কক্সবাজারের মহেশখালী উপজেলায় মিষ্টি পানের দাম বেড়েছে। বাড়তি দাম হাসি এনেছে চাষিদের মুখে। তিন সপ্তাহ আগের চাইতে বর্তমানে দেড়-দুই গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এখানকার উৎপাদিত বিখ্যাত মিষ্টি পান। চাষিরা জানান, গত বছর সেপ্টেম্বর-অক্টোবরে পান চাষের শুরুতে অতিবৃষ্টির কারণে পানের বরজ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁদের আশঙ্কা ছিল এবার পান বিক্রি করে খরচ উঠে আসবে না। কিন্তু বর্তমানে বাড়তি দাম পেয়ে তাঁরা খুশি। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, ছোটমহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ের ঢালু জায়গায় এক হাজার ৪০০ হেক্টর এবং ১০০ হেক্টর কৃষি জমিতে পান চাষ হয়। পানের বরজের সংখ্যা প্রায় নয় হাজার। সাধারণত প্রতিহেক্টর জমিতে ছয়টি পানের বরজ করা যায়। প্রায় ১৩ হাজার ব্যক্তি পান চাষে জড়িত।বরজ থেকে পান তুলে চাষিরা স্থানীয় হাটবাজারে বিক্রি করেন। উপজেলার গোরকঘাটা, বড় মহেশখালী ইউনিয়নের নতুনবাজার, হোয়ানক ইউনিয়নের টাইমবাজার, পানিরছড়া বাজার, কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া বাজার, জনতাবাজার ও শাপলাপুর বাজারে সপ্তাহে দুই দিন করে পানের বাজার বসে।গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে জনতাবাজার গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকার শতাধিক চাষি পান বিক্রিতে ব্যস্ত অনেকটা খোশ মেজাজে। পাইকারি ব্যবসায়ীরা স্থানীয় চাষিদের কাছ থেকে পান কিনে ট্রাকভর্তি করে বন্দর নগরী চট্টগ্রাম, বাঁশখালী ও চকরিয়াসহ বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছেন। চট্টগ্রামের চাক্তাই থেকে আসা পান ব্যবসায়ী রফিকুল আনোয়ার বলেন, ‘সপ্তাহ দুই দিন এখানকার বিভিন্ন বাজার থেকে পান কিনে নিয়ে বন্দর নগরে নিয়ে যাই। খুচরা ব্যবসায়ীরা আমাদের কাছ নিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করেন।’ অন্যান্য সময়ের তুলনায় গত তিন সপ্তাহ ধরে পানের দাম বেশি বলে জানান রফিকুল আনোয়ার। ছোট মহেশখালী ইউনিয়নের বড়কুলাল পাড়ার পানচাষি নূরুল আমিন (৪৫)বলেন, ‘এক মাসে আগেও পানের যা দাম পাওয়া গিয়েছিল তাতে হতাশ হয়েছিলাম। কিন্তু গত ২০-২১ দিন থেকে বাজারে পানের দাম দেড় থেকে দুই গুণ বেড়ে যাওয়ায় মোটামুটি লাভের মুখ দেখছি।’ নূরুল আমিন জানান, এর আগে যে পানের দাম ছিল এক বিরা (৮০টি) ৯০ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। এ ছাড়া, মৌসুমের প্রথম দিকে বৃষ্টির কারণে বরজের কিছুটা ক্ষতি হলেও শেষ পর্যন্ত ফলনও ভালো হয়েছে। জানা যায়, প্রতিহেক্টর জমিতে পান চাষ করতে খরচ পড়ে প্রায় সাড়ে ছয় লাখ টাকা। বিক্রি হয় প্রায় ১৬ লাখ টাকার বেশি। এতে খরচ বাদ দিয়ে লাভ হয় প্রতিহেক্টরে প্রায় সাড়ে নয় লাখ টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন প্রথম আলোকে বলেন, এবার মহেশখালীতে পানের ফলন ভালো হয়েছে। প্রথম দিকে দাম কম থাকায় চাষিরা কিছুটা হতাশ হলেও বর্তমানে বাড়তি দাম পেয়ে তাঁরা বেশ খুশি।