের বিপণিবিতান, স্যানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজার মতো অভিজাত বিপণিকেন্দ্রের ফ্যাশন হাউসগুলোতে চলছে এই খোঁজ। ক্রেতাদের পছন্দ বিবেচনায় রেখেই পাঞ্জাবির নকশায় এসেছে পরিবর্তন। ফ্যাশন হাউস শৈল্পিকের কর্ণধার এইচ এম ইলিয়াস বলেন, ‘ঈদে নতুন কিছু করার বিষয়টি মাথায় রেখেই নকশা করেছি। নতুন ১৮ ধাঁচের পাঞ্জাবি এখন পর্যন্ত বাজারে এনেছি।’ এসবের মধ্যে আছে পশ্চিমা আঙ্গিকের যোদপুরি, জ্যামিতিক নকশা ও ক্যালিগ্রাফি করা পাঞ্জাবি। জ্যামিতিক নকশা ও ক্যালিগ্রাফি করা পাঞ্জাবি এবারের নতুন সংযোজন বলে তিনি জানান । নগরের বিপণিবিতান ও স্যানমার ওশান সিটিসহ বিভিন্ন স্থানে শৈল্পিকের বিভিন্ন ধরনের পাঞ্জাবি বিক্রি হচ্ছে সর্বনিম্ন এক হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ নয় হাজার টাকায়। এরমধ্যে যোদপুরি পাঞ্জাবির দাম এক হাজার ৫০০ টাকা থেকে তিন হাজার টাকা। শেরওয়ানি আট থেকে নয় হাজার এবং ক্যালিগ্রাফি করা পাঞ্জাবি দেড় থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। নগরের বিভিন্ন ফ্যাশন হাউস ঘুরে দেখা গেছে এবার মাঝারি লম্বা ধাঁচের পাঞ্জাবিই বিক্রি হচ্ছে বেশি। শার্ট ও ফতুয়ার মতো কলার যোগ হয়েছে পাঞ্জাবিতে। ফ্যাশন হাউস নক্ষত্রের স্বত্বাধিকারী আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, পাঞ্জাবিতে এবার হ্যাণ্ড স্টিচ, চুমকি, জরি ও মেটালিকের কাজ করা হয়েছে। পাশাপাশি বর্ষা মৌসুম ও আর্দ্রতার বিষয়টি বিবেচনা করে সুতি কাপড়ে প্রাধান্য দেওয়া হয়েছে। নক্ষত্রের আটটি বিক্রয় কেন্দ্রে সর্বনিম্ন এক হাজার ৬৫০ টাকা থেকে তিন হাজার ৫০০ টাকায় পাঞ্জাবি বিক্রি হচ্ছে। আফমি প্লাজার জেন্টালম্যান ফ্যাশন হাউসে অ্যামব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট ও মিশ্র মাধ্যমের কাজ করা পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। দাম পড়বে সর্বনিম্ন এক হাজার ৪৫০ টাকা থেকে তিন হাজার টাকা। এ ছাড়া যারা সাদা সুতি কাপড়ের সনাতনী পাঞ্জাবি পছন্দ করেন তাঁদের একটু ঘুরে আসতে হবে রেয়াজুদ্দিন বাজার ও টেরিবাজারে। সুতার কাজের এসব পাঞ্জাবি মিলবে ৫০০ থেকে পাঁচ হাজার টাকায়।