বাড়ি সাজানোর নানা সামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন তৈরি বাড়ি বা ফ্ল্যাটের জন্য বাথরুম, রান্নাঘর এবং সৌন্দর্যবর্ধনের সরঞ্জাম নিয়ে এল তিলোত্তমা ডিজাইন স্টুডিও। সম্প্রতি ঢাকার গুলশানের ১৩৮ নম্বর সড়কের ৮/এ নম্বর বাড়িতে উদ্বোধন করা হয় এই স্টুডিওর। উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেট মিরজাল জয়নুদ্দিনসহ দেশি-বিদেশি আরও অনেক অতিথি। তিলোত্তমায় ঢোকার মুখেই বিভিন্ন ডিজাইনের দরজার হাতল সাজানো। পছন্দ করে নিতে পারবেন নিজের বাড়ির দরজা, জানালা কিংবা ফার্নিচারের হাতল। ঢুকে ডান দিকে গেলেই বিভিন্ন ডিজাইনের কিচেন ক্যাবিনেট। জায়গার সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি নান্দনিকতার ছোঁয়াও আছে এখানে। বাঁ দিকে টয়লেট ফিটিংস-সামগ্রী। আছে অটোমেটিক কমোড, বেসিন, বিভিন্ন ধরনের পানির কল। শুধু কাজের জন্য নয়, এগুলোর সৌন্দর্যও দেখার মতো। কাচ দিয়ে ঘিরে বানানো হয়েছে শাওয়ার কেবিনেট। কোথাও তৈরি করে রাখা হয়েছে বাথরুম; ওপরে লেখা ‘নট ফর ইউস’। শুধু গৃহস্থালি নয়, বিভিন্ন দোকান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্যও আছে টয়লেট সলিউশন। পুরোদস্তুর ফাইভ স্টার হোটেলরুম বানিয়ে রাখা হয়েছে এক প্রান্তে। সোফা, চেয়ারের পাশাপাশি হরেক রকমের আলোর পসরা যেন এখানটায়। তিলোত্তমার স্যানিটারি-সামগ্রী সরবরাহ করছে জাপানের টো টো কোম্পানি। হার্ডওয়্যার সরবরাহ করছে জার্মানির হাফেল; লাইট আসছে চীনের এনভিসি থেকে। তিলোত্তমার সঙ্গে আরও আছে রেমার্স এবং বিদেশি বিভিন্ন টাইলস কোম্পানি। তিলোত্তমা ডিজাইন স্টুডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ বললেন, ‘ঘর হচ্ছে মানুষের হূদয়, আর বাথরুম সেই হূদয়ের নির্জনবাস। মানুষের একান্ত নিজস্ব এই জায়গাগুলোকে আমরা স্বপ্নের মতো করে সাজিয়ে দিতে চাই।’ এখানে বিভিন্ন ধরনের ফিটিংসের পাশাপাশি পেশাদার স্থপতি আছেন। ক্রেতা চাইলে তাঁদের দিয়ে নকশা করিয়ে নিতে পারবেন নিজের চাহিদামতো।