বাহারি পোশাকে ঠাসা বিপণিকেন্দ্র, দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে জমে উঠছে ঈদের বাজার। দোকানিরাও বাহারি পোশাকে পসরা সাজিয়েছেন। আগেভাগে পছন্দের 
পোশাক কিনতে বিপণিকেন্দ্রে ঢুঁ মারছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। এবার তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে
‘ছাম্মাকছাল্লো’, ‘হান্নিবান্নি’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’ নামের থ্রি-পিস ও লেহেঙ্গা। তবে ক্রেতাদের অভিযোগ, দাম আকাশছোঁয়া।
গত মঙ্গলবার শহরের পানবাজার সড়কের ফিরোজা শপিং কমপ্লেক্সের পোশাকের দোকান পরীস্থানে গিয়ে দেখা গেছে,
ভারতীয় একটি লেহেঙ্গার দাম হাঁকা হচ্ছে ৪০ হাজার টাকা। এ ছাড়া শাড়ি পাঁচ থেকে ২০ হাজার টাকা, থ্রি-পিসের মধ্যে
ছাম্মাকছাল্লো ১০ থেকে ১৮ হাজার, হান্নিবান্নি আট থেকে ১২ হাজার ও আশেকি-২ থ্রি-পিস ২৫ থেকে ৩০ হাজার,
লেহেঙ্গার মধ্যে চেন্নাই এক্সপ্রেস ৩০ থেকে ৪০ হাজার ও আইপিএল ১২ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
দোকানের মালিক আহমদ হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে কাপড়ের দাম একটু বেশি। তার পরও
অনেকে চাহিদামতো কাপড় কিনছেন। ১০ রোজার পর বেচাবিক্রি আরও বাড়বে।
একই বিপণিকেন্দ্রের মনেরেখ, শাহপীর, মক্কা স্টোর, গাউসিয়া, নিউ পয়েন্টসহ বিভিন্ন দোকানে অপেরা কাতান শাড়ি দুই
থেকে ছয় হাজার, জামদানি পাঁচ থেকে আট হাজার, জুট কাতান পাঁচ থেকে সাত হাজার, ছোটদের লেহেঙ্গা/ থ্রি-পিস তিন
থেকে সাত হাজার, ফ্রক এক থেকে তিন হাজার, শিশুদের পোশাক এক থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।
শহরের ইডেন গার্ডেন সিটির ‘মনেরেখ’ কাপড়ের দোকানে গিয়ে দেখা গেছে, তরুণীদের ভিড়। কলেজছাত্রী জান্নাতুল
ফেরদৌস জানান, পাঁচ হাজার টাকায় তিনি থ্রি-পিস কিনেছেন। কিন্তু দাম বেশি হওয়ায় বড় বোনের জন্য পছন্দসই শাড়ি
কিনতে পারছেন না।
গৃহবধূ মর্জিনা আলম (৪৫) বলেন, পাঁচ হাজার টাকার মধ্যে মেয়ের জন্য একটি থ্রি-পিস কিনতে এসেছি। কিন্তু যেগুলো
পছন্দ হয়, সেগুলোর দাম হাঁকছে ১০ থেকে ১৫ হাজার টাকা।
শহরের সুপার মার্কেট, সি-কুইন, নিউ মার্কেট, ফজল মার্কেট, সৈকত সুপার মার্কেট, এ সালাম মার্কেটসহ বিভিন্ন
বিপণিকেন্দ্রে সন্ধ্যার পর থেকে শাড়ি, থ্রি-পিস, প্যান্ট-শার্ট, পাঞ্জাবি কেনার জন্য সব বয়সীরা ভিড় জমাচ্ছেন। এসব
দোকানে থ্রি-পিস বিক্রি হচ্ছে দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। শাড়ির দোকান পুষ্পিতা, পিভিসার, মুক্তা ফেব্রিক্সসহ
বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে ভারতীয় সিনেমা ও নায়িকার নামে আকর্ষণীয় শাড়ি। দাম পড়বে দুই থেকে ২০ হাজার টাকার
মধ্যে।
পুরুষদের পোশাক বিক্রির প্রতিষ্ঠান স্কাই ডিপার্টমেন্টাল স্টোরে জিরসের প্যান্ট, টি-শার্ট, শার্ট ও পাঞ্জাবি বিক্রি হচ্ছে এক
থেকে ছয় হাজার টাকার মধ্যে।