বাড়তি দামের সুফল পাচ্ছেন না পানচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার পানচাষিরা ভালো নেই। ফলন নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। অতিবৃষ্টির কারণে বরজ নষ্ট ও বিল বরজ (কৃষিজমি) তৈরিতে দেরি হওয়ায় পান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে, বাজারে পানের দাম বাড়তি, কিন্তু চাষিরা চাহিদামতো পান সরবরাহ দিতে পারছেন না।জানা গেছে, উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া ও শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ের ঢাল ও কৃষি জমিতে পান চাষ করে আসছেন স্থানীয় চাষিরা। পাহাড়ি এলাকায় একটি বরজে পান চাষ দুই থেকে তিন বছর পর্যন্ত করা গেলেও কৃষি জমিতে চাষ হয় মাত্র ছয় মাস। এসব জমিতে পান চাষ শুরু করতে হয় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে। পান তোলা হয় মে মাসে। শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকার পানচাষি নুর মোহাম্মদ (৪৫) বলেন, ‘ডিসেম্বর মাসের শুরু থেকে বাজারে পানের দাম বাড়ছে। কিন্তু ঠিক সময়ে চাষ শুরু করতে না পারায় এখনো পান তুলতে পারছি না। ফলে অনেক চাষিকে লোকসান গুনতে হবে।’ বারিয়াপাড়া এলাকার পানচাষি শফিউল আলম (৪৫), আনোয়ার হোসেন (৫০) ও কবির হোসেন (৪০) বলেন, কৃষি জমিতে সেপ্টেম্বর মাসে পান চাষ করার শুরুতেই অতিবৃষ্টির কারণে পানের বরজ নষ্ট হয়ে যায়। চাষিরা একটি পানের বরজে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। চাষিরা জানান, সপ্তাহের বিভিন্ন দিন উপজেলার গোরকঘাটা, বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার, হোয়ানক ইউনিয়নের টাইম বাজার, পানিরছড়া বাজার, কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া বাজার, জনতাবাজার ও শাপলাপুর বাজারে পানের বাজার বসে। শাপলাপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইয়েদুল আলম বলেন, এখন প্রতি বিড়া পান আড়াই শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অথচ চাষিরা এ সুযোগ কাজে লাগাতে পারছেন না। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মহেশখালীতে প্রায় ১৩ হাজার চাষি এক হাজার ৫০০ হেক্টর জমিতে পান চাষ করছেন। তার মধ্যে বিল বরজ দেড় শ হেক্টর ও পাহাড়ি বরজ এক হাজার ৩৫০ হেক্টর। প্রতি হেক্টর জমিতে ১০৭ মেট্রিক টন পান উৎপাদন হয়। বিক্রি হয় প্রায় ১৬ লাখ টাকায়। জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহারাইন বলেন, যথাসময়ে চাষিরা বিল বরজে চাষ শুরু করতে না পারায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এখনো অনেক বরজে বিক্রি করার মতো পান উৎপাদন হয়নি। এতে কৃষকেরা বাড়তি দামের সুফল পাচ্ছেন না। এ ছাড়া এবার লক্ষ্যমাত্রা অর্জনও ব্যাহত হতে পারে।