বাড়ি যাবেন,বাড়ি?

যাঁরা এত দিনে ভিড় আর ধাক্কাধাক্কিপর্ব পেরিয়ে বাসের টিকিট পেয়েছেন, তাঁরা বাসে চাপার আগে কিনে নিন একটা করে হেলমেট। দেশজুড়ে রাস্তাঘাট যেভাবে গর্তে ভরা তাতে বাড়ি পর্যন্ত যেতে যেতে মাথা অক্ষত রাখার ক্ষেত্রে এর বিকল্প নেই!
কিন্তু যাঁরা বাসের টিকিট পাননি তাঁরা হাত বা পায়ে একটা প্লাস্টার করে বের হন। কোনো না কোনো হৃদয়বান ব্যক্তি সদয় হয়ে আপনাকে বাসে তুলবেই! একবার বাসে উঠতে পারলে সিট না পেলে হিটস্ট্রোক হয়েছে এমন ভাব করুন, কেউ না কেউ উঠে ঠিকই বসতে দেবে!
যাঁরা ট্রেনের টিকিট পাওয়ার মতো ভাগ্যবান, এবার তাঁরা ট্রেনে ওঠার সময় কমপক্ষে এক দিনের অতিরিক্ত ইফতার ও সেহ্রি নিয়ে উঠুন।
কিন্তু যাঁরা ট্রেনের টিকিট পাননি তাঁরা টিকিট ছাড়াই উঠে পড়ুন। তারপর ট্রেনে পত্রিকা বা ম্যাগাজিন বিক্রি করতে করতে বাড়ি চলে যান। হকারদের টিকিট কাটতে দেখেছেন কখনো?
যাঁরা লঞ্চে যাবেন, নিশ্চিতভাবেই ধরে নিন আপনি অতিরিক্ত যাত্রী হিসেবে যাচ্ছেন। বাড়তি নিরাপত্তার জন্য জামাকাপড় ছেড়ে লাইফ জ্যাকেট পরে থাকুন।
কিন্তু যাঁরা লঞ্চের টিকিটও পাননি তাঁরা কয়েকজন মিলে নৌকা কিনে ফেলুন। কিংবা সরকারি দলের প্রতীক হিসেবে সরকারের কাছ থেকে একটি নৌকা বরাদ্দের দাবি করতে পারেন। তারপর সেই নৌকা যেকোনো লঞ্চে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলুন। লঞ্চ কোনো কারণে ডুবতে শুরু করলে দ্রুত দড়ি কেটে ফেলার জন্য সঙ্গে ধারালো একটা ছুরি রাখুন!
ওপরের কোনোটাই না পারলে পরিবেশবান্ধব স্লোগান নিয়ে সাইকেলে রওনা দিন। এক এই মাধ্যমেই যানজটমুক্ত পথে যথাসময়ে পৌঁছে
যাবেন গন্তব্যে!
তা–ও সম্ভব না হলে ঈদের দিন খুব সকালে রওনা দিন। এখন সবাই খালি মাঠে গোল দেয়, আপনি দিলে দোষ কী?