বাড়তি বাসভাড়া নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে সরকার ঘোষিত বর্ধিত বাসভাড়া কার্যকর হওয়ার শুরুতে ভাড়া নিয়ে যাত্রী ও শ্রমিকদের সঙ্গে বাগিবতণ্ডা ও কথা কাটাকাটি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। গতকাল শনিবার সকাল থেকে নগরের একে খান মোড়, টাইগারপাস, বহদ্দারহাট, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।জানা গেছে, তেলের দাম বাড়ার পর যোগাযোগ মন্ত্রণালয় ১৭ মে নতুন করে বাসভাড়া নির্ধারণ করে। ন্যূনতম ভাড়া দুই বা তিন টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা করা হয়। বাসভাড়া ৬৬ থেকে ১৫০ শতাংশ বৃদ্ধিতে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। ফলে বিভিন্ন নগর পরিবহনে শ্রমিকদের সঙ্গে যাত্রীদের বাগিবতণ্ডা ও কথা কাটাকাটি শুরু থেকেই লেগেছিল। ১৯ ও ২০ মে থেকে নতুন ভাড়া কার্যকরের চেষ্টার পর থেকে যাত্রী ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। গতকাল শনিবার দুপুরে নগরের কাজীর দেউড়ি মোড়ে একটি বাসের শ্রমিকের সঙ্গে দুই বাসযাত্রীর কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইভাবে শনিবার সকালে নগরের একে খান মোড় ও কর্নেলহাটে বাসযাত্রীর সঙ্গে শ্রমিকদের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। এ প্রসঙ্গে ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত বলেন, ‘টাইগারপাস, কর্নেলহাট, আগ্রাবাদসহ বিভিন্ন স্থানে টুকটাক কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটছে। তবে তা বড় হওয়ার আগেই পুলিশের হস্তক্ষেপে সমাধান করে দিয়েছি। নগরের বিভিন্ন মোড়ে আমাদের পুলিশ মোতায়েন রয়েছে।’সিএনজি অটোরিকশা-শ্রমিকেরাও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে টাইগারপাসে একটি মিছিল বের করেন বলে তিনি জানান। জানা গেছে, নগর পরিবহনে বিশৃঙ্খলা এড়াতে কর্নেলহাট, সাগরিকা মোড়, একে খান মোড়, আগ্রাবাদ, দেওয়ানহাট, ইপিজেড, নিউমার্কেট, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহলও জোরদার করা হয় বলে জানা গেছে। তার পরও কিছু কিছু ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘টুকটাক কিছু ঘটনা ঘটছে। তবে পুলিশের চেষ্টা রয়েছে যাতে বিশৃঙ্খলা না হয়। আমরাও শ্রমিকদের বলেছি যাতে কোনো রকম বাগিবতণ্ডায় না জড়ায়।’