বাড়াবাড়ি রকমের বাড়িয়ে বলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৯ সাল। তখন চট্টগ্রাম কলেজে পড়ি এবং সোহ্রাওয়ার্দী হোস্টেলে থাকি। আমাদের হোস্টেল সুপার ছিলেন কলেজের অঙ্ক স্যার, নামটা মনে নেই। তিনি হোস্টেলের পূর্ব দিকের দুটি কক্ষে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন। খুবই মহানুভব ও দিলদরিয়া ছিলেন তিনি। কোনো ছাত্রের আর্থিক সমস্যা থাকলে তিনি ডাইনিংয়ের খাওয়ার খরচ নিজেই দিয়ে দিতেন। বাবা প্রতি সপ্তাহে দু-তিন দিন টেলিফোন করে আমার খোঁজখবর নিতেন। হোস্টেলের টেলিফোন টেবিলটি ছিল সিঁড়িঘরের বারান্দার বাম পাশে। সবাই সেখান থেকে দরকারমতো টেলিফোন করতে পারত। একদিন সন্ধ্যায় টেলিফোন টেবিলে দাঁড়িয়ে বাবার সঙ্গে কথা বলছি। তখন বিদ্যুৎ নেই। প্রায় দুই ঘণ্টা ধরে লোডশেডিং হচ্ছে। আমার ছিল সব কথা একটু বাড়িয়ে বলার অভ্যাস, আর বাবার ছিল সব বিষয়ে বেশি বেশি চিন্তিত হওয়ার বাতিক। বাবা জিজ্ঞেস করলেন, ‘খাওয়া খরচ কবে দিতে হবে?’ আমি খুব জোর দিয়ে বললাম, ‘এখনই দিতে হবে।’ বাবা বললেন, ‘তাই নাকি! তা টাকা না দেওয়ায় তোর ডাইনিংয়ে খেতে অসুবিধা হচ্ছে না তো?’ আমি মহা উৎসাহে আরও এক কাঠি বাড়িয়ে বললাম, ‘হচ্ছে না মানে, সুপার বলেছে খাওয়াই বন্ধ করে দেবে।’ সঙ্গে সঙ্গে বুঝলাম বাড়িয়ে বলাটা বাড়াবাড়ি রকম বেশি হয়ে গেল। ‘মিথ্যাও বলা হয়?’ হঠাৎ অন্ধকারে বোঝা গেল টেবিলের অপর পাশে বসা লোকটি আর কেউ নন, আমাদের সুপার স্যার নিজে।  সাইফুর রহমানসেনপাড়া পর্বতা, মিরপুর, ঢাকা।