বাড়ি ফিরতে পারেনি ক্ষতিগ্রস্ত ২৬ বাঙালি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘাইছড়ির বাঘাইহাটে আদিবাসী-বাঙালি সহিংস ঘটনার এক বছর দুই মাস পেরোলেও তার জের বয়ে বেড়াচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। পরিস্থিতি স্বাভাবিক হলেও আদিবাসী-বাঙালিদের মধ্যে দূরত্ব কমেনি। ছোট ছোট ঘর তুলে অনেক আদিবাসী পরিবার থিতু হয়েছে, কিন্তু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ২৬ বাঙালি পরিবার এখনো ঘরে ফিরতে পারেনি। সরেজমিনে দেখা যায়, বাঘাইহাটের হাজাছড়া থেকে গঙ্গারাম মুখ এলাকায় এখনো রয়ে গেছে সহিংসতার ক্ষত। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছে। পর্যাপ্ত ক্ষতিপূরণ ও বসতি স্থাপনকারী বাঙালিদের সরিয়ে নেওয়াসহ বিভিন্ন দাবিতে বাঘাইহাট বাজারটি বন্ধ রেখেছে আদিবাসীরা। ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি আদিবাসী-বাঙালিদের মধ্যে সহিংস ঘটনায় ৪১৮টি আদিবাসী ও ৫৭টি বাঙালি পরিবারের বাড়ি পুড়ে যায়। এতে গুচ্ছগ্রামের বুদ্ধপুদি চাকমা ও তিন দোজরী গ্রামের লক্ষ্মী বিজয় চাকমা মারা যান। আহত হন কমপক্ষে ৩০ জন আদিবাসী। সহিংসতার পর দুই হাজারের বেশি আদিবাসী ভিটেমাটি ফেলে জঙ্গলে আশ্রয় নেন। ৩০ বাঙালি পরিবারও আশ্রয়হীন হয়ে পড়ে। এ ঘটনায় আদিবাসী ও বাঙালিরা পাল্টাপাল্টি মামলা করে। আদিবাসীদের পক্ষে হত্যা মামলা করেন বুদ্ধপুদি চাকমার স্বামী উত্তম কুমার চাকমা। মামলায় ২৫ জন বাঙালিকে আসামি করা হয়। বাঙালিদের পক্ষে ১০ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক আদিবাসীকে আসামি করে অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেন বাঘাইহাটের মো. দেলোয়ার হোসেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নঈম উদ্দিন বলেন, বাঘাইহাটে সহিংস ঘটনায় আদিবাসী-বাঙালি উভয়ে মামলা করেছে। সেগুলোর তদন্ত চলছে।বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মো. আবদুল হাই বলেন, ‘ঘটনার পর থেকে আমরা ২৬ পরিবার এখানেই আছি। কাজ নেই, আয়-রোজগারও নেই। অনেকটা মানবেতর জীবনযাপন করছি। বাড়ি নির্মাণ করার মতো সাহায্য পাইনি।’ নুরুন্নাহার বেগম বলেন, ‘বিদ্যালয়ের একটি কক্ষে চার-পাঁচ পরিবারকে থাকতে হচ্ছে, বুঝতেই পারছেন কী কষ্টে আছি আমরা।’উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ হিসেবে ১১ হাজার ২০০ টাকা, তিন মাস ভিজিএফের চাল ও দুটি করে কম্বল দেওয়া হয়েছিল। ঘটনার পর তাৎক্ষণিকভাবে ত্রাণ হিসেবে চাল, ডাল, আলু, তেল, হাঁড়ি-পাতিল ও এক বান্ডিল টিন দেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, উপজেলার সবচেয়ে বড় বাঘাইহাট বাজারটি এখনো কার্যত বন্ধ রয়েছে। দুই শতাধিক দোকানে বেচাকেনা নেই। ব্যবসায়ীরা জানান, কোনো আদিবাসী বাজারে আসেন না। অনেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। বাঘাইহাট বাজার বন্ধ থাকায় উৎপাদিত পণ্য ঠিকমতো বিক্রি করতে পারছেন না বলে জানান শুভ্রা চাকমা। এদিকে, ক্ষতিগ্রস্ত অনেক আদিবাসী পরিবার মানবেতর জীবনযাপন করছে। গুচ্ছগ্রাম, হাজাছড়া, এমএসএফপাড়া, পূর্বপাড়া, সীমানাছড়া, চামিনিছড়া, ডানে ভাইবাছড়া, বামে ভাইবাছড়া ও রেতকাবাছড়া গ্রামে বাস করে বেশির ভাগ পরিবার। গঙ্গারাম মুখ এলাকার অজিত চাকমা বলেন, ‘১১ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছিলাম, কিন্তু ওই টাকা খরচ হয়ে গেছে। আমরা কোনো রকমে বেঁচে আছি, বাড়ি তৈরি করার সম্বল নেই। সামনের বর্ষায় কী হবে জানি না।’ নিরোধ কুমার চাকমা জানান তিনি পাহাড়ের ঝাড়ুফুল ও লাকড়ি বিক্রি করে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বাঘাইহাট বাজার কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলেও আদিবাসীরা বাজারে আসে না। আগে বাঙালিরা জঙ্গল থেকে বাঁশ ও লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করত। ঘটনার পর থেকে তা-ও বন্ধ। বাজার বলতে গেলে এখনো বন্ধ, তাই ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।ইউনিয়ন পরিষদের সদস্য নয়নরঞ্জন চাকমা বলেন, বাজার বন্ধ থাকায় উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছেন না স্থানীয় লোকজন। অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবার পর্যাপ্ত ক্ষতিপূরণ পায়নি। আদিবাসী পরিবারগুলো অভাব-অনটনের মধ্যে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, একটি মহল বাঘাইহাট বাজার বন্ধ রেখেছে। সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের সাহায্য অব্যাহত রয়েছে।