বাড়ন্ত শিশুর যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর ছয় মাস পর থেকে বাড়ন্ত সময়টিতে প্রয়োজন হয় বাড়তি যত্ন। কারণ, এ সময় শিশুর মানসিক ও শারীরিক বিকাশের সূচনা হয়। এ বিষয়ে কথা বলেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ এরশাদুর রহিম।শিশুর ছয় মাস পর তার খাবার থেকে শুরু করে মানসিক বিকাশে ঘটে বিশাল পরিবর্তন। তিনি মনে করেন, এ সময় মায়ের দুধের পাশাপাশি শিশুকে নতুন খাবারের সঙ্গে পরিচয় করাতে হয়। কতটা আকর্ষণীয় করে শিশুর সামনে খাবার পরিবেশন করা হবে, তার ওপর নির্ভর করে শিশুর রুচি। কারণ, প্রতিদিন একইভাবে একজাতীয় খাবার খেতে খেতে খাওয়ায় অরুচি চলে আসে। শিশুর না খাওয়ার সমস্যাটি প্রধানত তখন থেকেই শুরু হয়। তিনি আরও জানান, ছয় মাস পর থেকে শিশুকে বেশির ভাগ ক্ষেত্রে আদর্শ খাবার হিসেবে খিচুড়ি দেওয়া হয়। খিচুড়িতে প্রায় সব ধরনের পুষ্টিগুণ থাকে এবং নরম হওয়ায় খেতে সুবিধা হয়। পারিবারিক খাবার হিসেবে আমরা যা খাই, তা একটু নরম করে শিশুকে দেওয়া যেতে পারে। শিশুর খাবারে পর্যাপ্ত পুষ্টিগুণ আছে কি না তা খেয়াল রাখতে হবে। খাদ্যে ছয় ধরনের উপাদান শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুষম খাদ্যতালিকায় সবজি, ভিটামিন, ক্যালরি, প্রোটিন, মিনারেল ও আয়োডিনযুক্ত লবণ অল্প পরিমাণে থাকবে।শিশুর বাড়ন্ত সময়ে তার চারপাশের পরিবেশ মানসিক বিকাশে প্রভাব বিস্তার করে বলে জানান এরশাদুর রহিম। তিনি বলেন, এ সময় শিশুর চারপাশের পরিবেশ আনন্দঘন ও আন্তরিকতাপূর্ণ হতে হবে। শিশুকে বোঝাতে হবে যে সে গুরুত্বপূর্ণ। পারিবারিক ঝামেলা থেকে শিশুকে দূরে রাখতে হবে। মায়ের মন খারাপ থাকলে তা শিশুকে প্রভাবিত করে। পারিবারিক অশান্তি শিশুর ব্যক্তিত্ব বিকাশে বাধা দেয়। সাধারণ নিয়মে যে শিশুটি চঞ্চল হয় অথবা সব বিষয়ে আগ্রহী হয়, সেই শিশুটি তখন নিজের মধ্যে গুটিয়ে যায়। অভিভাবককে অবশ্যই শিশুর কৌতূহলী মনের চাহিদা মেটাতে হবে।অসুখ-বিসুখ প্রসঙ্গে তিনি জানান, অনেক সময় দুধের ল্যাকট্রোজেন শিশুর পেটে সহ্য হয় না। এতে পেটের সমস্যা হয়। এ সময় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা সব ক্ষেত্রে বজায় রাখতে হবে। শিশুকে যে পানি দেওয়া হবে, তার বিশুদ্ধতার দিকে লক্ষ রাখতে হবে।আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে শিশুকে কুসুমগরম পানি দিয়ে অল্প সময় ধরে নিয়মিত গোসল করাতে হবে। ঘামাচি হলে বেশি পাউডার ব্যবহার না করে বরং ঠান্ডা কাপড় দিয়ে মুছে দিলে ভালো হয়।সর্বোপরি, শিশুর এই বাড়ন্ত সময়টিতে মা-বাবাকে তার মানসিক ও শারীরিক গঠনে বেশি খেয়াল রাখতে হবে। শিশুর দুই বছর পর্যন্ত অন্যান্য খাবারের পাশাপাশি মায়ের দুধের বিকল্প কোনো কিছুই হয় না। শিশুর বাড়ন্ত সময়ে আপনার একটু বেশি নজর তার ভবিষ্যৎ করতে পারে সুনিশ্চিত।