বাড়িতে খাবার পৌঁছে দেবে রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মানুষের জীবনকে নানাভাবে বদলে দিচ্ছে রোবট। সহায়তা করছে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কলকারখানার ঝুঁকিপূর্ণ ও কঠোর পরিশ্রমের কাজে। এমনকি যুদ্ধক্ষেত্রেও মানুষের জায়গা নিয়ে নিচ্ছে এই ‘যন্ত্রমানব’।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত পিৎজা সরবরাহকারী প্রতিষ্ঠান ডোমিনোস এবার ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছে। তারা নিউজিল্যান্ডে পরীক্ষামূলকভাবে বাড়িতে পিৎজা সরবরাহ করার কাজে রোবট ব্যবহার করতে যাচ্ছে। উদ্যোক্তারা বলছেন, বিশ্বে এ ধরনের ঘটনা হবে এটিই প্রথম। নিউজিল্যান্ড সরকারও এই উদ্যোগে সমর্থন জোগাচ্ছে।
ডোমিনোস কর্তৃপক্ষ খাবার পৌঁছানোর কাজে যে রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করবে, তাতে চারটি চাকা লাগানো। উচ্চতা তিন ফুটেরও কম। এর ভেতরে খাবার গরম রাখার যেটুকু জায়গা রয়েছে, তাতে ১০টি পিৎজা ধরে। রোবটটির সঙ্গেই যুক্ত রয়েছে এর শক্তির আধার বা ব্যাটারি। আর চলার পথে বিভিন্ন বাধা এড়ানোর জন্য এটির রয়েছে বেশ কিছু সেন্সর বা সংবেদী যন্ত্র। ডোমিনোস বলছে, তাদের কোনো দোকানের ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পিৎজা পৌঁছে দিতে পারবে এই রোবট। এরপর তাকে আবার ফিরে এসে ব্যাটারি চার্জ করে নিতে হবে।
ক্রেতারা পিৎজার ফরমাশ দেওয়ার সময় একটি কোড পাবেন। রোবটের যে প্রকোষ্ঠের মধ্যে খাবার রাখা থাকে, সেটি খোলার জন্য নির্দিষ্ট বোতামে ওই কোড নম্বর চাপতে হবে। ডোমিনোসের নিউজিল্যান্ড শাখার মহাব্যবস্থাপক স্কট বুশ বলেন, তাঁদের রোবটগুলো চমৎকার কাজের সামর্থ্য রাখে। ফলে একদিন তারা ডোমিনোস পরিবারের অবিচ্ছেদ্য অংশে পরিণত হবে বলে সবাই আশাবাদী।
ডোমিনোসের রোবটগুলোর খাবার পৌঁছানোর পরীক্ষার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। নিউজিল্যান্ডের পরিবহনমন্ত্রী সাইমন ব্রিজেস বলেন, সরকার এ বিষয়ে ডোমিনোসের সঙ্গে কাজ করছে। ফুটপাথ ও মূল সড়কে চালকবিহীন যানবাহন চালনার বিষয়ে সরকার কিছু নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে।