বাহারি ফুল, রসাল ফলের মেলা
গাছে ধরে আছে পাকা ফজলি আম। পাশের গাছে ডোরাকাটা থাইল্যান্ডের মাল্টা, পিচফল। আছে জামরুল, থাই লিচু, ড্রাগন ফল, থাই আঁশফল, করমচা, জাম, সফেদা, পেয়ারাসহ আরও কত্ত ফল। শুধু কি ফল, বাহারি পাতা, ফুল ও ঔষধি গাছও সারি সারি। এক বাগানে এত্ত কিছু! নগরের বুকে অস্থায়ী এই বাগান আউটার স্টেডিয়ামে।
সিটি করপোরেশনের আয়োজনে ৮ জুন থেকে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা। রুক্ষ আউটার স্টেডিয়ামে এখন সবুজের সমারোহ। হাজার রকমের গাছে ভরে গেছে মেলা প্রাঙ্গণ। গাছ চেনা আর নিরিবিলি পরিবেশে ঘুরে বেড়াতে বিকেল থেকে ভিড় করেন প্রকৃতিপ্রেমীরা।
গত শনিবার মেলা ঘুরে দেখা গেছে, সিটি করপোরেশনের স্টল, ব্র্যাক ও নগরের বিভিন্ন নামী নার্সারির মোট ৬৫টি স্টল রয়েছে। ফুলগাছের মধ্যে আছে বিভিন্ন জাতের গোলাপ, বেলী, জুঁই, টগর, জবা, কামিনী, গ্ল্যাডিওলাস, চেরি, ড্রাগন ফুল, প্যাশন ফ্লাওয়ার প্রভৃতি চারা পাওয়া যাচ্ছে ১০ থেকে ১৫০ টাকায়। টবসহ গাছ পড়বে ২০০ থেকে ৫০০ টাকা। ফলের মধ্যে আছে থাই প্রজাতির ডোরাকাটা মাল্টা, কমলা, থাই কুল, বাতাবি লেবু, আঁশফল, পিচফল, ট্যাংফল, স্ট্রবেরি, আঙুর। এ ছাড়া দেশীয় আম, জাম, কাঁঠাল, লিচু তো আছেই। এসব গাছের চারা পাওয়া যাবে ২০ থেকে ১৫০ টাকায়। কলম করা গাছ ১৫০ থেকে ৬০০ টাকা। আর টবের গাছ এক হাজার থেকে ২০ হাজার টাকায় পাওয়া যাবে।
মেলা থেকে লেবু ও মরিচগাছ কিনে ফিরছিলেন আইনজীবী নিশাত আক্তার। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘আমি তো শ্রাবণ মাসের এই মেলার অপেক্ষায় থাকি। এক জায়গায় বহু প্রজাতির গাছ দেখার সুযোগ পাই। তা ছাড়া এত গাছের মধ্যে ঘুরতেও ভালো লাগে।’
মেলায় দেওয়ান হাট থেকে গৃহিণী সেলিনা আক্তার এসেছেন ঔষধি গাছের খোঁজে। তিনি একটা বহেরাগাছ কিনেছেন। তিনি বলেন, মেলায় আসি, কারণ সব ধরনের ঔষধি গাছই আছে। ঔষধি গাছের মধ্যে আছে অ্যাস্টবিয়, বহেরা, হরীতকী, নিম, তুলসী, বাসক, ঘৃতকুমারী, পাথরকুচি প্রভৃতি। এগুলোর চারা পড়বে ১০ থেকে ১০০ টাকা।
ফতেয়াবাদ নার্সারির মুহাম্মদ রফিক বলেন, গৃহিণীদের আগ্রহ ফুল ও পাতাবাহার, মরিচ, লেবু এগুলোর প্রতি। এ ছাড়া ফলের গাছও বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বেচাকেনা বেশ ভালোই। বিভিন্ন স্টলে মাটির দৃষ্টিনন্দন ফুলের টবও বিক্রি হচ্ছে। এগুলোর দাম ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে।
মেলার বনসাইগুলো স্বাভাবিকভাবেই সবার নজর কাড়ছে। চায়নিজ বট, অশ্বথ বট, কাটা মেহেদি, অর্জুন, সাইরাস বট, চেরিফল প্রভৃতি বনসাই পাওয়া যাবে এক থেকে ৫০ হাজার টাকায়। মেলার সবচেয়ে দামি বনসাইটি পাওয়া যাবে কসমো নার্সারিতে। চেরিফলের বনসাইটির বয়স ২২ বছর, দাম ৫০ হাজার টাকা।
ফুলের নার্সারি ছাড়াও রয়েছে দুটি মধু ও একটি ভেষজ ওষুধের স্টল। এ ছাড়া মেলায় প্রতিদিন বিকেলে থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সিটি করপোরেশন পরিচালিত বিদ্যালয়গুলোর শিক্ষার্থী নবীন শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে। মেলা কমিটির চেয়ারম্যান কাউন্সিলর জহর লাল হাজারী বলেন, ‘মেলার এবার ১৭তম আসর। প্রতিবছর মেলার আয়োজনে সফলতাও এসেছে। যাঁরা আসছেন, তাঁরা একটি হলেও গাছ কিনছেন।’