বাড়িতে অতিথি এসেছে। মা খাবার তৈরি করছেন তাদের জন্য। ১২ বছর বয়সের ছেলেকে বললেন, ‘যাও, চাচা-চাচিদের সঙ্গে বসে একটু গল্প করো।’ কিন্তু কে শোনে কার কথা। মায়ের কথাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ছেলে সটান চলে গেল তার ঘরে। সে নাহয় গেল। খানিক বাদে মা যখন আবার ছেলেকে ডাকলেন, এসো একটু তাদের সামনে। ছেলে এলেও মুখটা নিচু করে বসে থাকল। মায়ের মুঠোফোনে গেমস খেলতে লাগল। এমন দৃশ্য অনেক বাড়িতেই এখন দেখা যায়। কোনো কোনো শিশু-কিশোর রয়েছে, যারা এমনিতে সপ্রতিভ। নিজের পরিমণ্ডলে বাবা-মা বা কাছের মানুষের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছে কিন্তু অচেনা বা স্বল্প পরিচিত কারও সামনে বিশেষত বাড়িতে বেড়াতে আসা অতিথির সামনে একেবারে মুখে কুলুপ এঁটে রাখে। অতিথির সঙ্গে কথা বলা তো দূরের কথা, সোজা নিজের ঘরে গিয়ে বসে থাকে। কখনোবা নিজের ঘরের দরজা আটকে রাখে। বাবা-মা ডাকতে ডাকতে হয়রান কিন্তু সে সহজে অতিথির সামনে আসে না, এলেও নিজে থেকে কোনো কথা বলে না, কোনো প্রশ্নের উত্তর দেয় না। এটি শিশু-কিশোরদের সামাজিক বিকাশজনিত সমস্যা, যাকে বলা যায় সামাজিক ভীতি বা সোশ্যালফোবিয়া। শিশু অবস্থায় এ সমস্যাকে ততটা প্রকট মনে না করলেও বয়ঃসন্ধিকালের কিশোর-কিশোরীদের এ ধরনের আচরণে বাবা-মা বিব্রত হন আর কখনো অতিথি নিজেই বিরক্তবোধ করতে পারেন।শিশু-কিশোরদের মধ্যে এ সামাজিক বিকাশজনিত সমস্যা যেসব কারণে হতে পারে তা হলো বেড়ে ওঠার বয়সে বাবা-মায়েরা যদি অতিরিক্ত খবরদারি করেন, শিশুকে স্বাধীনভাবে কোনো কাজ করার সুযোগ না দেন সামাজিক অনুষ্ঠানে শিশুকে অংশগ্রহণের সুযোগ না দেওয়া সমবয়সীদের সঙ্গে মিশতে না দেওয়া শিশুর যেকোনো আচরণের জন্য তাকে প্রতিনিয়ত ব্যঙ্গ করা, টিটকারি দেওয়া বা শাসন করা শিশুর সব কাজের সমালোচনা করা শিশু যদি কারও দ্বারা শারীরিক বা যৌন নিপীড়নের শিকার হয়ে থাকে শিশুর মধ্যে যদি অতি উৎকণ্ঠা, অটিজম বা এ ধরনের কোনো সমস্যা থাকেসামাজিক ভীতির কারণে ভবিষ্যতে শিশু-কিশোরদের জীবনযাত্রার মান কমে যায় এবং লেখাপড়া, কর্মজীবন সবখানে নেতিবাচক প্রভাব পড়ে। বাবা-মায়েদের আচরণের পরিবর্তনের মধ্য দিয়ে সোশ্যালফোবিয়া অনেকাংশে কাটিয়ে উঠতে পারে বেশির ভাগ শিশু। বাবা-মায়েদের করণীয় শিশুকে বেশি বেশি মানুষের সামনে নিয়ে যান। সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, জন্মদিন, জাতীয় দিবস, মেলা ইত্যাদি) তার অংশগ্রহণ নিশ্চিত করুন। বাইরের মানুষের সামনে এমনকি পরিবারের সদস্যদের সামনেও শিশুর সমালোচনা করবেন না। তার ভুল-ত্রুটি নিয়ে বিদ্রূপ করবেন না। এতে শিশু বিব্রতবোধ করতে পারে। এ ঘটনার ফলে তার মনের মধ্যে জেদ কাজ করতে পারে। সে যদি কোনো অতিথিকে এড়িয়ে চলতে চায় তবে তৎক্ষণাৎ তাকে জোর করবেন না, বরং পরে তার কাছ থেকে কারণ জানার চেষ্টা করুন। তাকে ছোট থেকেই শেখান বাড়িতে অতিথি এলে তাদের সাদরে সম্ভাষণ জানানো। বসতে দেওয়া, ফ্যান ছেড়ে দেওয়া, তাদের পানি বা অন্য কিছু প্রয়োজন কি না জিজ্ঞাসা করা। মা-বাবার অনুপস্থিতিতে কেউ ফোন করলে কল ধরে প্রয়োজনীয় তথ্য থাকলে সেটি কাগজে লিখে রাখা। এসব শেখালে শিশু দায়িত্বশীল হবে। এসব যে আদবকেতার অংশ, তা শিশুকে গল্পচ্ছলে বোঝাতে হবে। তার ভালো বন্ধুদের স্বাগত জানান, তাদের সঙ্গে যথাসম্ভব পরিচিত হোন। শিশুকে বাজারে বা শপিংয়ে নিয়ে যান। তাকে পছন্দ করার সুযোগ দিন, কেনাকাটার পর তার মাধ্যমে মূল্য পরিশোধ করুন। রেস্তোরাঁয় খেতে গেলে শিশু-কিশোরকে তাদের পছন্দমতো মেনু বাছাই করার সুযোগ দিন, আপনার পছন্দের মেনু তাদের ওপর চাপাবেন না। আপনার পারিবারিক অতিথিদের সঙ্গে সন্তানদের পরিচয় করিয়ে দিন। শিশুদের ভয়ের গল্প বলে, ভয় দেখিয়ে খাওয়াবেন না, ঘুম পাড়াবেন না। শিশুর সাহসী কাজের প্রশংসা করুন। শিশুর শখকে উৎসাহিত করার চেষ্টা করুন। লেখক: মনোরোগ চিকিৎসক