রোজাকে ঘিরে পণ্য আমদানি বাড়তে শুরু করেছে মার্চ মাসের শুরু থেকেই। আবার বাজেটকে কেন্দ্র করেও শুল্ক-কর বাড়তে পারে এমন পণ্য আমদানির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই এপ্রিল-মে মাসে এখনকার তুলনায় পণ্য আমদানির হার বাড়বে। ফলে অবকাঠামো সীমাবদ্ধতার কারণে এবারও জাহাজ ও কনটেইনার জটের আশঙ্কা করছেন ব্যবহারকারীরা।
গত ১০ দিনে বন্দরের প্রকাশিত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, জেটিতে ভেড়ানোর জন্য গড়ে প্রতিদিন তিন থেকে চারটি জাহাজকে বহির্নোঙরে অপেক্ষা করতে হচ্ছে। এসব জাহাজের জেটিতে ভেড়ানোর সুযোগ মিলছে এক থেকে তিন দিন পর্যন্ত বহির্নোঙরে অপেক্ষা করার পর। একই অবস্থা সাধারণ পণ্যবাহী জাহাজের ক্ষেত্রেও। গত মঙ্গলবার সাধারণ পণ্যবাহী পাঁচটি জাহাজ জেটিতে ভেড়ানোর জন্য বহির্নোঙরে অপেক্ষা করছিল।
বন্দর ও ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী, অবকাঠামো সংকটে গত বছর (২০১৬) ব্যবসায়ীরা সেবা পেতে বেশি ভুগেছেন। ওই সময় প্রতিটি কনটেইনারবাহী জাহাজ বন্দরে আসার পরও জেটিতে ভেড়ানোর জন্য গড়ে তিন দিন তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। বন্দরের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হয়। গত বছর বাজেটের আগে শুল্ক বাড়ানোর ইঙ্গিত পেয়ে রড তৈরির মধ্যবর্তী কাঁচামাল বিলেট আমদানি বেড়ে যায়। স্বাভাবিক সময়ে মাসে দুই-তিনটি বিলেটবাহী জাহাজ এলেও শুধু মে মাসে আসে ১২টি।
চট্টগ্রাম চেম্বার ও বন্দর ব্যবহারকারী ফোরামের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, পণ্য পরিবহন যেভাবে বাড়ছে সেভাবে জেটি, যন্ত্রপাতি ও ইয়ার্ড বন্দরে যুক্ত হচ্ছে না। ফলে সেবা পেতে ব্যবসায়ীদের সময় লাগছে বেশি। রোজা ও বাজেটের সময় পণ্য পরিবহন বাড়ায় এবারও এর ব্যতিক্রম হবে না। এ জন্য বন্দরের যথেষ্ট প্রস্তুতি রাখা উচিত। না হলে পণ্য পরিবহনে ভয়াবহ জট তৈরি হবে।
বন্দর ব্যবহারকারীরা জানান, পণ্য পরিবহন বাড়তে থাকায় বন্দর কর্তৃপক্ষ জেটি নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় ও কনটেইনার রাখার চত্বর নির্মাণের নানা প্রকল্প হাতে নিলেও এখনো কার্যত কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি। ফলে সীমাবদ্ধ অবকাঠামো নিয়ে এখন বন্দরে কনটেইনার ও পণ্য পরিবহন হচ্ছে।
জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবাল প্রথম আলোকে বলেন, রোজা ও বাজেটের সময় পণ্য আমদানি বাড়লেও সমস্যা হবে না। কারণ, যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। জুলাইয়ের আগে কিছুসংখ্যক যন্ত্রপাতি যুক্ত হবে বন্দরের বহরে। আবার রুবি সিমেন্টের পাশে কনটেইনার রাখার ইয়ার্ড নির্মাণ হচ্ছে। আগামী জুনের মধ্যে এই ইয়ার্ড চালু হবে।
বন্দরের তথ্য অনুযায়ী, বন্দরের সবচেয়ে বড় প্রকল্প নিউমুরিং কনটেইনার টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর জন্য ৫১টি যন্ত্র সংগ্রহ প্রকল্পের মধ্যে চুক্তি হয়েছে মাত্র ৯টির। এর বাইরে ২১টি যন্ত্রের দরপত্র মূল্যায়ন পর্যায়ে রয়েছে। দরপত্র আহ্বান করা হয়েছে ১১টির। তবে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর মূল যন্ত্র গ্যান্ট্রি ক্রেনের দরপত্রের প্রক্রিয়া শুরু হয়েছে। কার্যাদেশ দেওয়ার পরও এটি বন্দরের বহরে যুক্ত হতে অন্তত দেড় বছর সময় লাগবে।
যন্ত্রপাতি ছাড়াও বন্দরের চারটি টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া চলছে, যেগুলোর একটিরও এখন পর্যন্ত নির্মাণকাজ শুরু হয়নি। শুধু বন্দরের বহরে কনটেইনার রাখার একটি ইয়ার্ড যুক্ত হচ্ছে এ বছরের মাঝামাঝি সময়ে। বন্দর সূত্রে জানা গেছে, অর্থবছরের আট মাসে বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয়েছে ১৬ লাখ ১৩ হাজার ৭৪৮টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। গত অর্থবছর একই সময় পরিবহন হয়েছিল ১৪ লাখ ১৬ হাজার ৪৬টি। এ হিসাবে আট মাসে কনটেইনার পরিবহন বাড়ার হার প্রায় ১৪ শতাংশ।
তবে কনটেইনারের চেয়ে পণ্য পরিবহন বেড়েছে বেশি। অর্থবছরের আট মাসে সব ধরনের পণ্য পরিবহন হয়েছে ৫ কোটি ২৪ লাখ টন। গত অর্থবছর একই সময়ে ছিল ৪ কোটি ৯ লাখ টন। পণ্য পরিবহন বাড়ার হার ২৮ শতাংশ।
রোজা ঘিরে এ মাস থেকে পণ্য আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। বন্দর দিয়ে ছোলা, ডাল, চিনি, ভোজ্যতেলসহ রোজায় ব্যবহৃত পণ্য আমদানি বাড়ছে। গতকালের হিসাবে, বন্দরে ভোগ্যপণ্যবাহী ১৬টি জাহাজ অবস্থান করছে।
প্রসঙ্গত, বন্দরে প্রায় চার কিলোমিটার লম্বা ১৯টি জেটির মধ্যে চালু আছে ১৮টি। জাহাজের আকারভেদে এসব জেটিতে একসঙ্গে ১৬ থেকে ১৭টি জাহাজে ভেড়ানো যায়।
সমুদ্রপথে আমদানি পণ্যের ৯৩ শতাংশই এই বন্দর দিয়ে পরিবহন হয়। মোংলা বন্দর দিয়ে পরিবহন হয় ৭ শতাংশ। কনটেইনারের প্রায় ৯৮ শতাংশই চট্টগ্রাম দিয়ে পরিবহন হয়।