আমরা সদ্য এসএসসি পাস করেছি তখন। খুব বড় হয়ে গেছি এমন একটা ভাব নিয়ে ঘুরে বেড়াতে লাগলাম। স্কুলে পড়া ছেলেগুলোর দিকে বড় ভাইসুলভ দৃষ্টি নিয়ে তাকাই। জোর করে বড় হওয়ার জন্য যা যা করা উচিত, সবকিছু নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছি। বাড়ির পাশেই ছিল পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ। কিছুদিন পড়ার পর মনে হলো, না এখানে আর হচ্ছে না। এর মধ্যে বন্ধুরাও পাড়ি দিয়েছে অন্যান্য কলেজে। শেষে অনেক দেনদরবার করে আরও কয়েক বন্ধু মিলে ভর্তি হলাম বরিশালের অমৃতলাল দে কলেজে। অবাধ স্বাধীনতা তখন আমাদের। মনে যা আসে তাই করে ফেলি। কেউ কিছুই জিজ্ঞেস করে না। শুধু আমাদের ওপর খবরদারি করতেন গাজী সালাউদ্দীন, আমাদের বাড়িওয়ালা তিনি। দুই দিন অন্তর সরেজমিনে আসতেন। তাঁর নির্দেশগুলো আমাদের মনে আছে কি না, পরীক্ষার মতো করে ঝালাই করে নিতেন। আমরাও আমাদের যত রকম উদ্ভাবনী ক্ষমতা আছে সব প্রয়োগ করতাম বাড়িওয়ালার ওপর। হিটার চলানো সম্পূর্ণ নিষেধ ছিল। আমরা তার পরও ঘরে হিটার আমদানি করলাম। মাসের শেষে বাড়িওয়ালার বিরাট অঙ্কের বিল এল। তিনি জিজ্ঞেস করতে এলেন ঘটনা কী। এতে আমাদের কোনো হাত আছে কি না। আমরা ভালো মানুষের মতো মুখ করে সম্পূর্ণ অস্বীকার করলাম। কিন্তু তিনি তক্কে তক্কে থাকলেন। পুরো গোয়েন্দা কায়দায় এক সকালে হাতেনাতে ধরে ফেললেন আমাদের। তারপর সিডর ঝড় বয়ে গেল আমাদের ওপর দিয়ে। একসময় ঝড় থেমে গেল। আবার আমাদের মধ্যে টম অ্যান্ড জেরির খেলা চলতে লাগল। এর মধ্যে তিনি আমাদের ট্রান্সফার করে ছয় তলার ছাদের ঘরে পাঠিয়ে দিলেন। ছাদভর্তি কবুতর। শত শত কুবতর তাঁর। তিনি খুব করে বলে দিলেন আমরা যেন তাঁর কবুতরগুলো একটু দেখেশুনে রাখি। আমরা দেখেশুনে রাখতে লাগলাম। একসময় কবুতরগুলো এত ভালো লাগতে শুরু করল যে, প্রতিদিন কবুতরের মাংস খেতে শুরু করলাম। বিভিন্ন রকম সে খাওয়া। একদিন খিচুড়ির সঙ্গে কবুতর খাই তো অন্য দিন রুটির সঙ্গে। আবার একদিন ঝালফ্রাই হলে অন্যদিন রোস্ট। রান্না করার খালাও আমাদের সঙ্গে যোগ দিলেন। কত ভাবে কত রকম করে কবুতরের মাংস খাওয়া যায় তিনি মোটামুটি একটা গবেষণা করে ফেললেন। মাঝেমধ্যে আমরা কবুতরের পালক ফেলে রাখি ছাদজুড়ে। বাড়িওয়ালাকে ডেকে এনে আবার দেখাই। বাড়িওয়ালা বিরস মুখে ছাদে হাঁটাহাঁটি করেন আর বিড়বিড় করে বলেন, বেজিগুলোর কারবারটা দেখছ, সব তো খেয়ে ফেলল। আমরাও বাড়িওয়ালার সঙ্গে গলা মিলিয়ে মুখ খারাপ করে বেজিগুলোকে গালাগাল দিই। সেই ২০০৪ সালে এইচএসসি পাস করে আমরা বরিশাল ছেড়ে আসি। বন্ধুরা একেক জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে পড়েছি এখন। কাজের শেষে যখন একলা হই বন্ধুদের মুখগুলো খুব মনে পড়ে। শুভ্রজিৎ হালদারপিরোজপুর