বাড়বকুণ্ডে মারা পড়ল হরিণ
সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের উপকূলীয় বন থেকে চারটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ে। স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে হরিণগুলো আটক করেন। এ সময় হরিণগুলো গুরুতর আহত হয়। ফলে এক দিন পর দুইটি হরিণ মারা যায়। অপর দুটি হরিণ বন বিভাগের লোকজন উদ্ধার করে উপকূলীয় বনে ছেড়ে দেন বলে জানা গেছে। উপকূলীয় বন বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল সকাল সাতটার দিকে উপজেলার বাড়বকুণ্ড নডালিয়া গ্রামের লোকজন এলাকায় চারটি হরিণ দেখে ধাওয়া দিয়ে সেগুলো আটক করেন। হরিণগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের, নূর নবী সওদাগর ও জসীম উদ্দিনের বাড়িতে রাখা হয়। ওই দিনই খবর পেয়ে সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা জামিল খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এমরান খান ও বাঁশবাড়িয়া বিট কর্মকর্তা হাসান মিয়া হরিণগুলো উদ্ধার করে উপজেলা পশুসম্পদ কার্যালয়ে নিয়ে যান। উপজেলা পশুসম্পদ কর্মকর্তা কামরুল ইসলাম হরিণগুলোকে তাত্ক্ষণিক চিকিৎসা দিলেও এক দিন পর দুইটি হরিণ মারা যায়। উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা জামিল মো. খান জানান, জীবিত হরিণ দুইটিকে সুস্থ করে বগাচতর গভীর বনে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, হরিণ শিকারিদের ধাওয়া খেয়ে এসব হরিণ লোকালয়ে চলে আসতে পারে। উপকূলীয় এলাকায় প্রায় দুই শতাধিক হরিণ রয়েছে। যথাযথ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় স্থানীয় লোকজন হরিণ শিকার করে বলে তিনি মন্তব্য করেন।