বাহারি বাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের সৌন্দর্য তুলে ধরতে চাই পরিপূর্ণ সজ্জা। নানা ধরনের আসবাবের সঙ্গে টেবিলবাতিতে আলো-আঁধারির খেলা অন্দরে নিয়ে আসতে পারে আলাদা ভালো লাগা। ‘আজকাল অনেকেই নিজের ঘরকে মনের মতো করে সাজাতে চায়। আর ভিন্নধর্মী আলোকসজ্জা ঘরের ভেতরে ভিন্নতা নিয়ে আসে। তাই ঘরে আলোকসজ্জার জন্য নানা ধরনের টেবিলবাতি ব্যবহার করতে পারেন। বাজারেও এখন আছে নানা ধরনের টেবিল-ল্যাম্প।’ এভাবেই বলছিলেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরীন চৌধুরী। তবে ঘরে টেবিল-ল্যাম্প ব্যবহারের সচেতন হতে হবে। কারণ, কোন বাতি কোথায় ব্যবহার করবেন সেটা জেনেশুনে কিনুন। নানা ধরনের বাতির ভেতরে কোনটি কোথায় বসাবেন তা জেনে নিন গুলশান নাসরীন চৌধুরীর কাছে। বাসার ড্রয়িংরুমে লম্বা স্ট্যান্ডের টেবিল-ল্যাম্প ব্যবহার করা যায়। তিন থেকে চার ফুট লম্বা হতে পারে এসব ল্যাম্পের স্ট্যান্ড। রুমের তিন পাশে তিন সাইজের ল্যাম্প ব্যবহার করা যায়। তবে আলোর ক্ষেত্রে অবশ্যই ঘরের অন্য আসবাব, পর্দা বা দেয়ালের রংটা মাথায় রাখা জরুরি। শোবার ঘরে একটু কম আলোই ভালো। অনেকে ঝুলন্ত ডিমলাইট ব্যবহার করেন বেডরুমে। এখানে ভিন্নতা আনতে শেড দিতে পারেন। বেডরুমের এক কোনায় রাখতে পারেন স্ট্যান্ড লাইট। রুমে শুয়ে বই পড়ার অভ্যাস থাকলে টেবিলের ওপর রাখতে পারেন নরম রঙের বাতি। খাবার টেবিলের ওপর শেড দেওয়া বাতিতে উজ্জ্বলতা বাড়াতে পারেন। বাচ্চাদের ঘরে তাদের পছন্দের কোনো চরিত্র বা খেলনার আদলে তৈরি বাতি দিতে পারেন। স্ট্যান্ড লাইটের পাশে রাখতে পারেন পটারি, ফুলদানি বা কোনো খেলনা হাতি, ঘোড়া ইত্যাদি।বাজারে নানা ধরনের টেবিল-লাইট আসছে নিয়মিত। কাগজ বা কাপড়ে তৈরি নানা ধরনের শেড পাওয়া যায়, যা লাইটের ওপর বসিয়ে দিতেই ঘরের রং পাল্টে যাবে। নানা ধরনের সিরামিকস বা মাটির তৈরি পাত্রের টেবিলল্যাম্প আছে। তা ছাড়া কাঠের গুঁড়ির আদলে তৈরি বাতি আছে বিভিন্ন দোকানে। আড়ংয়ের বিক্রয়কর্মী কানিজ ফাতেমা বলেন, ‘অনেকেই পিতলের বাতিগুলো পছন্দ করে। তা ছাড়া ঝুলন্ত ল্যাম্প শেডও ভালো চলছে এখন।’ এসবের বাইরেও বাঁশ বা বেতের তৈরি টেবিল-ল্যাম্পও বাজারে আছে।দরদামবিভিন্ন ধরনের টেবিল-ল্যাম্পের ভেতরে কাপড়ের তৈরি ল্যাম্প শেড পাওয়া যাবে ২৫০ টাকা থেকে ৮০০ টাকায়। মাটি বা সিরামিকের তৈরি পটারি আকারের লাইট পাবেন ৩০০ থেকে ৯০০ টাকায়, কাঠের তৈরি লাইট পাবেন দুই হাজার টাকার ভেতর। পিতলের নানা ধরনের লাইটের দাম পড়বে ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। যেখানে পাবেনরাজধানীর বিভিন্ন মার্কেটে মিলবে টেবিল-ল্যাম্প। আড়ং, যাত্রা, আইডিয়াস, লাইট স্টোরসহ নিউমার্কেট, গুলশান, বনানী, রামপুরা, মালিবাগ, উত্তরা, মিরপুর ও মোহাম্মদপুরের বিভিন্ন দোকানে পাবেন টেবিল-ল্যাম্প।