বাড়ছে টমেটোর উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতারবাড়ির মগদিল এলাকার একটি খেতে টমেটোর পরিচর্যা করছেন চাষি l প্রথম আলো
মাতারবাড়ির মগদিল এলাকার একটি খেতে টমেটোর পরিচর্যা করছেন চাষি l প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এবার টমেটোর ভালো ফলন হয়েছে। পাশাপাশি ন্যায্য দাম পাওয়ায় খুশি চাষিরা। উপজেলার একটি পৌরসভা ও আট ইউনিয়নের ৫০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫০ টন। ফলন দেখে কৃষি কর্মকর্তারা আশা করছেন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে উৎপাদন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবারে উপজেলার ৬২টি গ্রামে টমেটোর চাষ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত মেট্রিক টন। সে হিসাবে ৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫০ টন। ইতিমধ্যে ফলন দেখে কৃষি কর্মকর্তারা আশা করছেন উৎপাদন ৪০০ মেট্রিক টনের মতো হবে। সরেজমিনে দেখা গেছে, ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকূল ও দক্ষিণকূলে সবচেয়ে বেশি টমেটোর চাষ হচ্ছে। টমেটোর পাশাপাশি স্থানীয় চাষিরা ফুলকপি, বাঁধাকপি, শিম, তরমুজসহ নানা ধরনের সবজি চাষ করছেন। পৌর এলাকার গোরকঘাটাবাজার, ছোটমহেশ-খালীর লম্বাঘোনাবাজার ও বড়মহেশখালী ইউনিয়নের নতুন বাজারেরগুলোতে টমোটো বিক্রি করছেন চাষিরা।
বাজার ঘুরে দেখা গেছে, চাষিরা পাইকারি বিক্রেতাদের কাছে প্রতি কেজি টমোটো ২০ থেকে ২৫ টাকা করে বিক্রি করছেন। খুচরা বাজারে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকায়। বাজারে আসা চাষিরা জানান, প্রতি কেজি টমেটো উৎপাদনে তাঁদের খরচ হয় ১০ থেকে ১৫ টাকা। প্রতি কেজিতে লাভ থাকে ১০ টাকার কাছাকাছি।
ছোটমহেশখালী ইউনিয়নের উত্তরকূলের চাষি মনিন্দ্র লাল দে বলেন, এ বছর ৩০ শতক জমিতে টমেটো চাষ করছেন তিনি। অন্য বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে। খরচ বাদ দিয়ে তাঁর প্রায় এক লাখ টাকা লাভ হবে বলে জানালেন।
মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন প্রথম আলোকে বলেন, গত বছরের চেয়ে এ বছর ১০ হেক্টর বেশি জমিতে টমেটোর চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে। মূলত চাষিদের লাভ বেশি হওয়ায় টমেটোর চাষ বাড়ছে।