বাড়ি তাঁরা পেয়েছেন কাগজে
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে শহীদ এক মুক্তিযোদ্ধার দুই সন্তানকে পরিত্যক্ত একটি বাড়ি প্রতীকী মূল্যে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে ২০০৭ সালে। ওই দলিলই কেবল তাঁরা পেয়েছেন, বাড়িতে উঠতে পারেননি এখনো। কারণ ওই বাড়িতে আগে থেকে অবস্থিত উপনির্বাচন কমিশন কার্যালয় এখনো স্থানান্তরিত করা যায়নি। বিজ্ঞপ্তি দিয়েও কমিশনের জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না। তাই ভাড়া বাসায় বসবাস করতে হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচলাইশে প্রায় ২৫ শতক জমির ওপর নির্মিত সরকারি পরিত্যক্ত দোতলা ওই বাড়ি ১০ বছর ধরে উপনির্বাচন কমিশনার কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাড়িটির নিচতলা পরিত্যক্ত। ভারি বৃষ্টি হলেই সেখানে পানি জমে। দোতলার কক্ষগুলোর একটিতে উপনির্বাচন কমিশনার এস এম এজাহারুল হকের দপ্তর, অন্য তিন কক্ষে কার্যালয়ের অন্যরা বসেন এবং বাকি দুইটি কক্ষ ব্যবহার হয় এজাহারুল হক ও দুই কর্মচারীর বাসা হিসেবে। বাড়িটি ২০০১ সালের ২৯ এপ্রিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় শহীদ মুক্তিযোদ্ধা মুরিদুল আলমের পরিবারকে বরাদ্দ দেয়। ২০০৩ সালে গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি প্রতীকী মূল্যে মুরিদুল আলমের দুই ছেলে মাহবুবুর রহমান ও মাহবুব আলমের নামে রেজিস্ট্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সহকারী সিনিয়র সচিব ফাতিমা রেজিয়া আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে ওই কার্যালয় অন্যত্র স্থানান্তর করতে বলা হয়। ২০০৭ সালে এক হাজার এক টাকা প্রতীকী মূল্যে বাড়িটি ওই দুজনের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়। দলিলে সরকারের পক্ষে সই করেন চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক। ওই বছরের ১৫ এপ্রিল তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলম স্বাক্ষরিত চিঠিতে ছয় মাসের মধ্যে নির্বাচন কার্যালয় সুবিধাজনক স্থানে সরিয়ে নিতে বলা হয়।জানা যায়, ২০০৯ সালের ১২ মে নির্বাচন কমিশনের উপসচিব জেসমিন টুলীর স্বাক্ষর করা এক চিঠিতে কার্যালয়ের জন্য বিকল্প বাড়ি খোঁজা এবং ওই বাড়িতে এত দিন বসবাসের জন্য ভাড়া নির্ধারণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু কমিশন এখনো বিকল্প বাড়ি বা সরকারি হারে বাড়ি ভাড়ার জন্য দুবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও সাড়া পায়নি। সর্বশেষ গত নভেম্বরে পরিত্যক্ত সম্পত্তি বোর্ডের সভায় বাড়িটি থেকে কার্যালয় সরানোর বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করা হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভার কার্যবিবরণী নির্বাচন কমিশন বরাবরে পাঠানো হয়।বাড়ি প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, ‘সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা ও নির্দেশ সত্ত্বেও উপনির্বাচন কমিশন কার্যালয় সরানো হচ্ছে না। ফলে এই বাড়ি থাকতেও আমাদের ভাড়া বাসায় থাকতে হচ্ছে।’ উপনির্বাচন কমিশনার এস এম এজাহারুল হক এ বিষয়ে বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমাকে উঠে যাওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সরকারিভাবে কোনো বাড়ি দেওয়া হচ্ছে না। কয়েক মাস ধরে বাড়িটির ভাড়াও পরিশোধ করা হচ্ছে না। আমি বাড়ি খুঁজছি। কিন্তু সরকারি হারে কেউ অফিসের জন্য বাড়ি ভাড়া দিতে চাইছেন না।’ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব জেসমিন টুলী টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘বাড়িটি ছেড়ে দিতে অতীতে আমরা উপনির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছি। এটি কমিশনের ভাবমূর্তির বিষয়। চট্টগ্রাম ব্যয়বহুল শহর হওয়ায় সরকারি যে ভাড়ার হার রয়েছে তাতে বাড়ি মিলছে না। তবে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। আশা করি এর একটা সমাধান হবে।’