বাড়ি বদলে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ বছর আগে। মায়ের কপাল বেয়ে টপটপ ঘাম ঝরছে। তাঁকে সিঁড়ি বেয়ে আটতলা পর্যন্ত উঠতে হবে। গলা শুকিয়ে কাঠ। আমি তাঁর গর্ভে। নিজের অস্তিত্ব জানান দিচ্ছি প্রতিমুহূর্তে। আর মাত্র দুটো মাস বাকি। এই বিশাল শরীরটাকে টেনে নিয়ে মাকে আটতলায় যেতে হবে। সেখানে জামান সাহেব তাঁর জন্য অপেক্ষা করছেন। হাউস বিল্ডিংয়ের ঋণ পাওয়ার জন্য তিন-চার মাস ধরে চলছে অন্তহীন দৌড়াদৌড়ি। সরকারি অফিসের সব কাজই কেন যে এত ধীরগতিতে চলে? সকালবেলা তাড়াহুড়ো করে বের হতে গিয়ে পানির বোতলটা সঙ্গে করে আনতে ভুলে গেছেন। প্রচণ্ড পানির পিপাসা লাগছে। রিকশায় আসতে গিয়ে বার কয়েক ঝাঁকুনি লেগেছে। তলপেটের নিচটা কি অল্প অল্প ব্যথা করছে? যেটাই হোক, আজ তাঁকে জামান সাহেবের সঙ্গে দেখা করতেই হবে। মা যে তাঁর স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছেন। ইতিমধ্যে চারপাশে অনেক ঋণ হয়ে গেছে, তাতে কী? বাড়িটা হয়ে গেলে বাড়িভাড়া দিয়ে আস্তে আস্তে সব ঋণ শোধ করা যাবে, একটা পরিবার দাঁড়িয়ে যাবে। সব অভাব, সব কষ্ট দূর হয়ে যাবে। মা তাঁর শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে সিঁড়ির প্রথম ধাপে পা রাখলেন। তাঁর চোখ দুটো জ্বলজ্বল করছে, সেখানে আগামী দিনের স্বপ্নগুলো ভেসে বেড়াচ্ছে তখন।৩০ বছর পর।এই জনাকীর্ণ ঢাকা শহরে আমাদের বাড়িটাকে কিছুটা ব্যতিক্রম মনে হতে পারে। ব্যতিক্রম মনে হওয়ার কারণ, বাড়ির সামনে এক চিলতে উঠান, সেখানে আবার দুটি সুপারিগাছ, একটি পেয়ারাগাছ আর একটি আমগাছ দাঁড়িয়ে। বাড়ির পেছন দিকটায়ও কিছুটা জায়গা আছে। সেখানেও কিছু গাছগাছালি আছে। আমাদের বাড়িতে যাঁরাই আসেন, সবারই নাকি মনটা খুব ভালো হয়ে যায়। এত খোলামেলা চারপাশ, ঢাকা শহরে এমনটা আর কোথাও দেখা যায়? আমাদের নিচতলার সামনের বারান্দাটা বেশ চওড়া। ছোটবেলায় রাতে মাঝেমধ্যে যখন ইলেকট্রিসিটি চলে যেত, মা আমাদের নিয়ে সেই বারান্দায় শীতলপাটি বিছিয়ে বসতেন। আমি সব সময় মায়ের কোল ঘেঁষে বসতাম। চাঁদের আলোয় মায়ের হাসিমাখা মুখটা অপার্থিব মনে হতো। আজ সেই চওড়া বারান্দায় বেশ গুরুত্বপূর্ণ একটি সভা হবে। আমাদের যৌথ পরিবারের প্রায় প্রত্যেক সদস্যই সেখানে উপস্থিত। বাড়িটা ডেভেলপারকে দিয়ে দেওয়া হচ্ছে। পুরোনো বাড়ি ভেঙে উঠবে নতুন ঝকঝকে বাড়ি। একদিন আমার মা এই বাড়িটা করার স্বপ্ন নিয়ে, আমাকে পেটে নিয়ে ঋণের জন্য দৌড়েছিলেন এক অফিস থেকে আরেক অফিস, এক ডেস্ক থেকে আরেক ডেস্ক। পরে মায়ের কাছে সেই দিনগুলোর কত গল্প শুনেছি। মা অনেকটা তৃপ্তি নিয়েই সেই দিনগুলোর গল্প করতেন। গল্প শুনতে শুনতে দৃশ্যটা এখন আমি পরিষ্কার দেখতে পাই। আমি ঘরের এক কোণে বসে মায়ের সেই তৃপ্তিমাখা মুখখানি মনে করার চেষ্টা করছিলাম। বাবা আমাকে ডাক দিয়ে বললেন, ‘যা, তোর মাকে ডেকে নিয়ে আয়। সে কোথায় আছে? এখানে সবার সই করতে হবে।’ আমি জানি, মা কোথায় আছেন। আমি আস্তে আস্তে সেদিকে পা বাড়ালাম। মাকে পাওয়া গেল সেই জায়গাতেই, যেখানে আমাদের বাড়ির প্রথম ইট গাঁথা হয়েছিল। মা সেই দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। কে যেন আমার গলার ভেতর আস্ত একটি কমলালেবু ঢুকিয়ে দিয়েছে। আমার কথা বলতে এত কষ্ট হচ্ছে কেন? ঢোক গিলতে পারছি না। আমি আলতো করে মায়ের হাতটা স্পর্শ করলাম। ডাকলাম, ‘মা।’ মা আমার দিকে তাকালেন, নিষ্পলক। একদিনের সেই স্বপ্নে বিভোর উজ্জ্বল চোখের তারা দুটোর উজ্জ্বলতা যে কবে নিভে গেছে, খেয়াল করিনি। আজকে মায়ের নিষ্প্রভ চাহনির সামনে কেন যেন খুব সংকুচিত হয়ে গেলাম। মা আমার হাত ধরে আস্তে উঠে দাঁড়ালেন। যখন মাকে ধরে সামনের বারান্দার দিকে এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে এই পথটা বুঝি আর শেষ হবে না। শুধু তো এক রুম থেকে আরেক রুমে যাওয়া। তার পরও এই ছোট্ট পথটাকে সেই দিনের সেই আট তলায় ওঠার চেয়েও কি দীর্ঘ মনে হচ্ছে মায়ের কাছে?আজ তাঁর পা দুটো কি আরও বেশি ভারী মনে হচ্ছে? আমি সেই উত্তর খোঁজার চেষ্টা করছি না। আমি সেই উত্তর জানতেও চাই না।সারাহ্ ইসলামধানমন্ডি, ঢাকা