বাড়ছে পর্যটক জমছে বার্মিজ মার্কেট
‘ঈদের পরদিন থেকেই বাড়ছে পর্যটকের সংখ্যা। আর তাই বেচাবিক্রিও হচ্ছে ভালো। এখন থেকে টানা কয়েক মাস এই বার্মিজ মার্কেট জমজমাট থাকবে। পর্যটকেরাই আমাদের প্রধান ক্রেতা। তাই আমরাও তাঁদের সব সময় সন্তুষ্ট করতে চেষ্টা করি।’কক্সবাজার শহরের টেকপাড়া বার্মিজ মার্কেটের একটি দোকানের বিক্রয়কর্মী রাখাইন তরুণী এছেন নো এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন। ঈদের পর কক্সবাজারে আসা পর্যটকদের কারণে ঝিমিয়ে পড়া বার্মিজ মার্কেট আবারও জমে উঠেছে। এ কারণে এছেন নোর মতো ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানকার বিক্রেতারা।বাজারঘাটা বার্মিজ মার্কেটের রাখাইন তরুণী উ চেং জানান, ‘গত চার মাস এখানে পর্যটক ছিল না, তাই বেচাবিক্রিও তেমন হয়নি। এখন পর্যটকে ভরপুর, তাই বেচাবিক্রিও অনেক।’পাশের আরেকটি দোকানের রাখাইন তরুণী উ খিং চ জানান, ‘আগে সারা দিনে এক হাজার টাকার মালামালও বিক্রি হতো না, আর এখন প্রতিদিন ২০ থেকে ৪০ হাজার টাকার মালামাল বিক্রি হচ্ছে।’সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের টেকপাড়া, বাজারঘাটা, বৌদ্ধমন্দির, বার্মিজ স্কুল, ফুলবাগ সড়কসহ বিভিন্ন এলাকায় ছয় শতাধিক বার্মিজ দোকান রয়েছে। এসব প্রতিষ্ঠানে অন্তত পাঁচ শতাধিক রাখাইন ও পাহাড়ি আদিবাসী তরুণী কর্মরত আছেন। স্থানীয় রাখাইনদের মধ্যে অনেকে নিজের ব্যবসা নিজেরা পরিচালনা করেন। ঈদের পর পর্যটন মৌসুম শুরু হওয়ায় বেচাবিক্রিও বেশ ভালো। এ কারণে এখানকার কর্মজীবী নারীরা মহা খুশি। ঢাকার নবাবপুর থেকে ভ্রমণে আসা পর্যটক জামাল উদ্দিন (৩৪) জানান, ‘রাখাইন ও চাকমা তরুণীদের সুন্দর ব্যবহারে মুগ্ধ হন পর্যটকেরা। এখানকার ঐতিহ্যবাহী পোশাক ও উপহার সংগ্রহ করতে পর্যটকেরা বার্মিজ মার্কেটে আসেন।’কক্সবাজার বার্মিজ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি অং চিং রাখাইন জানান, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পর্যটন মৌসুমের চার মাস এই মার্কেটগুলোতে বেচাবিক্রি বেশি থাকে। ভ্রমণে আসা পর্যটকের মধ্যে ৯৮ শতাংশ এই মার্কেটে এসে কেনাকাটা করেন। বিশেষ করে রাখাইন, চাকমা, মারমাদের তৈরিজামাকাপড়, শাল চাদর, থামি লুঙ্গি, বিছানার চাদর, প্রসাধনসামগ্রী, আচার, জুতা ও স্যান্ডেলের প্রতিই পর্যটকদের আগ্রহ বেশি। তবে ব্যবসায়ীদের মনের আনন্দ খানিকটা হলেও ম্লান হয়েছে স্থানীয় কিছু বখাটে তরুণের কারণে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দোকানমালিক জানান, সন্ধ্যা বা রাতে লোডশেডিং হলে কিছু বখাটে তরুণ ও যুবক মার্কেটে ঢুকে তরুণীদের উত্ত্যক্ত করে। চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটে; এতে মার্কেটের পরিবেশ নষ্ট হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, বার্মিজ মার্কেটসহ সব বিনোদনকেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সমুদ্রসৈকতে নারী পর্যটকদের নিরাপত্তায় টহল পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নারী পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।