বাহারি পোশাকে উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈচিত্র্যময় পোশাকে দ্যুতি ছড়ায় ফিউশন কিউ
বৈচিত্র্যময় পোশাকে দ্যুতি ছড়ায় ফিউশন কিউ

উদ্বোধনী নাচ শেষ হলো সবে। নাচের পর সুরের খেয়া—‘আমি চিনি গো চিনি’। রবীন্দ্র সুরের তালে তালে র্যাম্পে এলেন মডেলরা। পরনে বাঙালির চিরায়ত পোশাক শাড়ি। বাহারি শাড়ি ছড়িয়ে দিল উৎসবের বারতা, যা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যেও। শুরুতেই জমে ওঠে অনুষ্ঠান।
৪ জুন ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার প্রতিটি ফ্যাশন কিউই ছিল উপভোগ্য। দ্বিতীয় কিউতে ‘কালার বাঁশি রইতে না দেয় ঘরে’ গানের সঙ্গে প্রদর্শিত শাড়িও ছিল নজরকাড়া। এবার শাড়িতে তুলনামূলক হালকা কাজ দেখা যায়। শুধু তা–ই নয়, কিছু শাড়িতে ছিল জীবনানন্দ দাশ ও কাজী নজরুল ইসলামের কবিতার ক্যালিগ্রাফি। দুটি কিউর পর আবার নাচ।
এরপর ‘শুকনো পাতার নূপুর পায়ে’ গানের সঙ্গে তরুণীদের পছন্দের পোশাক সালোয়ার–কামিজ নিয়ে র্যাম্পে হাঁটেন মডেলরা। সালোয়ার–কামিজ ‘ক’ বিভাগের এই প্রদর্শনীতে প্যাটার্নে ডিজাইনারদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। দেশীয় কাপড়ে পাশ্চাত্য ও দেশীয় ডিজাইনের মিশেল দেখা গেল এ বিভাগের পোশাকে। এ ছাড়া ‘আয় কে যাবি’ ও ‘সুন্দরী কমলা’ গানের সঙ্গে প্রদর্শিত হয় সালোয়ার–কামিজ ‘খ’ বিভাগের পোশাক। এ বিভাগেও প্যাটার্নে ভিন্নতা দেখা যায়। সালোয়ার–কামিজের পরে ছিল মেয়েদের ফতুয়ার কিউ।
আর ছেলেদের উৎসব মানেই পাঞ্জাবি। ‘ও দয়াল রে’ গানের সঙ্গে পাঞ্জাবির ফ্যাশন কিউতে দেখা যায় এবারের ট্রেন্ড। এ ছাড়া পাঁচমিশালি গানের বাজনার তালে ফিউশন ও ‘লাজুক পাতার মতো লজ্জাবতী’ গানের সঙ্গে যুগল পোশাকের কিউও বেশ আকর্ষণীয় ছিল। এভাবে একে একে নয়টি কিউতে চলে পোশাকের প্রদর্শনী। প্রতিযোগিতায় অংশ নেওয়া ডিজাইনারদের পোশাক ছাড়াও ডায়মন্ড ওয়ার্ল্ডের পোশাক ও গয়নারও দুটি ফ্যাশন কিউ ছিল অনুষ্ঠানে।