বাড়ছে শিক্ষকদের অন্তর্কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষকদের মধ্যে অন্তর্কোন্দল ও মতবিরোধের ঘটনা বাড়ছে। ফলে বাধাগ্রস্ত হচ্ছে বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম। এমনকি বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। এতে সেশনজটসহ নানা একাডেমিক সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে চলতি বছরে শিক্ষকদের মধ্যে অন্তর্কোন্দলের তিনটি ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। বিভাগগুলো হচ্ছে: প্রাচ্যভাষা, সমাজতত্ত্ব ও আইন বিভাগ।সূত্র জানায়, আইন বিভাগে স্নাতকোত্তর শ্রেণীর একটি কোর্সের পরীক্ষক পরিবর্তন নিয়ে অনুষদের ডিন জাকির হোসেন ও সভাপতি মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদারের মধ্যে কয়েকদফা পাল্টাপাল্টি চিঠি চালাচালি হয়। একপর্যায়ে বিভাগীয় সভাপতির একটি চিঠির ভাষাকে আক্রমণাত্মক, প্রতিহিংসামূলক এবং অসৌজন্যমূলক আখ্যয়িত করে অধ্যাপক জাকির হোসেন মৌখিক পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষা কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। পরে অবশ্য উপাচার্যের অনুরোধে তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করেন। এ কারণে স্নাতকোত্তর শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়ের দুই মাস পর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ইমরান হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। গত বছরের ডিসেম্বর মাসে প্রাচ্যভাষা বিভাগের সংস্কৃত শাখার শিক্ষার্থীরা স্বতন্ত্র বিভাগের দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের এ আন্দোলনের জের ধরে বিভাগের শিক্ষকেরাও বিভক্ত হয়ে পড়েন। বিভাগের এ ঘটনায় গত জানুয়ারিতে কলা অনুষদের ডিন অধ্যাপক গোলাম কিবরিয়া ভূঁইয়াকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেটের ৪৭৫তম সভায় বিভাগের শিক্ষক সুপ্তিকণা মজুমদারের একটি ইনক্রিমেন্ট বাতিল করে সতর্কতামূলক চিঠি দেয়। অবশ্য সিন্ডিকেটের ৪৭৭তম সভায় সেই সিদ্ধান্ত আবার বাতিল হয়। গত জানুয়ারিতে সমাজতত্ত্ব বিভাগের শিক্ষকদের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়। এতে বিভাগের শিক্ষা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। একজন শিক্ষক বিভাগের আরেক জ্যেষ্ঠ শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনকে চিঠি দেন। বিভাগের এসব ঘটনায় অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্তকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছিল। শিক্ষকদের অন্তর্কোন্দলে বিভাগের শিক্ষার্থীরা বর্তমানে প্রায় ছয় মাসের সেশনজটে পড়েছে বলে জানা গেছে। এ ছাড়া সম্প্রতি একই বিভাগের সভাপতি ইন্দ্রজিৎ কুণ্ডু জীবনের নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে বিভাগের একজন শিক্ষক তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন। অধ্যাপক ইন্দ্রজিৎ কুণ্ডু প্রথম আলোকে বলেন, ‘সহকর্মী এক শিক্ষকের কারণে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, ‘আইন অনুষদের ঘটনায় সমঝোতা হয়েছে। তবে শিক্ষকদের মধ্যে এ ধরনের প্রবণতা দুঃখজনক। আশা করি শিক্ষকেরা ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়িয়ে চলবেন।’ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল হুদা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক সচেতন ও মেধাবী। তাই নিজেদের মধ্যে কোনো মতদ্বৈততা সৃষ্টি হলে তা বিভাগেই সমাধান করা উচিত। এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয়, যা বিভাগের বাইরে আলোচনার জন্ম দেয়।’শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের এ দ্বন্দ্ব ও বিরোধের কারণে সেশনজটসহ বিভিন্ন একাডেমিক সমস্যায় ভুগছেন। এ ছাড়া শিক্ষকেরা শ্রেণীকক্ষে পাঠদানের সময়ও একে অপরের বিরুদ্ধে বিষোদগার করেন।